ETV Bharat / state

কার্শিয়াংয়ে চা-বাগানে সঙ্গিনীর অধিকার নিয়ে দুই দাঁতাল হাতির লড়াই

মঙ্গলবারের ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে কার্শিয়াংয়ের দুধিয়ার লংভিউ চা-বাগানে । পরিস্থিতির দিকে নজর রাখছে বন দফতর ৷

TWO TUSKERS CLASH
সঙ্গিনীর অধিকার নিয়ে দুই দাঁতাল হাতির লড়াই (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : September 1, 2026 at 4:45 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কার্শিয়াং (দার্জিলিং), 1 সেপ্টেম্বর: সঙ্গিনীর অধিকার এবং দলের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই দাঁতাল হাতির তুমুল লড়াইয়ে উত্তপ্ত হয়ে উঠল কার্শিয়াংয়ের দুধিয়ার 34 নম্বর এলাকা সংলগ্ন লংভিউ চা-বাগান । ঘটনার খবর চাউর হতেই চা-বাগান কর্মী থেকে শুরু করে আশেপাশের বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্কের পরিবেশ তৈরি হয় । খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছান বন দফতরের পানিঘাটা রেঞ্জের আধিকারিক ও কর্মীরা । তাঁরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পাশাপাশি হাতি দু’টির ওপর কড়া নজরদারি শুরু করেন ।

বন দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার লংভিউ চা-বাগানে আচমকা দু’টি বিশাল আকারের পূর্ণবয়স্ক হাতি মুখোমুখি চলে আসে । কিছু বুঝে ওঠার আগেই দু’টি শক্তিশালী পুরুষ হাতির মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায় । চা-বাগানের প্রকাণ্ড এলাকা জুড়ে দীর্ঘক্ষণ ধরে চলে এই লড়াই । দুই হাতির গর্জনে কেঁপে ওঠে আশপাশের এলাকা । সাধারণত প্রজনন মরসুমে সঙ্গিনী লাভ কিংবা নিজের অঞ্চলের ওপর একচ্ছত্র প্রভাব বজায় রাখতেই বুনো পুরুষ হাতিদের মধ্যে এই ধরনের হিংস্র লড়াই বাঁধে বলে বনাধিকারিকদের অভিমত ।

কার্শিয়াংয়ে চা-বাগানে সঙ্গিনীর অধিকার নিয়ে দুই দাঁতাল হাতির লড়াই (ইটিভি ভারত)

সাম্প্রতিক সময়ে টুকরিঝাড় রেঞ্জেও একইভাবে সঙ্গিনীকে কেন্দ্র করে দু’টি পুরুষ হাতির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছিল ৷ ওই ঘটনায় একটি হাতি গুরুতর আহত হয় । ফলে লংভিউ চা-বাগানের এই লড়াইয়ের খবর পাওয়া মাত্রই বনকর্মীরা আর কোনও ঝুঁকি নেননি । তাঁরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ৷

তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, সংঘর্ষের পর দু’টি হাতি বর্তমানে দু’দিকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে । লড়াইয়ের ময়দান ছেড়ে একটি হাতি আশ্রয় নিয়েছে বাগডোগরা রেঞ্জের জঙ্গল এলাকায় এবং অন্য হাতিটি চলে গিয়েছে বামনপোখরির গভীর জঙ্গলে । আপাতত দু’টি হাতি পৃথক এলাকায় অবস্থান করায় চা-বাগান ও সংলগ্ন অঞ্চলের বড়সড় কোনও ক্ষয়ক্ষতির আশঙ্কা কমেছে ৷ তবে হাতির উপস্থিতি ঘিরে বন দফতরের দুশ্চিন্তা কমেনি ।

বন দফতরের আধিকারিকদের আশঙ্কা, ফের এই দু’টি হাতির মধ্যে লড়াই শুরু হয়ে যেতে পারে ৷ সেই কারণে দু’টি রেঞ্জের বনকর্মীরাই নিজ নিজ এলাকায় হাতি দু’টির গতিবিধির ওপর 24 ঘণ্টা কড়া নজরদারি চালিয়ে যাচ্ছেন । কার্শিয়াংয়ের ডিএফও দেবেশ পাণ্ডে জানান, কোনও হাতি আঘাতপ্রাপ্ত হয়েছে কি না এবং লোকালয়ে ঢুকে নতুন করে কোনও বিপত্তি তৈরি করতে পারে কি না, তা পর্যবেক্ষণ করা হচ্ছে ৷

আরও পড়ুন -

  1. কার্শিয়াং মডেলের অভূতপূর্ব সাফল্য, হাতি-মানুষ সংঘাত রুখতে রাজ্যজুড়ে প্রযুক্তির 'স্মার্ট ওয়াচ'
  2. বিশ্ব হাতি দিবসে ভয়ংকর তথ্য ! রুদ্ধ করিডোর-বাড়ছে সংঘাত, উত্তরবঙ্গের জঙ্গলে গভীর সংকট
  3. হাতি দিবসে ওরাই সেলিব্রিটি ! স্নান করিয়ে পুজো দিলেন বনমন্ত্রী, এলাহি ভোজ কুনকিদের