ভোটের আবহে ছাত্র-সংঘর্যে উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয়, আহত 2 অধ্যাপক
আইসিসি নির্বাচন ঘিরে ফের উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর ৷ দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্য ৷ মধ্যস্থতা করতে গিয়ে জখম হয়েছেন দুই অধ্যাপক ৷

Published : February 21, 2026 at 7:13 AM IST
কলকাতা, 21 ফেব্রুয়ারি: ছাত্র সংঘর্ষের জেরে নতুন করে উত্তপ্ত যাদবপুর বিশ্ববিদ্যালয় ৷ আইসিসি (ইন্টারনাল কমপ্লেইন্টস কমিটি) নির্বাচনের আবহে ক্যাম্পেনিংকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর ৷ দুই ছাত্র সংগঠনের সংঘর্ষের মধ্যে পড়ে জখম হলেন দুই অধ্যাপক ৷ আহত হয়েছেন অন্তত ছ’জন পড়ুয়াও ৷ ঘটনাকে ঘিরে অধ্যাপক মহল ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে ৷
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরেই আইসিসি নির্বাচনকে ঘিরে ছাত্র সংগঠনগুলির মধ্যে চাপানউতর চলছিল। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের প্রস্তুতি বৈঠকে অংশ নিয়েছিলেন শিক্ষক ও পড়ুয়ারা। বৈঠক শেষ হওয়ার কিছুক্ষণ পর সায়েন্স আর্টস মোড়ের কাছে দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে প্রথমে বচসা, পরে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে ৷
সেই সময় ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন দুই অধ্যাপক রাজ্যেশ্বর সিংহ ও ললিত মাধব। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন তাঁরা ৷ অভিযোগ, মধ্যস্থতা করতে গিয়েই হামলার শিকার হন দুই অধ্যাপকই ৷ গুরুতর আহত অবস্থায় তাঁদের দ্রুত নিকটবর্তী এক হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ ললিত মাধবকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও রাজ্যেশ্বর সিংহের আঘাত তুলনামূলক বেশি ৷ তাঁর চোখে ঘুষি মারা হয়েছে, চশমার কাচ ভেঙে নাকেও চোট লেগেছে ৷ তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে ৷
অধ্যাপক রাজ্যেশ্বর সিংহ জানান, দুই ছাত্র সংগঠনের সদস্যদের মধ্যে গোলমাল চলছিল ৷ ওই পথ দিয়ে যাওয়ার সময় অপ্রীতিকর ঘটনা এড়াতে তিনি এগিয়ে যান। তাঁর দাবি, বিবাদমান দুই ছাত্র দলের কেউ নয়, বাইরে থেকে আসা এক ব্যক্তি আচমকা তাঁকে আঘাত করেন ৷ পরে ওই ছাত্ররাই তাঁকে প্রাথমিকভাবে সাহায্য করে হাসপাতালে পাঠান।
ঘটনা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, "ছাত্রদের স্বার্থে এগিয়ে গিয়ে শিক্ষকদের আক্রান্ত হওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক এবং এমন ঘটনা বিরল।" সন্ধ্যা পর্যন্ত পুলিশে কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতিকে ঘিরে উত্তেজনার ঘটনা নতুন নয় ৷ তবে শিক্ষকদের ওপর হামলার ঘটনাকে নজিরবিহীন বলেই মনে করছে শিক্ষকমহলের একাংশ। ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে উত্তেজনা রয়েছে ৷
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, অভ্যন্তরীণ অভিযোগ কমিটি বা আইসিসি নির্বাচন ঘিরে গত কয়েক দিন ধরেই উত্তাল যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্বর ৷ ‘উই দ্য ইন্ডিপেন্ডেন্ট’ (ডব্লিউটিআই) এবং এসএফআইয়ের মধ্যে আইসিসি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধ চলছিল ৷ এসএফআইয়ের অভিযোগ, প্রথম বর্ষের পড়ুয়াদের নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে তাঁদের হুমকি দেওয়া হয়। উত্তেজনার জেরেই সংঘর্ষের ঘটনা ঘটে ৷ যদিও ডব্লিউটিআইয়ের তরফে এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

