ডিম ছোড়ার নেপথ্যে বড় চক্রান্ত? কালীঘাট-কাণ্ডে মমতার 'নিরাপত্তা' নিয়ে প্রশ্ন কুণালের
ডিম-কাণ্ডে পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে । তবে কুণালের অভিযোগ, ধৃতদের বিরুদ্ধে 'লঘু ধারা' প্রয়োগ করে দ্রুত জামিন পাইয়ে দেওয়ার চেষ্টা হতে পারে ।

Published : June 16, 2026 at 2:08 PM IST
কলকাতা, 16 জুন: কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র তথা বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় নতুন রাজনৈতিক বিতর্ক দানা বাঁধল । ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ । কিন্তু গ্রেফতারির পরেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কুণাল । তাঁর অভিযোগ, ধৃতদের বিরুদ্ধে 'লঘু ধারা' প্রয়োগ করে দ্রুত জামিন পাইয়ে দেওয়ার চেষ্টা হতে পারে ।
মঙ্গলবার সমাজমাধ্যমে করা এক পোস্টে কুণাল লেখেন, 'আশঙ্কার বিষয়, পুলিশ লঘু ধারা দিয়ে আজই জামিন করিয়ে দেবে । থানাকে বলেছি, ওসব চলবে না ।' একই সঙ্গে তিনি দাবি করেন, এই ঘটনায় শুধু তাঁর উপর হামলার বিষয় নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়েও গুরুতর প্রশ্ন উঠছে ।

সোমবার সন্ধ্যায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দলের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে যাচ্ছিলেন কুণাল । অভিযোগ, সেই সময় আচমকাই তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয় । ডিম গিয়ে লাগে তাঁর মাথা ও পিঠে । ঘটনার পরেই ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, "এটা রাজনৈতিক প্রতিবাদ নয়, নিছক অসভ্যতা ও বাঁদরামি ।"

এর পরেই সামনে আসে আরও বিস্ফোরক অভিযোগ । কুণালের দাবি, যাদের গ্রেফতার করা হয়েছে, তাদের মধ্যে অন্তত একজন আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডি তল্লাশির সময় পুলিশের সাক্ষী ছিলেন । সেই সূত্র ধরেই কুণাল প্রশ্ন তোলেন, "তাহলে কি ওই বাড়িকে ঘিরে হামলার রেইকি করানো হয়েছিল ?"
গতকালের ডিম বীরত্বে দুই ডিমবিপ্লবী চন্দন সিং, রবি কয়াল গ্রেপ্তার বলে খবর পেয়েছি। থানায় ফোন করেছিলাম, তাঁরাও বললেন গ্রেপ্তার।
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 16, 2026
আশঙ্কার বিষয় পুলিশ লঘু ধারা দিয়ে আজই জামিন করিয়ে দেবে। থানাকে বলেছি, ওসব চলবে না।
সিআইডির তল্লাশিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সাক্ষী হিসেবে…
ডিম ছোঁড়া জা.. নো.. য়ারটার বিরুদ্ধে কালীঘাট থানায় FIR করলাম। রাত 11: 15তে। একা এসেছি। ওই কটা ছেলে জড়ো হয়ে আবার অসভ্যতা করতে এসেছিল। সে যাক, বিকেলের বাঁ.. দরটাকে গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। pic.twitter.com/TerFMyFjzt
— Kunal Ghosh (@KunalGhoshAgain) June 15, 2026
সোমবার রাতেই এক্স হ্যান্ডলে তিনি লেখেন, "শুনলাম ডিমছোঁড়া বাঁদরটা নাকি মমতাদির বাড়ি সিআইডি রেডের সময় পুলিশের উইটনেস ছিল । সিজার লিস্টেও নাকি ওরই সই । তাহলে কি ওই বাড়িকে ঘিরে হামলার রেইকি করানো হয়েছিল ? Z ক্যাটাগরির নিরাপত্তার প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়ি ঘিরে এসব কী ?"
ঘটনার পর কালীঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন কুণাল । সেই অভিযোগের ভিত্তিতেই মঙ্গলবার পুলিশ চন্দন কয়াল ও রবি কয়াল নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করে ।
ফেসবুকে করা দীর্ঘ পোস্টে কুণাল ঘটনার বর্ণনা দিয়ে লেখেন, "মিডিয়ার অনুরোধে নিরস্ত্র ও নিরাপত্তাহীন অবস্থায় একা দাঁড়িয়েছিলাম । ক্যামেরার দিকে তাকিয়ে থাকার সুযোগে ডিম ছুড়ে পালিয়েছে । পুলিশ তখন কার্যত দর্শকের ভূমিকায় ছিল ।" তবে এই ঘটনায় তিনি ভীত নন বলেও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল নেতা। তাঁর কথায়, "আমি রাতে একাই থানায় গিয়েছি । এ ধরনের ঘটনায় ভয় পাই না ।"
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও ব্যক্তিগত আক্রমণের রাজনীতি তিনি সমর্থন করেন না বলেও জানিয়েছেন কুণাল । যদিও গোটা ঘটনার মাঝেও নিজের স্বভাবসুলভ কটাক্ষের সুর বজায় রেখেছেন । সমাজমাধ্যমে তাঁর সংক্ষিপ্ত মন্তব্য, " আমি ডিম ভালোবাসি !"
তবে রাজনৈতিক মহলের একাংশের মতে, ডিম-কাণ্ডকে ঘিরে এখন আর বিতর্ক শুধু কুণাল ঘোষকে কেন্দ্র করে নেই । প্রাক্তন মুখ্যমন্ত্রীর নিরাপত্তা, পুলিশের ভূমিকা এবং ঘটনার নেপথ্যে কোনও বড় পরিকল্পনা ছিল কি না- সেই প্রশ্নই ক্রমশ সামনে চলে আসছে । এখন দেখার, পুলিশের তদন্তে কী উঠে আসে বা আগামিদিনে এ ব্যাপারে কুণাল ঘোষ বা মমতা বন্দ্যোপাধ্য়ায় কোনও পদক্ষেপ করেন কিনা ৷

