দার্জিলিংয়ে নেপালি গ্রাম টুকরে ভিলেজ, অফবিট ডেস্টিনেশনের সেরা ঠিকানা এই পাহাড়ি গ্রাম
শীত পড়েছে, ডাকছে পাহাড় ৷ শহরের ব্যস্ততা আর কুয়াশায় ঢাকা সকাল ফেলে একটু দূরে বেরিয়ে পড়তে কার না মন চায় !

Published : November 20, 2025 at 3:46 PM IST
দার্জিলিং, 20 নভেম্বর: ভ্রমণপিপাসু বাঙালি ৷ শীত পড়তেই বাঙালির মন কেমন যেন ছুটে বেড়ায় ৷ আর ঠান্ডার সময় ঘন কুয়াশায় মোড়া পাহাড়ে বেড়াতে কে না-চায় ! শৈলরানি দার্জিলিংয়ে পর্যটকদের জন্য রয়েছে অফবিট ডেস্টিনেশনের খাজানা ৷ আর অফবিট ডেস্টিনেশনই এখন পর্যটকদের বেড়ানোর 'ফাস্ট চয়েজ'।
প্রত্যেকেই চান শহুরে কোলাহল থেকে ক'টা দিন প্রকৃতির কাছে নিরিবিলিতে কাটাতে ৷ সিটং, ম্যাল, মিরিক, কার্শিয়াং, বিজনবাড়ির অনেক অফবিট ডেস্টিনেশন তো রয়েছে ৷ এবার পর্যটকদের জন্য এমনই নৈসর্গিক সৌন্দর্যে ভরা এক অফবিট ডেস্টিনেশন তুলে ধরছি, যা সাধারণ পরিবার তো বটেই, হানিমুন কাপলদের জন্য এককথায় অপূর্ব এই অফবিট ডেস্টিনেশন ।

দার্জিলিং পাহাড়ে অবস্থিত একটি নেপালি গ্রাম টুকরে ভিলেজ ৷ শিলিগুড়ি থেকে ওই গ্ৰামের দূরত্ব প্রায় 70 কিমি । যা এক কথায় প্রকৃতিপ্রেমীদের স্বর্গরাজ্য । দার্জিলিং তো সবাই যায়, কিন্তু স্বর্গের নাগাল ক'জন পায়। পাহাড়ের স্বর্গদৃশ্য পেতে হলে যেতেই হবে ওই অফবিট সুন্দর গ্রামটিতে । লাইন দিয়ে থাকা পাইন বনের মাঝ দিয়ে দু'পাশ সাজানো খাড়া রাস্তা, মেঘ মেশানো সৌন্দর্যতার এক বিচিত্র মেলবন্ধন দেখা মিলবে এখানে ৷ আর ররংবাহাড়ি পাখির আনাগোনা ও তাদের কলতানে মুখরিত হয় ছোট্ট অনবদ্য গ্রাম।

সব মিলিয়ে সুন্দর মন জুড়ানো পরিবেশে বেশ কয়েকটা দিন অনায়াসে কাটাতে পারেন আপনি ৷ এই জায়গার সৌন্দর্য বাড়িয়েছে চা-বাগান। পাহাড়ের গা-বেয়ে উঠে গিয়েছে সুদূরপ্রসারী সেই চা-বাগান । প্রকৃতি নিজের সব রঙ ঢেলে দিয়েছে ছবির মত এই সুন্দরী গ্রামে ৷ বিস্তৃত সারি সারি সবুজ চা-বাগান। দেখতে পাবেন পিঠে টুকরি নিয়ে চা-পাতা তুলছেন মহিলারা ৷ রয়েছে নানারকম ফুল ও অর্কিড । দেখতে পাবেন পরিযায়ী পাখিও।

শান্ত নিরিবিলি পরিবেশ আপনাকে একঘেয়ে ব্যস্ততাময় জীবন থেকে মুক্তির স্বাদ এনে দেবে ৷ সাধারণ হোম-স্টে'র পাশাপাশি রয়েছে প্রিমিয়াম হোম-স্টে'র উষ্ণ আতিথেয়তা । ভোরবেলা বেড়িয়ে পড়ুন প্রিয়জনের সঙ্গে গ্রামের রাস্তায় ৷ অথবা সকালে ঘুম থেকে উঠে ব্যালকনিতে বসে চায়ের কাপে চুমুক দিতে দিতে উপভোগ করুন ছবির মতো সুন্দর এই দৃশ্য ৷

নিউ জলপাইগুড়ি রেল স্টেশন কিংবা বাগডোগরা বিমানবন্দর থেকে ওই পর্যন্ত একটি রিজার্ভ গাড়ির ভাড়া আনুমানিক 4,500 টাকার মতো। অথবা দার্জিলিং থেকেও শেয়ার ট্যাক্সিতে যাওয়া যায় ওই গ্রামে ৷ তাতে দার্জিলিং থেকে খরচ পড়বে মাত্র 300 থেকে 500 টাকা ৷

প্রিমিয়াম রিসর্টে ( Premium Resort) খরচ-খরচা: ডিলাক্স কটেজে রুম প্রতিদিন 2,500 টাকা মাথাপিছু সমস্ত মিল-সহ ৷ তাতে থাকবে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ও মাঝে টিফিন । এছাড়া স্ট্যান্ডার্ড রুম মিলবে প্রতিদিন 1,900 টাকা মাথাপিছু সমস্ত খাবার-সহ ৷

