ETV Bharat / state

আইপ্যাকে ইডি হানা: টায়ার জ্বালিয়ে, রাস্তা অবরোধ করে প্রতিবাদে তৃণমূল

19 নম্বর জাতীয় সড়কের উপর বসে পড়েন তৃণমূলের নেতাকর্মীরা ৷ স্তব্ধ হয়ে যায় যান চলাচল ৷

Trinamool protest
আসানসোলে টায়ার জ্বালিয়ে তৃণমূলের বিক্ষোভ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 8, 2026 at 8:03 PM IST

4 Min Read
Choose ETV Bharat

আসানসোল/বর্ধমান, 8 জানুয়ারি: কলকাতায় আইপ্যাক দফতর ও আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে ইডি হানার বিরুদ্ধে জেলা জুড়ে প্রতিবাদে নামল তৃণমূল কংগ্রেস । বৃহস্পতিবার কোথাও টায়ার জ্বালিয়ে তো আবার কোথাও জাতীয় সড়ক অবরোধ করে চলল শাসকদলের এই বিক্ষোভ কর্মসূচি ৷

এদিন পশ্চিম বর্ধমান জেলায় আসানসোলের মেয়র পারিষদ ইন্দ্রাণী মিশ্রের নেতৃত্বে টায়ার জ্বালিয়ে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় । কুলটির বামনা মোড়ে জাতীয় সড়কের উপর বসে পড়েন তৃণমূলের নেতাকর্মীরা । বেশ কিছুক্ষণের এই অবরোধে স্তব্ধ হয়ে পড়ে 19 নম্বর জাতীয় সড়ক । আটকে পড়ে ভিন রাজ্য থেকে আসা-যাওয়া করা বহু যানবাহন । ঘটনাস্থলে কুলটি থানার পুলিশ আসে । পুলিশ তৃণমূল নেতৃত্বকে অনুরোধ করে অবরোধ হটায় ।

আইপ্যাক অফিসে ইডি হানা (নিজস্ব ভিডিয়ো)

আসানসোলের মেয়র পারিষদ ইন্দ্রাণী মিশ্র বলেন, "ন্যক্কারজনকভাবে ইডি আমাদের দলের পরামর্শদাতা সংস্থার দফতরে থানা দিয়েছে । আমাদের দলের নথিপত্র সেখান থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল । এসআইআর করে কোনও লাভ হয়নি । তাই কেন্দ্রীয় সংস্থাকে ব্যবহার করে বিজেপি এই রাজ্যের দখল নিতে চাইছে । কিন্তু আবারও বলব বিজেপি দিবস স্বপ্ন দেখছে । মানুষ পুরোটাই দেখছে । এভাবে অগণতান্ত্রিক পদ্ধতিতে এ রাজ্যের দখল নিতে পারবে না বিজেপি ।"

কুলটি অঞ্চলের তৃণমূল নেতা শুভাশিস মুখোপাধ্যায় বলেন, "ভোটের দামামা বাজতেই বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে ব্যবহার করে মাঠে নেমে পড়েছে । আমাদের দলের নথি আইপ্যাকের দফতর থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল । মুখ্যমন্ত্রী নিজে বাধা দিয়েছেন । এই ঘটনায় আরও একবার প্রমাণ হল রাজনৈতিকভাবে না পেরে বিজেপি কেন্দ্রীয় সংস্থাগুলিকে নামিয়ে দিয়েছে ভোটের আগে । তাতে লাভ হবে না । 2026-এ আমরাই আরও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসব ।"

Trinamool protest
আসানসোলে 19 নম্বর জাতীয় সড়ক অবরোধ করা হয় (নিজস্ব ছবি)

অন্যদিকে বৃহস্পতিবার বিকেলে বর্ধমান শহরের কার্জনগেট, বর্ধমান শহর সংলগ্ন 19 নম্বর জাতীয় সড়কের কলকাতামুখী লেন, তেলিপুকুর এলাকা-সহ জেলার বিভিন্ন ব্লকে ব্লকে চলে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বিক্ষোভ । তেলিপুকুর এলাকায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস । জাতীয় সড়কে অবরোধ চলায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় । বন্ধ হয়ে যায় যান চলাচল । কার্জনগেট চত্বরে জিটি অবরোধ করায় জিটি রোডেও যানচলাচল ব্যাহত হয় ।

এদিন বর্ধমান শহরের কার্জনগেট সংলগ্ন জিটি রোড অবরোধে নেতৃত্ব দেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস । তিনি বলেন, "সকাল থেকে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের অফিসে ইডি অভিযানের নামে দলীয় কাগজপত্র তছরুপ করে । সেখান থেকে ফাইল চুরি করা হয় । নির্বাচন যখন এগিয়ে আসছে তখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে না উঠে এইভাবে ফাইল চুরি করে জেতার চেষ্টা করছে । আসলে বিজেপি বুঝতে পেরে গেছে নির্বাচনে তাদের পরাজয় নিশ্চিত । প্রতিবাদে রাজ্যজুড়ে তৃণমূল কংগ্রেস পথে নেমে প্রতিবাদ শুরু করেছে ।"

Trinamool protest
বর্ধমানে তৃণমূলের বিক্ষোভ (নিজস্ব ছবি)

তৃণমূল যুব নেতা রাসবিহারী হালদার বলেন, "উদ্দেশ্যপ্রণোদিতভাবে সল্টলেকে তৃণমূল কংগ্রেসের আইপ্যাকের অফিসে ইডি অনৈতিকভাবে অভিযান চালায় । এটা বিজেপির চক্রান্ত । বিশেষ করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের চক্রান্ত বলা চলে । আসলে বিজেপি বুঝতে পেরেছে 2026 সালে ফের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসবে । সেই ভয়ে তারা ইডিকে ব্যবহার করে আইপ্যাকের অফিসে অভিযান চালায় । এর প্রতিবাদে আমরা জাতীয় সড়ক অবরোধ করে ধিক্কার জানাচ্ছি ।"

বৃহস্পতিবার সকাল থেকে তৃণমূল কংগ্রেসের পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের দফতর ও আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে অভিযান চালান ইডির আধিকারিকেরা । ইডির তল্লাশির মাঝে আইপ্যাক সংস্থার বাড়িতে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । সেখান থেকে সবুজ ফাইলে করে কিছু নথিপত্র নিয়ে আসেন তিনি ৷

Trinamool protest
জাতীয় সড়কে বসে পড়েন তৃণমূল কর্মীরা (নিজস্ব ছবি)

পরে আবার আইপ্যাকের সল্টলেকের দফতরেও যান মুখ্যমন্ত্রী ৷ মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রায় ঘণ্টা চারেক কাটিয়ে বেরিয়ে আসেন ৷ এরপর তদন্তকারী সংস্থা ইডিকে একহাত নেন তিনি । পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিরুদ্ধেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী । এদিন মুখ্যমন্ত্রী বলেন, "ভোটের স্ট্র‍্যাটেজি ছিনতাই করেছে । ওরা সব তথ্য ট্রান্সফার করেছে । আমি মনে করি এটা অপরাধ ।"

এই ঘটনা ঘিরে চরম নাটকীয় পরিস্থিতির তৈরি হয়েছে রাজ্যে । আইপ্যাকের দফতরে এই ইডি হানা নিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে তৃণমূল । পালটা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এদিনের পদক্ষেপকে নিয়ে কটাক্ষ করেছে বিজেপি ৷ সরব হয়েছে কংগ্রেসও ৷