ETV Bharat / state

দীর্ঘ হচ্ছে তালিকা, গ্রেফতার এবার আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি

আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমানকে বোমাবাজি ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে পুলিশ ।

Trinamool leader arrested
ধৃত তৃণমূল নেতা আনিসুর রহমান (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 30, 2026 at 9:11 PM IST

2 Min Read
Choose ETV Bharat

আমডাঙা, 30 মে: গ্রেফতার উত্তর 24 পরগনার প্রভাবশালী তৃণমূল নেতা আনিসুর রহমান । তিনি আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি পদে রয়েছেন । সম্পর্কে তিনি আমডাঙার প্রাক্তন তৃণমূল বিধায়ক রফিকুর রহমানের ভাই । শনিবার তাঁকে বারাসত আদালতে পাঠানো হয়েছে । আনিসুর গ্রেফতার হওয়ায় বাদুড়িয়ার পুরপ্রধান দীপঙ্কর ভট্টাচার্য, উত্তর 24 পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ অজিত সাহার পর ধৃতের তালিকায় যুক্ত হল আরও এক প্রভাবশালী তৃণমূল নেতার নাম ।

গত 4 মে রাজ্য বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর উত্তর 24 পরগনা জেলায় বেশ কয়েকজন প্রভাবশালী নেতার বিরুদ্ধে থানায় অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ দায়ের হয়েছে । গত 18 মে গভীর রাতে বারাসতের টাকি রোডের আবাসন থেকে পুলিশ জ্যোতিপ্রিয় মল্লিকের ছায়াসঙ্গী তারক দে-কে গ্রেফতার করে । তাঁর বিরুদ্ধে তোলাবাজি-সহ একাধিক অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে ।

Trinamool leader arrested
মধ্যের সবুজ পাঞ্জাবি আনিসুর রহমান (নিজস্ব ছবি)

সপ্তাহ না-ঘুরতেই মঙ্গলবার রাতে মঙ্গলবার রাতে হাবড়ার প্রভাবশালী তৃণমূল নেতা অজিত সাহা ও তাঁর ভাইকে পুলিশ গ্রেফতার করে । অজিত উত্তর 24 পরগনা জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদে রয়েছেন । তিনি 2018 থেকে 23 সাল হাবড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন । তাঁর বিরুদ্ধে এক জমি ব্যবসায়ীকে ভয় দেখিয়ে 20 লক্ষ টাকা তোলাবাজির অভিযোগ রয়েছে । ধৃত অজিতের ভাই সুজিত সাহার মছলন্দপুরের শক্তিনগরের পাঁচিলঘেরা জমি থেকে শুক্রবার পুলিশ তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে । 24 রাউন্ড কার্তুজও উদ্ধার হয়েছে । সুজিত সাহার ওই পাঁচিল ঘেরা জমিতে রাতের অন্ধকারে চার চাকা গাড়ি ঢুকত বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন ।

Trinamool leader arrested
আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান (নিজস্ব ছবি)

শুক্রবার গভীর রাতে আমডাঙা পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমানকে পুলিশ বোমাবাজি ও খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করেছে । 2024 সালে আমডাঙার খুরগাছিতে এক যুবককে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়া হয় । ওই ঘটনায় পঞ্চায়েত সমিতির সভাপতি আনিসুর রহমান-সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায় রয়েছে । দীর্ঘদিন তিনি ফেরার ছিলেন । শুক্রবার রাতে পুলিশ তাঁকে গ্রেফতার করেছে । শনিবার তাঁকে বারাসত জেলা আদালতে পাঠানো হয়েছে ।

Trinamool leader arrested
লাল পাঞ্জাবি আনিসুর রহমান (নিজস্ব ছবি)

গ্রেফতারের তালিকা ক্রমশ দীর্ঘ হচ্ছে । শুক্রবার রাতে বনগাঁর ছয়ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান উমা ঘোষ ও তাঁর স্বামী প্রসেনজিৎ ঘোষকে পুলিশ গ্রেফতার করেছে । তাঁদের বিরুদ্ধে জাল শংসাপত্র তৈরির অভিযোগ রয়েছে । নৈহাটির তৃণমূল নেতা বিক্রম সাউ ওরফে গুড্ডুকে তোলাবাজি-সহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে ।

Trinamool leader arrested
আনিসুর রহমান (নিজস্ব ছবি)