মহানদী সংলগ্ন এলাকায় ধস, সড়ক মেরামতের জেরে 10 দিন বন্ধ টয়ট্রেন
মহানদী সংলগ্ন এলাকায় ধসের কারণে রেললাইন উপড়ে যাওয়ার পাশাপাশি জাতীয় সড়কেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ডিএইচআর ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই কথা জানানো হয়েছে ৷

Published : July 2, 2026 at 3:36 PM IST
শিলিগুড়ি, 2 জুলাই: উত্তরবঙ্গের পাহাড়ি ট্যুরিজমের অন্যতম সেরা আকর্ষণ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে বা ডিএইচআর-এর ঐতিহ্যবাহী টয়ট্রেন পরিষেবা আরও 10 দিনের জন্য স্তব্ধ হয়ে গেল। লাগাতার বৃষ্টি এবং পাহাড়ের মহানদী এলাকায় ভয়াবহ ধস নামার কারণে রেল ও সড়ক যোগাযোগ ব্যবস্থা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মূলত, পর্যটকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং ট্র্যাক ও সড়ক সংস্কারের স্বার্থেই নিউ জলপাইগুড়ি থেকে দার্জিলিংগামী প্রধান রুটের এই ট্রেন চলাচল সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রেল কর্তৃপক্ষ।
রেল প্রশাসন সূত্রে খবর, মহানদী সংলগ্ন এলাকায় ধসের কারণে রেললাইন উপড়ে যাওয়ার পাশাপাশি জাতীয় সড়কেরও ব্যাপক ক্ষতি হয়েছে। রেলের তরফে লাইনের মেরামত ও ট্র্যাক ফিট করার কাজ শেষ করা সম্ভব হলেও এনএইচআইআইডিসিএল-এর আওতাধীন সড়ক বা জাতীয় হাইওয়ের কাজ এখনও বাকি রয়েছে। ইন্টারলকিং ও রাস্তা পুনর্গঠনের এই কাজ পুরোপুরি শেষ হতে আরও অন্তত দিন দশেক সময় লাগবে। ডিএইচআর-এর ডিরেক্টর ঋষভ চৌধুরী পরিস্থিতি প্রসঙ্গে স্পষ্ট জানিয়েছেন যে, "জাতীয় সড়কের ইন্টারলকিংয়ের কাজ এখনও সম্পূর্ণ না হওয়ায় এই মুহূর্তে এনজেপি ও দার্জিলিংয়ের মধ্যে মূল ট্রেন পরিষেবা চালানো সম্ভব হচ্ছে না। সড়ক সংস্কারের এই কাজ শেষ হওয়ামাত্রই পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক করার বন্দোবস্ত করা হবে।"

মেঘ-কুয়াশার পাহাড়কে সাক্ষী রেখে হেরিটেজ ট্রেনের সফর উপভোগ করতে দেশ-বিদেশ থেকে বহু পর্যটক উত্তরবঙ্গে এসে ভিড় জমিয়েছিলেন। কিন্তু শেষ মুহূর্তে এই আকস্মিক পরিষেবা বাতিলের সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই তাঁদের মধ্যে চরম হতাশা ও ক্ষোভ দেখা দিয়েছে। বহু পর্যটক বাধ্য হয়ে টিকিট বাতিল করছেন এবং গাড়ি বা বাসের মাধ্যমে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। উদ্ভূত এই পরিস্থিতির জেরে পর্যটকদের আর্থিক ক্ষতি ও দুর্ভোগ কমাতে তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেল। অগ্রিম বুকিং করা সমস্ত টিকিটের টাকা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।

ডিএইচআর ইন্ডিয়ার ওয়েবসাইটে প্রকাশিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই অনভিপ্রেত বিভ্রাটের জন্য দুঃখ প্রকাশ করে বলা হয়েছে, বিঘ্নিত দীর্ঘ রেললাইনকে পুনরায় সচল করতে কিছুটা সময় লাগবে এবং পর্যটকদের সার্বিক নিরাপত্তার স্বার্থেই এই কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ।
প্রধান রুটের ট্রেন সাময়িকভাবে বন্ধ থাকলেও শিলিগুড়ি জংশন ও তিনধারিয়া জংশনের মধ্যে চলাচলকারী লোকাল ট্রেনের ক্ষেত্রে এক বিশেষ বিজ্ঞপ্তি জারি করেছে উত্তরপূর্ব সীমান্ত রেল। আগামী 3 জুলাই থেকে বলবৎ হতে চলা নতুন সাময়িক সময়সূচি অনুযায়ী, শিলিগুড়ি জংশন থেকে ট্রেনটি দুপুর 12টা 35 মিনিটে তিনধারিয়ার উদ্দেশ্যে রওনা দেবে এবং তিনধারিয়া স্টেশন থেকে ফিরতি ট্রেনটি বিকেল 3টে 55 মিনিটে শিলিগুড়ির উদ্দেশ্যে পুনরায় রওনা করবে।

