ডিস্কোথেক নয়, ধামসা-মাদলের তালে বর্ষবরণ ডুয়ার্সে আসা পর্যটকদের
ধামসা ও মাদলের তালে আদিবাসী যুবতী ও রমণীদের সঙ্গে কোমর দুলিয়ে উচ্ছ্বসিত পর্যটকরাও ।

Published : December 31, 2025 at 7:36 PM IST
জলপাইগুড়ি, 31 ডিসেম্বর: ইংরেজি নতুন বছরকে বরণ করে নিতে এখন চারিদিকে পাশ্চাত্যের ছোঁয়া ৷ ডিস্কে কোমড় দোলাতে ব্যস্ত আমজনতা । বলা চলে, নতুন বছরকে স্বাগত জানাতে এটা একটা দস্তুর হয়ে দাঁড়িয়েছে । ঠিক সেই জায়গায় অন্য চিত্র ধরা পড়ছে উত্তরবঙ্গের ডুয়ার্সে । ডিস্কোথেক নয়, বরং মাদলের তালে গা ভাসিয়ে 2026 সালকে বরণ করছেন এখানে আসা পর্যটকরা ৷
বৃহস্পতিবার 2026 সালের সূচনা ৷ সময় অনুযায়ী ইতিমধ্যে সিডনি বর্ষবরণ করেছে ৷ সিডনির হারবার ব্রিজে আলোর রোশনাইয়ের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানিয়েছেন সেখানকার বাসিন্দা ৷ কয়েক ঘণ্টা পর ভারতও সেই পথে হাঁটবে ৷ বর্ষবরণে মেতে উঠবে রাজ্যবাসীও ৷ আর সেই বর্ষবরণ নিয়েই নানান পরিকল্পনা রয়েছে সাধারণ মানুষের । বছরের শেষ দিনটাতে কেউ বা যাবেন ডিস্কোথেক-এ ৷ কেউ বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেবেন ৷ আবার অনেকে একটু অন্যভাবে কাটাতে চাইবেন বর্ষশেষের রাতটা ।

সেরকম বর্ষবরণের অন্যরকম আমেজ দিতে ডুয়ার্সের লাটাগুড়ি-সহ বিভিন্ন রিসর্টে পর্যটকদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে । বন দফতরের পক্ষ থেকে ক্যাম্প ফায়ার করে পর্যটকদের আদিবাসী নৃত্য চাক্ষুস করার সুযোগ করে দেওয়া হয়েছে । ধামসা ও মাদলের তালে আদিবাসী যুবতী ও রমণীদের সঙ্গে কোমর দোলাচ্ছেন পর্যটকরাও । খুবই উচ্ছ্বসিত তাঁরা ৷
এই ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করে খানিকটা রোজগারও হচ্ছে ৷ নাচ করে অর্থ উপার্জন করছেন আদিবাসী শিল্পীরা ৷ নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ মিলছে তাঁদের ৷ এর পাশাপাশি বেড়াতে আসা পর্যটকদের গানের সঙ্গে মাদলের মাদকতায় পুষ্ট করছেন ডুয়ার্সের আদিবাসীরা ।
কলকাতা থেকে ডুয়ার্সে বেড়াতে আসা সংযুক্তা পাল বলেন, "ধামসা মাদলের সঙ্গে নেচে আনন্দ করে নতুন বছরকে স্বাগত জানানোর মজাই আলাদা । ডুয়ার্সের মানুষদের সঙ্গে এই আনন্দ উপভোগ একটা বাড়তি পাওনা আমাদের জন্য ।"
লাটাগুড়ি রিসর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দিব্যেন্দু দেব বলেন, "এই সময়টা স্থানীয় আদিবাসী মহিলাদের বাড়তি রোজগারের ব্যবস্থা হয় । কারণ, গরুমারা জাতীয় উদ্যানকে কেন্দ্র করে আসা পর্যটকরা লাটাগুড়িতে আসেন । তারা আদিবাসীদের সঙ্গে নাচ গান উপভোগ করেন । তারা ধামসা মাদলের সঙ্গে নাচ গান গেয়ে নতুন বছরকে স্বাগত জানান । আমরাও আনন্দ উপভোগ করে থাকি । পর্যটকরা আনন্দ পেলেই আমরা আনন্দিত হই ।"

