শীতের আগেই সুন্দরবনে বাঘ দর্শন, দক্ষিণরায়'কে দেখে উচ্ছ্বসিত পর্যটকরা
ঠান্ডা এখনও পড়েনি সেভাবে ৷ হেমন্তের আবহাওয়ায় রয়্যাল বেঙ্গল টাইগারের দেখা মেলায় ভাগ্য ফিরল পর্যটকদের ৷

Published : November 3, 2025 at 12:37 PM IST
সুন্দরবন, 3 নভেম্বর: বেড়াতে গিয়ে দারুণ উপহার পেলেন পর্যটকরা ৷ ফের সুন্দরবনে ক্যামেরাবন্দি রয়্যাল বেঙ্গল টাইগার ৷ বাঘটি খাল পেরিয়ে জঙ্গলের দিকে যাচ্ছিল ৷ সেই সময় বাঘ দেখতে পান পর্যটকরা ৷ আর দক্ষিণরায়'কে চোখের একদম সামনে দেখে পর্যটকদের উল্লাস যেন বাঁধ মানছিল না ৷ ভিডিয়োয় ধরা পড়েছে সেই উচ্ছ্বাস ৷
মূলত প্রতিবছর শীতকালে দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার দর্শন করার জন্য ম্যানগ্রোভ বাদাবনে ভিড় জমান কয়েক হাজার পর্যটক । রাজ্য থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা অপরূপ দৃশ্য উপভোগ করার জন্য ছুটে আসেন সুন্দরবনে । যদিও সুন্দরবনে ঘুরতে আসা পর্যটকদের সচরাচর দর্শন দেন না দক্ষিণরায় । কিন্তু এবারে মরশুমের শুরুতেই ভাগ্য ফিরল পর্যটকদের ৷
রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখার জন্য রবিবার সুন্দরবনের কৈখালী ঘাটের কাছে বিশালক্ষ্মী খালের ধারে জঙ্গলে চোখ রেখেছিলেন পর্যটকরা । হঠাৎ করে বিস্ময়ে কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে যান এক পর্যটক । নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না তিনি । প্রাথমিক ধাক্কা কাটিয়ে উঠে তিনি সতীর্থদের উদ্দেশে চাপা গলায় বলে ওঠেন, 'বাঘ, বাঘ…' । প্রথমে সতীর্থরা ভেবেছিলেন, তিনি হয়তো ঠাট্টা করছেন । পরে তাঁরাও বাঘ দেখে উল্লাসে ফেটে পড়েন ।
ওই বোটে ছিলেন প্রায় 20 জন পর্যটক । শুক্রবার তাঁরা সুন্দরবনের উদ্দেশে রওনা দিয়েছিলেন । রবিবার তাঁরা বাড়ি ফেরার সময়ে বাঘ দেখতে পান । অধিকাংশ পর্যটকই এই মুহূর্তটি ক্যামেরাবন্দি করেছেন । স্থানীয় বনদফতর সূত্রে জানা গিয়েছে, বাঘটি খাল পেরিয়ে জঙ্গলের দিকেই ফিরে যায় ।
দক্ষিণ 24 পরগনা জেলার মুখ্য বন আধিকারিক নিশা গোস্বামী বলেন, "সাধারণত শীতকালে খাবারের সন্ধানে সুন্দরবন লাগোয়া জঙ্গলে দেখা দেয় রয়্যাল বেঙ্গল টাইগার । সুন্দরবনের ছোট ছোট খাল বিল অনায়াসে সাঁতার কেটে পারাপার করতে পারে দক্ষিণরায় । সাধারণভাবে বছরের অন্যান্য সময়ে এই পথ ব্যবহার করে না ওরা । সেই কারণে বাঘ দেখতে পায় না সাধারণ মানুষ । প্রতিবছর সুন্দরবন লাগোয়া জঙ্গলগুলিতে শীতের সময় বাঘের আনাগোনা বেড়ে যায় । প্রায় সময় সুন্দরবন লাগোয়া জঙ্গলে মেলে বাঘের পায়ের ছাপ । তাই সুন্দরবন লাগোয়া জঙ্গলগুলিতে জাল দিয়ে ঘিরে ফেলার কাজ ইতিমধ্যেই আমরা শুরু করে দিয়েছি ।"
সুন্দরবনের বোট মালিকদের একাংশের কথায়, শীত আসার সঙ্গে সঙ্গে পর্যটকদের সংখ্যা বাড়ে প্রতি বছরই । কিন্তু বাঘের দেখা পাওয়ার খবরে আলাদা করে পর্যটকরা আকর্ষিত হবেন । ফলে আগামী কয়েক মাসে অপেক্ষাকৃত বেশি পর্যটক সুন্দরবনে আসবেন বলে প্রত্যাশা করছেন পর্যটন ব্যবসায়ীরা ।

