ETV Bharat / state

226 পেরবোই, সরকার গড়ছে মা-মাটি-মানুষ; ভিডিয়ো বার্তা মমতার

সরকার গড়ছে তৃণমূলই ৷ ভোটের পরদিনই আত্মবিশ্বাসী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভিডিয়ো বার্তা ৷

CM Mamata
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (ছবি: পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : April 30, 2026 at 4:56 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 30 এপ্রিল: বুথ ফেরত সমীক্ষা নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বৃহস্পতিবার বিকেলে একটি ভিডিয়ো বার্তায় তিনি ঘোষণা করেন "আমরা 226টি আসন পাব ৷" এই ভিডিয়ো পোস্ট করে তৃণমূল সুপ্রিমো লিখেছেন, "আমরা মা-মাটি-মানুষের সরকার গঠন করছি । জয় বাংলা ৷"

গতকাল ভোট শেষে বুথ ফেরত সমীক্ষায় দু'রকম ফলাফলই ভবিষ্যদ্বাণী করেছে ৷ কয়েকটি সমীক্ষা বলছে পরিবর্তন হবে অর্থাৎ সরকার গড়বে বিজেপি ৷ অন্য কয়েকটি সমীক্ষার দাবি, চতুর্থবারের জন্য ক্ষমতায় ফিরছে তৃণমূল ৷

রাজ্যে 2026-এর হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব সদ্যসমাপ্ত হয়েছে ৷ জনাদেশ এই মুহূর্তে ইভিএম বন্দি হয়ে কড়া নিরাপত্তায় স্ট্রংরুমে সংরক্ষিত ৷ গতকাল ভোট শেষে একাধিক বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোল, যেখানে রাজ্যে পালাবদলের তীব্র জল্পনা উসক দিয়েছে ৷ কিন্তু সেই জল্পনায় জল ঢেলে, সমস্ত এগজিট পোলকে সরাসরি 'বিজেপির চক্রান্ত' বলে উড়িয়ে দিলেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷

ভোট মেটার 24 ঘণ্টা কাটতে না-কাটতেই একটি বিশেষ ভিডিয়ো বার্তা দিয়ে আত্মবিশ্বাসের সুরে তৃণমূল সুপ্রিমো দাবি করলেন, এবারও রাজ্যে মা-মাটি-মানুষের সরকারই গঠিত হতে চলেছে ৷ দলের কর্মী-সমর্থকদের উদ্দেশ্যে তাঁর কড়া বার্তা— ইভিএম চুরির চক্রান্ত রুখতে দিনরাত এক করে স্ট্রংরুম পাহারা দিতে হবে ৷

9 মিনিট 05 সেকেন্ডের ভিডিয়ো বার্তার শুরুতে বাংলার সাধারণ ভোটারদের ধন্যবাদ জানিয়ে তৃণমূল সুপ্রিমো বলেন, "এত রোদ্দুরের মধ্যেও এবং সবকিছু অত্যাচার সহ্য করে আপনারা যেভাবে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন, আপনাদের কাছে আমরা খুব কৃতজ্ঞ ৷"

এরপরই সরাসরি এগজিট পোল প্রসঙ্গে তোপ দেগে তৃণমূল সুপ্রিমো দাবি করেন, এই সমীক্ষা সম্পূর্ণ ভুয়ো এবং রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷ তাঁর কথায়, "যেটা টিভিতে দেখাচ্ছে এটা বিজেপির অফিস থেকে কালকে বেলা 1:08 মিনিটে সার্কুলেট করেছে এবং টাকা দিয়ে বলেছে যাতে এটা দেখানো হয় ৷ আসল কারণটা জানেন আপনারা ? 226 ক্রস করব 2026-এ ৷"

মমতার অভিযোগ, "কর্মীদের মনোবল ভাঙতে এবং আসল সত্যি সামনে এলে শেয়ার বাজারে যে ধস নামবে, তা রুখতেই এই আগাম কৌশল নেওয়া হয়েছে ৷" নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনী এবং বিরোধী শিবিরের বিরুদ্ধে ব্যাপক সন্ত্রাসের অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর নিজের এলাকা ভবানীপুরের চক্রবেড়িয়া থেকে শুরু করে ভাটপাড়া, জগদ্দল, নোয়াপাড়া এবং ভাঙড়ের মতো একাধিক জায়গায় তৃণমূল কর্মীদের উপর হামলা, বেআইনি গ্রেফতার এবং তল্লাশির তীব্র নিন্দা করেন তিনি ৷

উদয়নারায়ণপুরে ভোট দিতে গিয়ে এক ভোটারের মৃত্যুর ঘটনায় শোকপ্রকাশ করে তিনি বলেন, "সেন্ট্রাল ফোর্স যে ব্যবহার কাল করেছে এবং তাতে যে নতুন পুলিশগুলো অ্যাপয়েন্টমেন্ট হয়েছিল যারা আমার হাতে ছিল না, তারা ভীষণ মেয়েদের মেরেছে, বাচ্চাদের মেরেছে। একতরফা মেরেছে।"

তবে সবথেকে বেশি জোর তিনি দিয়েছেন গণনাকেন্দ্র এবং স্ট্রংরুম পাহারার বিষয়ে। বুথফেরত সমীক্ষায় বিভ্রান্ত না হয়ে কর্মীদের সতর্ক থাকার নির্দেশ দিয়ে তাঁর কড়া বার্তা, "আমি সব 294টা কেন্দ্রে... সবাইকে বলব নিজেরা নিজেরা ক্যান্ডিডেটরা পাহারা দিন। দিনের বেলায় কর্মীদের রাখুন, রাতের বেলায় নিজেরা থাকুন, পাহারা দিন ৷ আমি যদি পাহারা দিতে পারি আপনারাও পাহারা দিতে পারেন ৷"

মমতার আশঙ্কা, ইভিএম স্ট্রংরুম থেকে গণনাকেন্দ্রে নিয়ে যাওয়ার পথে কারচুপি হতে পারে ৷ তাই তিনি নির্দেশ দিয়েছেন, "লাস্ট পর্যন্ত আমি যতক্ষণ প্রেস কনফারেন্স করে না-বলব ততক্ষণ কেউ কাউন্টিং টেবিল ছাড়বেন না ৷ মনে রাখবেন যে টেবিলে যেটা কাউন্ট হয়, তারপরে ওরা কম্পিউটারে আপলোড করার সময় সেটাকে চেঞ্জ করে দেয়... সেদিকেও নজর দিন ৷" সতর্কতার চরম পর্যায় হিসেবে তিনি এও জানিয়েছেন যে, প্রয়োজনে কাউন্টিং হলে তিনি নিজেও হঠাৎ পৌঁছে যেতে পারেন ৷

অন্যদিকে, বহিরাগত ইস্যুতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকেও কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর প্রশ্ন, "প্রধানমন্ত্রী গতকাল সাড়ে চারটার সময় ভোট চলাকালীন বললেন কী করে ? টোটাল বাংলাটা ওনার, উনি বাংলাকে চেনেন ? বাংলার মাটি চেনেন ? রবীন্দ্রনাথ, নজরুলকে চেনেন ? নেতাজিকে চেনেন ? কাউকে চেনেন না ৷"

একইসঙ্গে টাকার বিনিময়ে ভোট কেনার অভিযোগ তুলে তিনি বলেন, "টাকার ভাণ্ডার নিয়ে কাউকে কাউকে খামে করে তিন হাজার টাকা করে দিয়েছে... যারা টাকা নিয়েছেন তাঁরা খুব ভুল করেছেন, তবু মনে রাখবেন আমরা নিশ্চয়ই আপনাদের ভুল বুঝব না ৷"

ভোটপরবর্তী হিংসা এড়াতে কর্মীদের শান্ত ও সংযত থাকার পরমর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনি আশ্বস্ত করেছেন যে, বিরোধীরা হামলা করলেও তৃণমূল কর্মীরা যেন আইন নিজেদের হাতে তুলে না নেন ৷ প্রশাসনকেও কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "দয়া করে কাউন্টিং-এ আমাদের ছেলেমেয়েদের গায়ে বা মানুষের গায়ে বা কোনও রাজনৈতিক দলের গায়ে হাত দেওয়ার চেষ্টা করবেন না ৷" পরিশেষে আত্মবিশ্বাসী নেত্রীর সংযোজন, "আমাদের মা-মাটি মানুষের সরকারই আমরা গঠন করছি এবং করব, নিশ্চিন্তে থাকুন ৷ বাংলার জয় হবেই... জবাব পাবেন চার তারিখে সন্ধ্যের মধ্যে, অপেক্ষা করুন ৷"