'বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেন', দাবি সৌগতর
বরবরাই কোনও রাখঢাক না করে মন্তব্য করেন সৌগত ৷ এবার মোদি মন্ত্রিসভার এক সদস্যকে জবাব দিতে গিয়ে আবারও সমালোচিত সৌগত ৷

Published : December 28, 2025 at 5:14 PM IST
পানিহাটি, 28 ডিসেম্বর: বাংলাদেশের মানুষও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেন ৷ এসআইআরের আবহে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন তৃণমূলের প্রবীণ সাংসদ সৌগত রায় ৷ বাংলাদেশে হিন্দু ও অন্য ধর্মীয় সংখ্য়ালঘুদের উপর নির্যাতন ও হত্যা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং সম্প্রতি একটি মন্তব্য করেছেন ৷ পাল্টা জবাব দিতে গিয়ে করা প্রবীণ তৃণমূল নেতার মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে গিয়েছে ৷
মন্তব্যকে হাতিয়ার করে তোপ দেগেছে বিজেপি ৷ গেরুয়া শিবিরের দাবি, সৌগত এমন মন্তব্য করে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংয়ের বক্তব্যকেই মান্যতা দিলেন। দু'পারের জামাতই এক । ওপারে তারা দীপু দাসকে খুন করছে । এপারে তারা হত্যা করছে, চন্দন দাস ও হরগোবিন্দ দাসকে । এই দুটি ঘটনার মধ্যে কোনও ফারাক নেই ৷
সম্প্রতি, বাংলাদেশে অশান্তি প্রসঙ্গে সংসদ চত্বরে দাঁড়িয়ে গিরিরাজ বলেন, "ক্ষমতায় থাকার জন্য মমতা বন্দোপাধ্যায় বাংলাকে বাংলাদেশ বানানোর চেষ্টা করছেন । ওপার বাংলায় হিন্দুদের উপর নির্যাতন চলছে । আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বাংলাদেশি রোহিঙ্গাদের চাকরি দিচ্ছেন ! উনি আসলে বাংলাদেশের মুখ্যমন্ত্রী । " এই বক্তব্যেরই জবাব দেন সৌগত ৷
শনিবার বিকেলে পানিহাটি উৎসবে যোগ দেন দমদমের তৃণমূল সাংসদ ৷ কেন্দ্রীয় মন্ত্রীর মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে গিরিরাজকে 'থার্ড ক্লাস'-মানুষ বলে আক্রমণ করেন সৌগত । তাঁর কথায়, "গিরিরাজ সিং একজন থার্ড ক্লাস মানুষ । ওঁর জন্যই মনরেগার (100 দিনের কাজ) টাকা পাওয়া যায়নি । মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হলেও বাংলাদেশের মানুষ ওঁকে ভরসা করেন । তাঁরা জানেন সংখ্যালঘুদের বাঁচাতে পারেন একমাত্র মমতা বন্দোপাধ্যায়ই ৷"
সম্প্রতি নন্দীগ্রামে পুলিশি অত্যাচারের প্রতিবাদ জানাতে গিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেন, "আর মাত্র চার মাসের জন্য মুখ্যমন্ত্রী পদে রয়েছেন মমতা ।" বিজেপি বিধায়কের মন্তব্যের প্রসঙ্গেও কটাক্ষ করেন তৃণমূল সাংসদ ৷ তিনি বলেন, "উনি (শুভেন্দু) নিজেই চার মাস বিধায়ক পদে থাকবেন । তারপর ভোটে হেরে যাবেন ।"
2026 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বাংলার ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর (SIR)-কে কেন্দ্র করে উত্তপ্ত রাজনীতি ৷ বিএলও-দের মৃত্যু, খসড়া তালিকা থেকে নাম বাদ, জীবিত হয়েও ভোটার তালিকায় মৃত হিসেবে চিহ্নিত হওয়া ইত্যাদি একাধিক প্রসঙ্গে কেন্দ্রের বিজেপি সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক আক্রমণ করে চলেছেন তৃণমূলের নেতা-মন্ত্রীরা ৷ অপরদিকে বিজেপি প্রথম থেকে দাবি করছে, রাজনৈতির ক্ষতির আশঙ্কায় এসআইআরের বিরোধিতা করছে তৃণমূল ৷ এর ফলে বাংলাদেশি ভোটব্যাঙ্ক কমে যাবে বলে ভয় পাচ্ছে বাংলার শাসক শিবির ৷
এই আবহে তৃণমূল সাংসদের এমন মন্তব্য সেই তরজায় আরও একটি মাত্রা যোগ করে দিল বলে মত রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশের ৷ তবে, এর আগেও একাধিকবার নানা মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন দমদমের তৃণমূল সাংসদ । দুর্গাপুর গণধর্ষণ-কাণ্ডে সৌগত বলেন, "প্রতি ইঞ্চিতে পুলিশ মোতায়ন করা সম্ভব নয় । রাতে মেয়েদেরও সাবধান থাকতে হবে । অত রাতে কলেজ থেকে পড়ুয়াদের বেরনো ঠিক নয় ।"

