তৃণমূল ছাড়ছেন হুমায়ুন, 22 ডিসেম্বর নতুন দলের ঘোষণা
দীর্ঘদিন ধরেই বিতর্কিত মন্তব্য় করে চলেছেন ৷ তৃণমূল ছাড়তে পারেন -এমন ইঙ্গিতও দিয়েছিলেন ৷ এবার সেই জল্পনাই সত্যি করে দল ছাড়ছেন বিধায়ক ৷

Published : November 8, 2025 at 5:56 PM IST
বহরমপুর, 8 নভেম্বর: বিধানসভা নির্বাচনের আগে নতুন দল তৈরি করছেন হুমায়ন কবীর ৷ শনিবার বহরমপুরের বাড়িতে সাংবাদিক বৈঠক করে নিজেই এ কথা ঘোষণা করে দিলেন মুর্শিদাবাদের ভরতপুরের এই বহু চর্চিত বিধায়ক ৷
22 ডিসেম্বর 50 হাজার কর্মী-সমর্থককে নিয়ে সভা করে আনুষ্ঠানিকভাবে দলের নাম ঘোষণা করবেন ৷ নতুন দলে হুমায়ন ছাড়া আর কারা কারা থাকবেন সেটাও সেদিনই জানা যাবে ৷ তৃণমূল ছেড়ে হুমায়ুনের নতুন দল করার বিষয়টিকে ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবেই দেখছে শাসক শিবির ৷
হুমায়ুনের রাজনৈতিক জীবন কোন দিকে যেতে চলেছে তা নিয়ে জল্পনা চলছিল বেশ কয়েকদিন ধরে ৷ তিনি নিজেও জল্পনা বাড়াতে যা যা দরকার সবই করেছেন ৷ তবে এদিন সব জল্পনার অবসান ঘটিয়ে তিনি জানিয়ে দেন, কংগ্রেসের সঙ্গে নয়। নিজের দল করেই বিধানসভা নির্বাচনে লড়বেন। 22 ডিসেম্বর বহরমপুরের টেক্সটাইল কলেজ মোড়ে নিজের দলের নাম প্রকাশ করবেন। তিনি হবু চেয়ারম্যান। সেদিন দলের অন্য নেতা-কর্মীদের নামও ঘোষণা করবেন।
নতুন দল মুর্শিদাবাদের পাশাপাশি মালদা নদিয়া, দুই 24 পরগনা এবং দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন কেন্দ্রে প্রার্থী দেবে বলেও জানান তিনি ৷ তৃণমূল তাঁকে ঘরে ফেরাতে চাইলে কী করবেন? হুমায়নের জবাব, "ফিরে যাওয়ার কোনও সম্ভাবনা আর নেই।" এ বিষয়ে বহরমপুর সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি অপূর্ব সরকার বলেন, "দল করাটা তাঁর নিজস্ব সিদ্ধান্ত। এ বিষয়ে যা বলার তা রাজ্য নেতৃত্ব বলবে। জনগণ জবাব দেবে।"
একদা অধীর চৌধুরির হাত ধরে কংগ্রেস করা হুমায়নের রাজনৈতিক জীবন সবদিক থেকেই ঘটনাবহুল ৷ প্রথমে কংগ্রেসের টিকিটে বিধায়ক, পরে দলত্যাগ করে তৃণমূলে আসা ৷ সেখান থেকে বিতাড়িত হয়ে বিজেপি হয়ে আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ফিরে এসে ভরতপুর থেকে বিধায়ক হন ৷ কিন্ত মুর্শিদাবাদ জেলার তৃণমূল নেতারা তাঁকে সম্মান দেন না বলে বারবার দাবি করেছেন হুমায়ন ৷ এই প্রসঙ্গকে কেন্দ্র করেই তৃণমূলের সঙ্গে তাঁর দূরত্ব বাড়তে শুরু করে ৷
বিভিন্ন সময় তাঁর একাধিক মন্তব্য তৃণমূলের শীর্ষনেতাদের অস্বস্তির মুখে ফেলেছে ৷ কখনও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করতে গিয়ে অশালীন মন্তব্য, কখনও আবার প্রকাশ্যে বিজেপি নেতা দিলীপ ঘোষকে সমর্থন- হুমায়ুনের বির্তকে জড়িয়ে খবরের শিরোনামে আসার তালিকা মোটেই ছোট নয় ৷ এক বছরের মধ্যে দু'বার তাঁকে শো-কজের নোটিশও দেওয়া হয়েছিল অতীতে ৷ জবাবে তেমন খুশিও হতে পারেননি তৃণমূলের শীর্ষনেতারা ৷
দল যখন তাঁর বিরুদ্ধে একাধিক ব্যবস্থা নিচ্ছে বা নেওয়ার প্রস্তুতি সারছে তখনও মুখবন্ধ করে থাকেননি ৷ এদিন দল তৈরির কথা প্রকাশ্যে ঘোষণা করলেও এর আগে সে কথা ঠারেঠোরে বুঝিয়েছেন ৷ কিছুদিন আগে তাঁর সঙ্গে বৈঠকে বসেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ শোনা গিয়েছিল সেই বৈঠকের পর নাকি তাঁর রাগ কমেছে ৷ নতুন দল তৈরির সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছেন ৷ তবে এদিন সেই ভুল নিজেই ভাঙালেন হুমায়ন ৷

