অব্যাহত শুনানি অশান্তি, আবারও বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন অসিত; গোলমাল সামশেরগঞ্জেও
এসআইআর শুনানিতে বিএলএ 2-দের উপস্থিত থাকতে না-দেওয়ার কারণে তৃণমূলের বিক্ষোভ ৷ বেশ কিছুক্ষণ বন্ধ থাকার পর শুর হয় শুনানি ৷

Published : December 30, 2025 at 3:26 PM IST
পোলবা/সামশেরগঞ্জ, 30 ডিসেম্বর: গত শনিবার থেকে রাজ্যে শুরু হয়েছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনের অর্থাৎ এসআইআরের শুনানি পর্ব ৷ সোমবারের পর মঙ্গলবারও শুনানি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল বিধায়কদের বিরুদ্ধে ৷ বিএলএ 2-রা না-থাকার করাণে হুগলি ও মুর্শিদাবাদে শুনানি বন্ধ করে দেন তৃণমূল বিধায়করা ৷ যদিও ঘণ্টাখানেক পর ফের শুরু হয় শুনানি ৷
গতকাল মগরা বিডিও অফিসে শুনানি বন্ধ করে দিয়েছিলেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার । প্রায় ঘণ্টা দু'য়েক পর ফের শুরু হয়েছিল শুনানি ৷ এদিন পোলবা দাদপুর বিডিও অফিসে চুঁচুড়া ও সপ্তগ্রাম বিধানসভার শুনানি বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের বিধায়কদের বিরুদ্ধে ৷ একই ছবি মুর্শিদাবাদের সামশেরগঞ্জেও ৷ স্থানীয় বিধায়ক আমিরুল ইসলামের নেতৃত্বে বিডিও অফিসে বিক্ষোভ দেখিয়ে শুনানি বন্ধ করে দেওয়া হয় ৷
এদিন পোলবা দাদপুর বিডিও অফিসে চুঁচুড়া ও সপ্তগ্রাম বিধানসভার শুনানি চলাকালীন সেখানে হাজির হন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ও সপ্তগ্রাম বিধায়ক তপন দাশগুপ্ত । বিএলএ-দের না থাকতে দিলে এই শুনানি হতে দেবেন না-বলে হুঁশিয়ারি দেন তৃণমূল বিধায়ক অসিত মজুমদার ৷ শুনানি বন্ধের ফলে সমস্যায় পড়েন সাধারণ মানুষ ৷
সকাল 11টা থেকে শুনানি শুরু হয়েছিল ৷ কিছুক্ষণ পর শুনানি বন্ধ করে দেন চুঁচুড়া বিধায়ক অসিত মজুমদার ৷ তিনি বলেন, "নির্বাচন কমিশনের লিখিত অর্ডার না-থাকলে শুনানি বন্ধ থাকবে । যতক্ষণ না পর্যন্ত বিএলএ-দের অংশ নিতে দেওয়া হবে, ততক্ষণ আমরা এই দাবি করে যাব। আমরা সমস্ত রাজনৈতিক দলের বিএলএ-দের কথাই বলছি ৷ শুধুমাত্র তৃণমূলের বিএলএ 2-রা থাকবে তা নয়, সব দলেরই থাকবে ৷ তবে বিজেপি চাইছে না, তাদের দলের বিএলএ 2-রা থাকুক ।"
যদিও সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত তাঁর বিধানসভার শুনানি বন্ধ থাকার কথা অস্বীকার করেছেন ৷ তিনি বলেন, " বিএলএ-দের নিয়েই শুনানি পর্ব চলছে । কোনও সমস্যা হচ্ছে না ৷ তবে কোনও জায়গায় যদি বিএলএ 2-দের ঢুকতে না-দেওয়া হয়, সেখানে প্রতিবাদ হওয়া উচিত ৷"
পোলবা দাদপুরের বিডিও জগদীশচন্দ্র বারুই বলেন, "চুঁচুড়া ও সপ্তগ্রাম বিধানসভার শুনানি শুরু হয়েছিল। নির্বাচন কমিশনের নির্দেশ আছে শুনানিতে বিএলএ 2-দের অংশ নিতে দেওয়া যাবে না। সেই অনুযায়ী কাজ হচ্ছে । আমরা সমস্ত বিষয় ঊর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি ৷" যদিও এক ঘণ্টা পর পোলবায় ফের এসআইআর শুনানি শুরু হয় ।
বিজেপি নেতা অর্ঘ্য চক্রবর্তী বলেন, "চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সংবাদমাধ্যমে মুখ দেখাতে বিরোধিতা করছেন। নির্বাচন কমিশনের শুনানির কাজ তিনি আটকাতে পারেন না। ভুল সংশোধনের জন্য শুনানির আয়োজন । কিন্তু অসিত মজুমদার ভোটারদের বঞ্চিত করার জন্যই এসব করছেন ৷ উনি শুনানি বন্ধ করে দিয়েছিলেন ৷ আমাদের দাবি ছিল, শুনানি সুষ্ঠুভাবে করতে হবে ৷ এখন আবারও শুনানি শুরু হয়েছে ।" শুনানিতে অংশ নেওয়া সুকুমার মণ্ডল বলেন, "আমরা চাই, নির্বাচন কমিশনের নির্দেশে যেভাবে সুষ্ঠুভাবে শুনানি হওয়ার কথা, সেভাবেই হোক । আমরা কোনও বিশৃঙ্খলা চাই না।"
অন্যদিকে, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে বিডিও অফিসে বিক্ষোভ দেখালেন তৃণমূল কংগ্রেসের নেতারা ৷ বিক্ষোভের নেতৃত্ব দেন স্থানীয় তৃণমূল বিধায়ক আমিরুল । বন্ধ করে দেওয়া হয় শুনানি পর্ব । তাঁদের দাবি বিএলএ 2-দের শুনানি টেবিলে বসতে দিতে হবে। এদিন বিধায়কের উপস্থিতিতে বিডিও অফিস প্রাঙ্গণে দফায় দফায় স্লোগান তুলে বিক্ষোভে সামিল হন তৃণমূল কর্মী-সমর্থকরা। বিক্ষোভ ঘিরে ব্যাপক হইচই সৃষ্টি হয় প্রশাসনিক চত্বরে ৷ তৃণমূলের অভিযোগ, এসআইআরের শুনানির নামে পরিকল্পিতভাবে সাধারণ ভোটারদের হয়রানি করা হচ্ছে ।
এদিন বিধায়ক আমিরুল ইসলাম বলেন, “গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্যই আমরা পথে নেমেছি । ভোটারদের হয়রানি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রশাসনকে স্বচ্ছতা বজায় রেখে কাজ করতে হবে।” বিক্ষোভে উপস্থিত তৃণমূল নেতাদের বক্তব্য, মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার কোনও ষড়যন্ত্র হলে তা রুখে দেওয়া হবে। প্রশাসন যদি অবিলম্বে দাবি পূরণ না-করে, তবে আগামিদিনে আরও বৃহত্তর আন্দোলন হবে ৷

