ETV Bharat / state

শুভেন্দুর আপ্তসহায়ক খুন, সিবিআই চাইল তৃণমূল ; নিন্দা বাম-কংগ্রেসের

খুনের ঘটনায় আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চাইল মমতার দল । নির্বাচন কমিশনকে দুষল কংগ্রেস । পরিকল্পনা করেই খুন, প্রতিক্রিয়া বামেদের ।

SUVENDU PA KILLED
শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার তীব্র নিন্দা করল তৃণমূল থেকে শুরু করে বাম ও কংগ্রেস (ছবি: পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : May 7, 2026 at 2:51 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 7 মে : শুভেন্দু অধিকারীর আপ্তসহায়কের খুনের ঘটনার তীব্র নিন্দা করল তৃণমূল থেকে শুরু করে বাম ও কংগ্রেস । আদালতের নজরদারিতে সিবিআই তদন্ত চাইল জোড়াফুল শিবির । প্রায় একইপথে হেঁটে যথাযথ তদন্তের দাবি জানিয়েছে বাম ও কংগ্রেস । বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে যে অশান্তি শুরু হয়েছে তা শেষ করতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে সর্বদলীয় বৈঠক ডাকার আহ্বান জানাল হাত শিবির ।

সোশাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের তরফে লেখা হয়েছে, "মধ্যগ্রামে চন্দ্রনাথ রথকে যেভাবে খুন করা হয়েছে আমরা তার তীব্র নিন্দা করি । একইসঙ্গে আদর্শ নির্বাচনী আচরণ বিধি কার্যকর থাকার পরও যেভাবে নির্বাচন পরবর্তী সন্ত্রাসে আমাদের কর্মী-সমর্থকদের খুন করা হচ্ছে তারও নিন্দা করি। এই সমস্ত ঘটনায় অভিযোগের তির বিজেপির দিকে । আমরা বিচার চাই । আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবি জানাচ্ছি । অপরাধীদের দ্রুত শাস্তির ব্যবস্থা করতে হবে ।"

সিপিএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী বলেন, "দুঃখজনক। খুবই দুঃখজনক ঘটনা। খুবই নিন্দনীয়। নিন্দার কোনও ভাষা নেই। একজন যুবককে খুন করা হল। তিনি শুভেন্দুবাবুর আপ্তসহায়কের কাজ করতেন। সে কারণেই এইভাবে তাকে খুন করতে হবে ? যেখানে, যেভাবে এবং যে সময়টায় ঘটনাটা ঘটছে তা থেকে স্পষ্ট পরিকল্পনা করেই সবটা করা হয়েছে । নেপথ্যে গভীর চক্রান্ত আছে। যেটুকু তথ্য পাওয়া গিয়েছে তার ভিত্তিতে বলা যায়, ফলো করে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছে। পরিকল্পনামাফিক চক্রান্ত করেই এই খুন। ঘটনার নেপথ্যে কী কী কারণ আছে তা খতিয়ে দেখতে হবে। অপরাধীদের অবশ্যই যথাযথ শাস্তি পাওয়া উচিত। এই ধরনের ঘটনা কখনও মেনে নেওয়া যায় না। ভোট হয়ে গেলেই খুনোখুনির রাজনীতি শুরু হয়ে যাবে ! আগেও আমরা এই ধরনের ঘটনা দেখেছি। তৃণমূলের আমলে এই ধরনের ঘটনা ঘটেছে। এখন সেই ঘটনা আবারও ঘটছে। বাংলাকে আরও বেশি উত্তপ্ত করে তোলা হচ্ছে।"
Sujan Chakraborty
সিপিএম নেতা সুজন চক্রবর্তী (ইটিভি ভারত)


প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, "শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে খুন করার ঘটনার আমরা তীব্র নিন্দা ও ধিক্কার জানাই। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানাচ্ছি।" তিনি আরও বলেন, "নির্বাচনের ফল প্রকাশের পরবর্তী সময়ে যে রক্তের হোলি খেলা চলছে তা অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনকে কঠোর ও দৃঢ় পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলার নিয়ন্ত্রক নির্বাচন কমিশন । তাই এই অগ্নিগর্ভ এবং অশান্ত পরিবেশের দায় কমিশন এড়িয়ে যেতে পারে না।"

suvankar sarkar
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার (ইটিভি ভারত)

তাঁর কথায়, "আমরা মনে করি নির্বাচনে মানুষের রায় প্রতিফলিত হয় । কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে অরাজক পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে প্রকারান্তরে মানুষের রায়কেই অসম্মান করা হচ্ছে । গুরুত্বহীন করে দেওয়া হচ্ছে। জাতীয় কংগ্রেস সবসময় শান্তি - অহিংসার আদর্শে বিশ্বাসী। সেই বিচারধারার প্রতি সম্মান জানিয়ে আমরা এই রাজ্যে অবিলম্বে শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিটি স্থানে সর্বদলীয় শান্তি বৈঠক অনুষ্ঠিত করার জন্য সংশ্লিষ্ট প্রশাসনের কাছে আবেদন জানাচ্ছি।"