ভার্চুয়াল শুনানিতে জোর, একাধিক দাবি নিয়ে ফের কমিশনে তৃণমূল
তৃণমূল প্রতিনিধিদের প্রশ্ন, অসুস্থ হওয়া সত্ত্বেও কেন কবি জয় গোস্বামীকে শুনানি কেন্দ্রে যেতে হবে ?

Published : December 31, 2025 at 3:37 PM IST
কলকাতা, 31 ডিসেম্বর: ভার্চুয়াল শুনানির দাবি নিয়ে ফের রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে দরবার করল তৃণমূল কংগ্রেস ৷ সোমবারের পর মঙ্গলবারও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে যান রাজ্যের শাসকদলের প্রতিনিধিরা ৷ ছিলেন পার্থ ভৌমিক, বীরবহ হাঁসদা, শশী পাঁজা, বাপি হালদার ও পুলক রায় ।
এদিন পার্থ ভৌমিক বলেন যে, সোমবার তাঁরা 85 বছর এবং তার বেশি বয়সি ভোটারদের বাড়ি গিয়ে শুনানির কথা জানিয়ে গিয়েছিলেন । আর তার পরেই সেই রাতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে নির্বাচন কমিশন । পার্থর কথায়, "আমাদের স্পষ্ট বক্তব্য ছিল যে, যাঁরা অসুস্থ বা যাঁদের অপারেশন হয়েছে, তাঁদেরও বাড়ি গিয়ে কেন শুনানি হবে না ? অসুস্থ হওয়া সত্ত্বেও কেন কবি জয় গোস্বামীকে হিয়ারিং সেন্টারে যেতে হবে ? আমরা সিইও-কে জানিয়েছি যে, সোমবার যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তা ERO বা AERO-দের কাছে নেই । তাঁদের স্তর পর্যন্ত যাতে এই বিজ্ঞপ্তি পাঠানো হয় সেই দাবি জানিয়েছি ।"
এছাড়াও তাঁদের দাবি, যাঁরা পড়াশোনার জন্য বাইরে রয়েছেন বা যাঁরা চাকরি সূত্রে বাইরে রয়েছেন, শুনানিতে আসতে পারছেন না, তাঁদের ভার্চুয়ালি হিয়ারিং করানো হোক । পড়াশোনা সূত্রে যাঁরা বাইরে আছেন, যাঁরা পরিযায়ী শ্রমিক, তাঁদের সবারই ভার্চুয়াল শুনানি করার দাবি জানিয়েছেন তৃণমূল প্রতিনিধিরা ।
তৃণমূল প্রতিনিধিদের যুক্তি, "যাঁরা 50 বছর ধরে বাংলায় আছেন, তাঁদের অনেকেরই 11টা নথি নেই বা তাঁদের অনেকের 2002 সালের লিস্টে নাম নেই । তাঁদের কেন আলাদা হিয়ারিং হবে না ! তাঁরা 2002 সালের পরেও ভোট দিয়েছেন । তাহলে তাঁদের ক্ষেত্রে কেন আলাদা ব্যবস্থা হবে না ?" কমিশনের প্রচারে খামতি আছে বলে তোপ দাগে তৃণমূল কংগ্রেস ।
এদিন পার্থ ভৌমিক বলেন যে, তাঁদের একাধিক দাবি এখনও মান্যতা পায়নি ৷ তাঁদের দাবিগুলো মান্যতা পেলে তবেই তাঁরা সন্তুষ্ট হবেন । অপরদিকে, পুলক রায় বলেন, এসআইআর নিয়ে যে মানুষদের মধ্যে আতঙ্ক রয়েছে, তাঁদের কথাই তৃণমূল কংগ্রেস নির্বাচন কমিশনের কাছে তুলে ধরছে ।

