ETV Bharat / state

2002-এর তালিকায় নাম নেই! ডানকুনিতে বৃদ্ধার মৃত্যুর নেপথ্যে SIR আতঙ্কের অভিযোগ

এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷ তৃণমূলের দাবি, আগে মানুষকে সচেতন করা উচিত ছিল কেন্দ্রের৷ বিজেপির অভিযোগ, বিভ্রান্তি ছড়াচ্ছে তৃণমূল৷

SIR PANIC DEATH
ডানকুনিতে SIR 'আতঙ্কে' বৃদ্ধার মৃত্যুর অভিযোগ তৃণমূলের ৷ (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : November 3, 2025 at 3:40 PM IST

4 Min Read
Choose ETV Bharat

ডানকুনি, 3 নভেম্বর: এবার এসআইআর-এর আতঙ্কে মৃত্যুর অভিযোগ উঠল হুগলির ডানকুনিতে ৷ হাসিনা বেগম (60) নামে এক বৃদ্ধা রবিবার সন্ধেবেলা অসুস্থ হয়ে পড়েন ৷ পরে তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷ যা নিয়ে তৃণমূলের অভিযোগ, 2002 সালের সংশোধিত ভোটার তালিকায় তাঁর নাম ছিল না ৷ সেই আতঙ্কেই হৃদরোগে আক্রান্ত হয়ে বৃদ্ধার মৃত্যু হয়েছে ৷ তবে, এই নিয়ে তৃণমূলের বিরুদ্ধে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছে বিজেপি ৷

ডানকুনি পুরসভার 20 নম্বর ওয়ার্ডে মেয়ের সঙ্গে ভাড়া থাকতেন হাসিনা বেগম ৷ তবে তাঁর বাড়ি 13 নম্বর ওয়ার্ডে ৷ তিনদিন আগে 20 নম্বর ওয়ার্ডে এসআইআর নিয়ে একটি বৈঠক হয় ৷ সেখানে ওয়ার্ডের বাসিন্দাদের 2002 সালের ভোটার তালিকার তথ্য তুলে দেওয়া হয় ৷ তৃণমূলের দাবি, সেখানে হাসিনা বেগমের নাম ছিল না ৷ আর তা জানার পর থেকেই আতঙ্কে ভুগতে থাকেন তিনি ৷ রবিবার সন্ধেবেলা হৃদরোগে আক্রান্ত হন তিনি ৷ এরপর হাসপাতালে নিয়ে গেলে তাঁকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ৷

SIR PANIC DEATH
মৃত বৃদ্ধার ভাড়া বাড়িতে ডানকুনি পুরসভার চেয়ারপার্সন হাসিনা শবনম ৷ (নিজস্ব ছবি)

বৃদ্ধার মৃত্যুর খবর পেয়ে তাঁর পরিবারের সঙ্গে দেখা করতে যান 13 নম্বর ওয়ার্ডের তৃণমূলের কাউন্সিলর তথা ডানকুনি পুরসভার চেয়ারপার্সন হাসিনা শবনম ৷ তিনি বলেন, "সাধারণ মানুষ এসআইআর নিয়ে ভয়-ভীতির মধ্যে রয়েছে ৷ 2002 সালের ভোটার লিস্টে তাঁর নাম ছিল না ৷ তাই তাঁর ভয় ছিল এই মহিলার ৷ ইতিমধ্যেই আমরা আলোচনা করেছি এলাকার মানুষের সঙ্গে, তাঁদের ভরসা দিয়েছি ৷ এই ভয়-ভীতি থেকেই হৃদরোগে আক্রান্ত হচ্ছে সাধারণ মানুষ ৷ এর জন্যই মারা গিয়েছেন এই মহিলা ৷"

চেয়ারপার্সন আর বলেন, "যদি এসআইআর-এর প্রয়োজন থাকে, তাহলে আরও আগে এটা করা উচিত ছিল ৷ এত অল্প সময়ের মধ্যে কাগজপত্র জমা দেওয়া সাধারণ মানুষের ক্ষেত্রে সমস্যা কারণ হয়ে দাঁড়িয়েছে ৷ লোকসভা ভোটের আগেও তো এসআইআর হতে পারত ৷ হঠাৎ করে এখন এটা হল কেন ৷ স্থানীয় মানুষের সঙ্গে মিটিং-এর সময়ও কান্নাকাটি করেছেন ওই মহিলা ৷ তারপরই তিনি অসুস্থ হয়ে পড়েছেন ৷ আমরা চাই না এই আতঙ্কের জন্য মানুষের প্রাণ যাক ৷ সুস্থভাবে বাঁচতে দিক ৷ কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ করব, মানুষকে সচেতন করুন আগে ৷ যাতে না-কোনও মানুষের নাম ভোটার লিস্ট থেকে বাদ যায় ৷"

এই ইস্যুতে পাল্টা তৃণমূলের বিরুদ্ধে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ করেছে জেলা বিজেপি নেতৃত্ব ৷ বিজেপি নেতা দেবাশিস মুখোপাধ্যায় বলেন, "এসআইআর নিয়ে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই ৷ এর ফলে অবৈধ ভোটার ও মৃত ভোটারের নাম বাদ যাবে ৷ কোনও ভারতীয় নাগরিকের নাম বাদ যাবে না ৷ কিন্তু, মানুষকে বিভ্রান্ত করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল বিরোধিতা করছে ৷ কিন্তু, মমতা বন্দ্যোপাধ্যায় 2002 সালে এসআইআর-কে সমর্থন করেছিলেন ৷"

তৃণমূলের বিরুদ্ধে মৃতদেহ নিয়ে রাজনীতির অভিযোগ করা হয়েছে ৷ তিনি বলেন, "তৃণমূল মৃতদেহ নিয়ে রাজনীতি করছে ৷ যদি কেউ ক্যান্সারেও মারা যায়, এখন বলবে এসআইআর-এর জন্য মারা গিয়েছে ৷ ডানকুনির এক কাউন্সিলরের দুই জায়গায় নাম রয়েছে ৷ তিনি দাবি করেছিলেন, তিনি নির্বাচন কমিশনের কাছে আবেদন করেছিলেন নাম বাদ দিতে ৷ কিন্তু, তা বাদ দেওয়া হয়নি ৷ সেই সমস্ত কিছু সংশোধনের জন্যই স্পেশালভাবে এই SIR ব্যবস্থা করা হচ্ছে ৷"

সোমবার সন্ধ্যায় শ্রীরামপুরের সাংসদ তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায় মৃত বৃদ্ধার পরিবারের সঙ্গে দেখা করতে যাবেন বলে খবর ৷ তবে, এসআইআর 'আতঙ্ক' ও তার জেরে মৃত্যুর ঘটনা রুখতে প্রশাসনের তরফে কী কোনও পদক্ষেপ করা হচ্ছে ? এই নিয়ে চণ্ডীতলার বিডিও অমলেশ বিশ্বাস বলেন, "ডানকুনিতে একটি মৃত্যুর ঘটনা ঘটেছে শুনেছি ৷ কিন্তু, এই নিয়ে কোনও কিছু বলা সম্ভব নয় ৷ জেলাগতভাবে (জেলাশাসক) আমাদের কাছে যা নির্দেশিকা আসবে, সেই মতো ব্যবস্থা নেব ৷"

অন্যদিকে, রিষড়া পুরসভার 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা আরামবাগের প্রাক্তন সাংসদ অপরূপা পোদ্দারের স্বামী সাকির আলি অসুস্থ হয়ে পড়েছেন ৷ রবিবার তিনি এসআইআর নিয়ে মানুষকে বোঝাচ্ছিলেন ৷ তখনই অসুস্থ হয়ে পড়েন ৷ তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়েছে ৷

'SIR-এ নাম বাদ গেলে সোজা NRC ডিটেনশন ক্যাম্পে', ভয় দেখানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

SIR আতঙ্কে বিষপান বর্ধমানের পরিযায়ীর ! তামিলনাড়ু থেকে দেহ ফিরতেই বাড়িতে তৃণমূল নেতৃত্ব

SIR নিয়ে ঠাকুরবাড়িতে মতুয়াদের বিভাজন, আমরণ অনশনের হুঁশিয়ারি মমতাবালার