ETV Bharat / state

দুর্গাপুর গণধর্ষণ: আদালতে খোলা হল টিআই প্যারেড রিপোর্ট, মূল 'ধর্ষক' কে

ধর্ষণ করেছিলেন শেখ ফিরদৌস ৷ তবে, বাকি পাঁচজন কোনও না-কোনভাবে এই অপরাধে যুক্ত, জানালেন নির্যাতিতার আইনজীবী ৷

DURGAPUR GANG RAPE CASE
দুর্গাপুর 'গণধর্ষণ'-কাণ্ডে আদালতে খোলা হল টিআই প্যারেড রিপোর্ট ৷ (ফাইল ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : October 27, 2025 at 8:01 PM IST

2 Min Read
Choose ETV Bharat

দুর্গাপুর, 27 অক্টোবর: বেসরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ডাক্তারি পড়ুয়াকে ধর্ষণ করেছিলেন শেখ ফিরদৌস ! সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে টিআই প্যারেডের রিপোর্ট খোলার পর এমনই তথ্য উঠে এল ৷ তবে, নির্যাতিতার প্রেমিক তথা সহপাঠী-সহ পাঁচজনও কোনও না-কোনওভাবে এই গণধর্ষণের ঘটনায় জড়িত বলে দাবি করলেন নির্যাতিতার আইনজীবী ৷

পাঁচদিনের জেল হেফাজতের মেয়াদ শেষে এ দিন অভিযুক্ত 6 জনকে ভার্চুয়ালি দুর্গাপুর মহকুমা আদালতে পেশ করা হয় সংশোধনাগার থেকেই ৷ শুনানিতে পুলিশের তরফে টিআই প্যারেডের রিপোর্ট জমা দেওয়া হয় আদালতে ৷ নির্যাতিতার আইনজীবী টিআই প্যারেডের রিপোর্ট খোলার আবেদন জানান ৷ বিচারক সেই আবেদন মঞ্জুর করেন ৷

আদালতে খোলা হল দুর্গাপুর 'গণধর্ষণ'-কাণ্ডের টিআই প্যারেড রিপোর্ট (নিজস্ব ভিডিয়ো)

নির্যাতিতার আইনজীবী পার্থ ঘোষ বলেন, "শেখ ফিরদৌস এই ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত ৷ সে-ই ধর্ষণ করেছে ৷ বাকি পাঁচজনও কোনও না-কোনওভাবে এই ধর্ষণের ঘটনায় সাহায্য করেছেন ৷ তাই শেখ ফিরদৌসের সঙ্গে বাকি চারজনও সমানভাবে অপরাধী ৷ সকলের সাজাও সমান হবে ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী ৷"

তবে, নির্যাতিতার সহপাঠী যে এই গণধর্ষণের ঘটনার মূল চক্রান্তকারী বা মাস্টারমাইন্ড, তা এ দিনও বলেন আইনজীবী পার্থ ঘোষ ৷ যেহেতু অভিযুক্ত সহপাঠী আগে থেকেই চিহ্নিত হয়ে আছেন, তাই তাঁকে টিআই প্যারেডে রাখা হয়নি ৷ তবে, চার্জশিট পেশ হলে এবং বিচার প্রক্রিয়া শুরু হলে, বাকি পাঁচজনের সঙ্গে নির্যাতিতার সহপাঠীর নামও থাকবে বলেই জানাচ্ছেন তিনি ৷

এ দিন ভার্চুয়াল শুনানির সময় অভিযুক্তদের তরফে কোনও আইনজীবী ছিলেন না ৷ তাঁরা নিজেরাই জামিনের জন্য অনুরোধ করেন বিচারকের কাছে ৷ তবে, এই অপরাধের ঘটনার গভীরতা ও গুরুত্ব বিচার করে বিচারক অভিযুক্তদের জামিনের আবেদন খারিজ করে দেন ৷ পাশাপাশি, তাঁদের আগামী 31 অক্টোবর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত ৷

নির্যাতিতার আইনজীবীর বক্তব্য অনুযায়ী, এ দিন শুনানিতে বিচারক দ্রুত এই মামলার চার্জশিট পেশ ও বিচার প্রক্রিয়া শুরু করার কথা উল্লেখ করেছেন ৷ আইনজীবী বলেন, "31 অক্টোবর পরবর্তী শুনানির আগে পুলিশ চার্জশিট পেশ করলে খুব দ্রুত বিচার প্রক্রিয়া শুরু হবে ৷ তার আগে চার্জশিটের একটি করে কপি মামলায় যুক্ত সবপক্ষকে দেওয়া হবে ৷ তারপর চার্জগঠন করে বিচার পর্ব শুরু হবে ৷"