যুবভারতীকাণ্ডে জল গড়াল হাইকোর্টে, দায়ের তিনটি মামলা
যুবভারতী কেলেঙ্কারিতে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে ৷ মামলার অনুমতি দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চ।

Published : December 15, 2025 at 11:55 AM IST
কলকাতা, 15 ডিসেম্বর: কলকাতায় মেসি উন্মাদনায় যে তাণ্ডব হয়েছে যুবভারতী স্টেডিয়ামে তার জল আরও এগোল ৷ সোমবার কলকাতা হাইকোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি পার্থসারথি সেনের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে মামলার অনুমতি চান আইনজীবীরা । অনুমতি মিলতেই সল্টলেকের যুবভারতীতে মেসি-দর্শনকে কেন্দ্র করে ঝামেলার ঘটনায় তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয় ৷ এই মামলা দায়রের অনুমতি দেওয়া হয় ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির বেঞ্চের তরফে ।
এদিন একটি মামলা দায়ের করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । অপর মামলাটি দায়ের করা হয় আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের তরফে ৷ আরও একটি মামলা দায়ের করেছেন আইনজীবী মৈনাক ঘোষাল ৷ আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায়ের দাবি, রাজ্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতিকে দিয়ে তদন্ত কমিটি গঠন করেছেন । সেই ক্ষমতা রাজ্যের নেই ।
আদালতের হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন তিনি । পাশাপাশি, তাঁর বক্তব্য, এই চূড়ান্ত অব্যবস্থার পিছনে কারা রয়েছে তাদের চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করতে নির্দেশ দিক আদালত । বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আইনজীবী বিল্বদল ভট্টাচার্যও নিরপেক্ষ তদন্তের আর্জি জানিয়েছেন ।
এদিকে, এদিনই যুবভারতীতে চরম বিশৃঙ্খলার অভিযোগে এবার শুভ্রপ্রতিম দে ও সৌরভ বসু নামে দু'জনকে গ্রেফতার করা হয়েছে। মূল উদ্যোক্তা শতদ্রু দত্ত গ্রেফতার হওয়ার পর তদন্তকারীদের নজরে এসেছেন আরও একাধিক ব্যক্তি। অন্যদিকে, যুবভারতীতে শনিবারের বিশৃঙ্খলার ঘটনায় মূল উদ্যোক্তা শতদ্রু দত্তকে গ্রেফতারের পর রবিবার বিধাননগর আদালত তাঁকে 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে। পুলিশ হেফাজতে পেয়েই তদন্তকারীরা শতদ্রুকে জেরা করে আরও কয়েকজনের নাম জানতে পেরেছেন বলে সূত্রের খবর।
আইনজীবী মৈনাক ঘোষালের আর্জি, আদালতের নজরদারিতে তদন্ত হোক । সমস্ত দর্শকদের পয়সা ফেরত দেওয়া হোক । ইডি ও সিবিআইকে তদন্তভার দিক আদালত । কারণ এখানে আর্থিক তছরূপ হয়েছে । স্টেডিয়ামের যা ক্ষয়ক্ষতি হয়েছে তা সংস্কারের অর্থ প্রদান করুক আয়োজক সংস্থা ৷ উল্লেখ্য, যুবভারতীর ঘটনার তদন্তের জন্য মমতা যে কমিটি গড়েছেন, তার মাথায় রয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীমকুমার রায়। এ ছাড়াও, কমিটিতে আছেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব। এই কমিটিকে চ্যালেঞ্জ করে মামলা হয়েছে। মামলাকারীদের বক্তব্য, রাজ্যের গড়া কমিটির তদন্ত করার ক্ষমতাই নেই। সঠিক তদন্তের জন্য পৃথক কমিটি প্রয়োজন।
শনিবার লিওনেল মেসিকে একবার দেখতে অগণিত অনুরাগীরা হাজার হাজর মূল্যের টিকিট কেটে ভিড় জমিয়েছিলেন যুবভারতীতে ৷ প্রিয় তারকাকে ঘিরে রেখেছিলেন নেতা থেকে মন্ত্রীরা, এমনটাই অভিযোগ মেসির অনুরাগীদের ৷ তারপরই ক্ষোভের রেশ আছড়ে পড়ে স্টেডিয়ামে ৷ লন্ডভন্ড করে দেওয়া হয় সল্টলেকের শতাব্দী প্রাচীন যুবভারতী স্টেডিয়াম ৷ পুরো ঘটনায় মেসি ও তাঁর অনুরাগীদের ক্ষমা চেয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছিলেন ৷ সেইসঙ্গে তিনিই কমিটি গড়ে দিয়েছিলেন ৷
ঘটনার তদন্তে রবিবার সকালেই কমিটি পৌঁছয় যুবভারতীতে ৷ মুখ্যসচিব মনোজ পন্থ ও স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী-সহ বিধাননগর পুলিশ কমিশনারেটের সদস্যরা সরেজমিনে স্টেডিয়াম খতিয়ে দেখেন ৷ আনুমানিক প্রায় 2 কোটি থেকে 2 কোটি 15 লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে যুবভারতী সূত্রে খবর ।
যুবভারতীতে বিশৃঙ্খলায় গ্রেফতার আরও 2, বিভিন্ন সংস্থার 6 জনকে তলব পুলিশের

