ETV Bharat / state

ভদ্রেশ্বর-সিঙ্গুরে পরপর 7 দোকান ও বাড়িতে দুঃসাহসিক চুরি

দুষ্কৃতীদের কাণ্ডকারখানায় ঘুম ছুটেছে ভদ্রেশ্বর ও সিঙ্গুরের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের ৷

bhadreshwar singur
বাড়ির তালা ভেঙে দুঃসাহসিক চুরি (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 26, 2026 at 7:03 PM IST

3 Min Read
Choose ETV Bharat

হুগলি, 26 ফ্রেব্রুয়ারি : দুষ্কৃতীদের কাণ্ডকারখানায় ঘুম ছুটেছে ভদ্রেশ্বর ও সিঙ্গুরের বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের ৷ দিল্লি রোড লাগোয়া বিলকুলি ও নপাড়া এলাকায় গভীর রাতে কোথাও দোকানের সাটার ভেঙে, কোথাও বা বাড়ির তালা ভেঙে একযোগে দুঃসাহসিক চুরি করেছে দুষ্কৃতী দল ৷ পুলিশ সূত্রের খবর, সাতটি দোকান ও বাড়ি থেকে লক্ষাধিক টাকা চুরি করেছে দুষ্কৃতী দল ৷

ভোরের আলো ফুটতে বিষয়টি বাসিন্দাদের নজরে আসে ৷ ঘটনার অভিঘাতে এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য ৷ ঘরের ভেতর লোকজন থাকা সত্ত্বেও চোরের দল কীভাবে নিঃশব্দে চুরি করে পালাল, তা নিয়েও বিস্মিত বাসিন্দারা ৷ ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ৷ চোরেদের মুভমেন্ট সম্পর্কে আরও তথ্য পেতে এলাকার সিসিটিভি খতিয়ে দেখছেন তদন্তকারীরা ৷

ভদ্রেশ্বর–সিঙ্গুরের সাতটি দোকান ও বাড়িতে দুঃসাহসিক চুরি (ইটিভি ভারত)

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার গভীর রাতে দুই থানার সংযোগস্থলকে নিশানা করে হানা দেয় একদল দুষ্কৃতী । একাধিক দোকানের সাটার ভেঙে ক্যাশবাক্স খালি করা হয় । পাশাপাশি ভদ্রেশ্বর থানার বিলকুলি এলাকায় একটি নতুন বাড়িতে ঢুকে আলমারি ভেঙে নগদ ও গহনা লুটের অভিযোগ উঠেছে ।

Chandannagar Delhi Road
দোকানের সাটার ভেঙে চুরি৷ (নিজস্ব চিত্র)

ভুক্তভোগী রাজকুমার সেনাপতি বলেন, "কয়েক দিনের মধ্যেই গৃহপ্রবেশ । প্রয়োজনীয় জিনিস এনে রাখা হচ্ছিল । সকালে দেখি সব তছনছ । প্রায় 26 হাজার টাকা, সোনার চেন, কানের ও নাকের গহনা উধাও ।" তাঁর প্রশ্ন, এত বড় এলাকায় টানা চুরি, কী ভাবে সম্ভব? ঘটনার পিছনে স্থানীয় কোনও চক্রের যুক্ত থাকার সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তিনি ৷

একই অভিজ্ঞতা সিঙ্গুরের নপাড়ায় । ওষুধ ব্যবসায়ী দেবদাস মান্না জানান, "রাত দু’টো নাগাদ সাটারের শব্দ পেয়েছিলাম । গুরুত্ব দিইনি । ভোরে উঠে দেখি সাটার ভাঙা ! মহাজনকে দেওয়ার জন্য রাখা প্রায় 70 হাজার টাকা নেই । ওষুধে হাত দেয়নি, শুধু নগদ টাকা নিয়েছে ।"

Bhadreshwar Singur
বাড়িতে তছনছ (নিজস্ব চিত্র)

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ । হুগলি গ্রামীণ পুলিশের এক আধিকারিক জানান, চন্দননগর পুলিশ কমিশনারেট ও হুগলি গ্রামীণ পুলিশের সীমান্তবর্তী এলাকায় একাধিক চুরির ঘটনা ঘটেছে। কিছু ভাঙা তালা ও সামগ্রী উদ্ধার হয়েছে । সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, দুষ্কৃতীদের শনাক্তের চেষ্টা চলছে ।

পরিস্থিতি খতিয়ে দেখতে ঘটনাস্থলে যান চন্দননগর পুরনিগমের মেয়র রাম চক্রবর্তী । তাঁর কথায়, "আমাদের এলাকায় এই ধরনের দুঃসাহসিক চুরির ঘটনা আগে শোনা যায়নি । মানুষ আতঙ্কিত । নজরদারি বাড়াতে প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপের কথা বলা হয়েছে ।"

ঘটনার জেরে বৃহস্পতিবার সকাল থেকে বিলকুলি-নপাড়ায় আতঙ্কের ছায়া । পুলিশের তল্লাশি জোরদার হলেও স্থানীয়দের কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট । তাঁরা বলছেন, যেভাবে দুই থানার সীমান্তবর্তী এলাকায় এক রাতে ধারাবাহিক চুরির ঘটনা ঘটল, এ যেন পরিকল্পিত 'নাইট রেইড' !

আরও পড়ুন: