ETV Bharat / state

মোবাইল ভুলে একদিন চড়ুইভাতির আমেজে থিয়েটার কার্নিভাল আসানসোলে

আসানসোলে এই থিয়েটার কার্নিভালে ভিড় জমিয়েছিলেন ছোট-বড় অনেকে ৷ উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যশিল্পী ও অভিনেতারা ৷

Theatre Carnival
থিয়েটার কার্নিভাল আসানসোলে (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 15, 2025 at 9:30 PM IST

3 Min Read
Choose ETV Bharat

আসানসোল, 15 ডিসেম্বর: একটা গোটা দিন থিয়েটারের জন্য । মানুষজন মোবাইল ভুলে সারাদিন মজে থাকল নাটক, নাটকের গান, মূকাভিনয়, খাওয়া-দাওয়া ও আড্ডায় । শীতের চড়ুইভাতির আমেজে আসানসোলে এরকম একটি অভিনব দিনের উপহার দিল ফিনিক্স নাট্যগোষ্ঠী ।

দর্শকদের মতে, এরকম একটি অনন্য উদ্যোগ এর আগে শহরে তেমন দেখা যায়নি । ফিনিক্স-এর পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের শুভসংস্কৃতিকে ফিরিয়ে আনার জন্যই এই উদ্যোগ । এই উদ্যোগে খুশি দর্শকরাও ।

মোবাইল ভুলে একদিন চড়ুইভাতির আমেজে থিয়েটার কার্নিভাল আসানসোলে (ইটিভি ভারত)

অন্যরকম চড়ুইভাতি

বাঙালিদের কাছে শীত খুব প্রিয় । কারণ, শীতে দল বেঁধে বেরিয়ে পড়া যায় চড়ুইভাতিতে । আড্ডা, হইচই'তে মেতে ওঠা যায় ছুটির দিনগুলোতে । কার্যত সেই ভাবনাকে সামনে নিয়ে এসেই একটি থিয়েটার কার্নিভাল অনুষ্ঠিত হল আসানসোলে ।

Theatre Carnival
নাটকের গান করলেন শিল্পীরা (নিজস্ব ছবি)

আসানসোল মিশ্র সংস্কৃতির অঞ্চল । আসানসোলে বাংলার উপরে হিন্দি এবং ভোজপুরী থাবা বসাচ্ছে । এই অভিযোগ দীর্ঘদিনের । বর্তমানে রাজনৈতিক দলের মেলা, উৎসব এবং সরকারি মেলা-খেলা ছাড়া এখন উৎসবের সংখ্যা হাতে গোনা । তার একটাই কারণ উৎসবের যে বিপুল খরচ, তা ওঠে না । কিন্তু স্বল্প খরচেও মানুষকে ভালোলাগা দেওয়া যায়, সেরকম একটি অভিনব উদ্যোগ দেখা গেল রবিবার ।

Theatre Carnival
চেলিডাঙা হাই স্কুল চত্বরে এই উৎসব অনুষ্ঠিত হয় (নিজস্ব ছবি)

আসানসোলের ফিনিক্স নাট্যগোষ্ঠী আয়োজন করেছিল 'পাল তুলে দে-আঙিনায় থিয়েটার' । মূলত নন প্রসেনিয়াম থিয়েটার উৎসব । কিন্তু নন প্রসেনিয়াম থিয়েটার উৎসব আসানসোলের অন্যান্য জায়গাতেও হয় ।

Theatre Carnival
চলল খাওয়া-দাওয়া (নিজস্ব ছবি)

এক্ষেত্রে আলাদা কী হল?

জানা গিয়েছে, ফিনিক্সের এই নাট্য উৎসবে সারাদিন ধরে বিভিন্ন স্বাদের নাটক দেখা গিয়েছে । মোট সাতটি নাটক অভিনীত হয় এদিন । শুধু তাই নয়, নাটকের গান, মূকাভিনয়-সহ আরও নানান কিছুতেই ভরেছিল এই দিনের এই উৎসব । এছাড়া ছিল পেট পুরে খাওয়াদাওয়া । সারাদিন ধরে আসানসোলের মানুষজন মজে থাকেন এই থিয়েটার কার্নিভালে । আসানসোলের চেলিডাঙা হাই স্কুল চত্বরে এই উৎসব অনুষ্ঠিত হয় ।

Theatre Carnival
মূকাভিনয় মজে দর্শকরা (নিজস্ব ছবি)

ফিনিক্স নাট্যগোষ্ঠীর পক্ষ থেকে পলি ভট্টাচার্য বলেন, "আমরা চেয়েছিলাম শীতের এরকম একটা আমেজে অন্যরকমের চড়ুইভাতির আয়োজন করতে । যেখানে সারা দিনে নাটক হবে, নাটকের গান হবে, অন্যান্য আরও নানা শিল্পকর্ম হবে । সেরকম ভেবেই এই আয়োজন । কিন্তু মানুষজনের এই উৎসাহ দেখে আমরা আপ্লুত । প্রচুর মানুষ এসেছিলেন এবং আমরা বিশ্বাস ফিরে পেয়েছি যে ভালো কাজের জন্য মানুষ ঝাঁপিয়ে পড়ে ।"

Theatre Carnival
পেট পুরে হল খাওয়াদাওয়া (নিজস্ব ছবি)

আপ্লুত দর্শক

আসানসোলের আপকার গার্ডেন থেকে এই অনুষ্ঠানে অংশ নেন দর্শক জয়া বন্দ্যোপাধ্যায় ৷ তাঁর কথায়, "একটা সারাদিন মোবাইল ভুলে নাটক দেখছি, গান শুনছি, আড্ডা দিচ্ছি, এর চেয়ে আর ভালো কী হতে পারে? সঙ্গে খাওয়া দাওয়া ৷ একদম অন্যরকমের একটা ভালো লাগা নিয়ে বাড়ি ফিরছি ৷ এরকম আয়োজন আরও বেশি বেশি করে হোক ।"

Theatre Carnival
ফিনিক্স নাট্যগোষ্ঠী এই উদ্যোগ নেয় (নিজস্ব ছবি)

এদিনের অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় বর্ষীয়ান অভিনেতা পূর্ণচন্দ্র চট্টোপাধ্যায়কে । শুধু তাই নয়, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত মূকাভিনয় শিল্পী কল্পতরু গুহ এই অনুষ্ঠানে অভিনয় করেন । উপস্থিত ছিলেন বিশিষ্ট নাট্যশিল্পী ও অভিনেতা স্বপন বিশ্বাস, তাপস দত্ত, কিংশুক মুখোপাধ্যায়, অর্ঘ্য চক্রবর্তী-সহ প্রমুখ ।