অগ্রহায়ণে পারদ 14 ডিগ্রিতে, রাজ্যজুড়ে ভরপুর শীতের আমেজ
ডিসেম্বরের শুরু থেকেই নিম্নগামী তাপমাত্রা ৷ ঠান্ডার কামড় বেশ ভালোই মালুম হচ্ছে বঙ্গবাসীর ৷ আগামী সাতদিন কেমন থাকবে আবহাওয়া, জানাল হাওয়া অফিস ৷

Published : December 7, 2025 at 8:15 AM IST
কলকাতা, 7 ডিসেম্বর: শীত যেন টিনএজ ক্রিকেট বিস্ময় বৈভব সূর্যবংশী । ভারতীয় ক্রিকেটে চোদ্দ বছর বয়সী মারকুটে ব্যাটারের মতই শীতও যেন অপ্রতিরোধ্য । অগ্রহায়ণেই বঙ্গের বাতাসে শীতের জোরালো কামড় । যার সামনে গত কয়েকবছরের শীতের পরিসংখ্যান ফিকে ।
কারণ ডিসেম্বরের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রার পারদ 14 ডিগ্রির ঘরে । আজ রবিবার আলিপুর আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ অন্বেষা ভট্টাচার্য জানিয়েছেন, আগামী সাত দিনে তাপমাত্রার তেমন বড়সড় পরিবর্তন নেই ।
আজকের আবহাওয়া যেমন থাকবে
আজ রবিবার দিনের আকাশ পরিষ্কার থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 25 এবং 14 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
সপ্তাহান্তে জমিয়ে শীতের আমেজ দক্ষিণবঙ্গে । শনিবার কলকাতা ও সংলগ্ন জেলাতে সর্বনিম্ন তাপমাত্রা 14.5 ডিগ্রি সেলসিয়াস । আজ 14 ডিগ্রির কাছাকাছি থাকবে তাপমাত্রা । পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা কমে 10 ডিগ্রি সেলসিয়াসের ঘরে । ইতিমধ্যে কলাইকুন্ডাতে স্বাভাবিকের তুলনায় 4 ডিগ্রি সেলসিয়াস নীচে তাপমাত্রা । অবাধ পশ্চিমের শীতল হাওয়া । রাজ্যজুড়েই শীতের আবহাওয়া । স্বাভাবিকের তুলনায় দক্ষিণবঙ্গে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নিচে রয়েছে । আগামী সাতদিন শুষ্ক আবহাওয়াই থাকবে । বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তাপমাত্রা অনেকটাই নেমেছে ; আগামিকাল সোমবার আরও একটু নামতে পারে পারদ ।
উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
উত্তরবঙ্গে সকালে শিশির এবং কুয়াশার দাপট থাকলেও বেলায় পরিষ্কার আকাশের সম্ভাবনা । সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপটে দৃশ্যমানতা দু-এক জায়গায় 200 মিটার পর্যন্ত নামতে পারে । উপকূলের দিকে কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে । তবে দক্ষিণবঙ্গে কুয়াশার সম্ভাবনা কম । উত্তরবঙ্গে প্রধানত শুষ্ক আবহাওয়া বৃষ্টির সম্ভাবনা নেই । সেখানেও ঠান্ডার দাপট থাকবে । ভোর এবং সকালের দিকে হালকা কুয়াশা পড়বে । বেলায় পরিষ্কার আকাশ । দার্জিলিংয়ে 5 ডিগ্রি সেলসিয়াসের ঘরে তাপমাত্রা । মালদায় 15 ডিগ্রির ঘরে পারদ ঢুকে পড়েছে । আগামী 4 থেকে 5 দিন তাপমাত্রা একইরকম থাকবে ।
বিগত দিনের তাপমাত্রার রেকর্ড
শনিবার কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 14.5 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.03 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 2.08 ডিগ্রি কম । আগামী দু'দিনে সর্বনিম্ন তাপমাত্রার পারদ আরও 2 ডিগ্রি নামার পূর্বাভাস রয়েছে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 83 এবং সর্বনিম্ন 38 শতাংশ ।

