ETV Bharat / state

মার্চেই তাপপ্রবাহের শঙ্কা ! রাজস্থানের চেয়েও বেশি গরম পড়বে বাংলায় ?

চলতি মাসেই 35 ডিগ্রি ছাড়াবে তাপমাত্রা ৷ এপ্রিল-মে পড়তেই তাপপ্রবাহের শঙ্কা থাকবে বঙ্গের আবহাওয়ায় ৷ রঙের উৎসবও কাটবে চড়া রোদ-গরমে ৷

WEST BENGAL WEATHER UPDATE
রোদ ঝলমলে আকাশ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 2, 2026 at 9:11 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মার্চ: দোলে ছড়ি ঘোরাবে চড়া রোদ । গরমের সবে ট্রেলার শুরু। এপ্রিল-মে মাসে তাপপ্রবাহের আশঙ্কা বাংলায় । মার্চের শুরুতেই বলা হয়েছিল তাপমাত্রা 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে । রাজস্থানের চেয়েও বেশি গরম পড়বে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে । বাঁকুড়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রামে চড়চড়িয়ে বাড়বে গরম ।

চলতি মাসেই সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি ছাড়াবে ৷ ফলে শীতের মতোই গরমও প্রথম থেকে চালিয়ে খেলার ইঙ্গিত দিচ্ছে। আগামী সাত দিন হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা । আকাশ পরিষ্কার থাকায় এবং তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে থাকায়, কলকাতা ও তার সংলগ্ন জেলাগুলিতে গরমের অনুভূতি আরও বাড়বে।

এই ঊর্ধ্বমুখী ধারা বজায় থাকলে দিনের তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছতে পারে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী তিন দিন তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। তারপর তাপমাত্রার হেরফের হবে না। চৈত্র মাসেই গরমের চড়া অনুভূতি টের পাবে বঙ্গবাসী। আগামিকাল মঙ্গলবার, দোলের দিন গরমেই রঙের উৎসবে অংশ নেবে জনজীবন।

উত্তরবঙ্গে আগামী তিন দিন তাপমাত্রার হেরফের হবে না। তারপর দক্ষিণবঙ্গের মতো তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে। দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 33 ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। যে ঠান্ডার হালকা রেশ ছিল তা অস্বস্তিকর গরমের দিকে ইতিমধ্যেই চলে গিয়েছে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও ঠান্ডা চলে গিয়ে গরমের অনুভূতি বাড়তে শুরু করবে।

কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.7 ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.2 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে 0.6 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন 36 ও সর্বোচ্চ 91 শতাংশ। আজ দিনের আকাশ পরিষ্কার থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 33 ডিগ্রি এবং 23 ডিগ্রির আশেপাশে থাকবে।