বসন্তেই গ্রীষ্মের আগমনী, বৃষ্টি শেষে ফের বাড়বে তাপমাত্রা
বৃষ্টি হওয়ায় সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা কমলেও ফের তা বৃদ্ধির পূর্বাভাস ৷ মার্চ থেকেই উত্তাপ বাড়বে রাজ্যে ৷ আজ কেমন থাকবে আবহাওয়া, জানুন বিস্তারিত ৷

Published : February 25, 2026 at 7:49 AM IST
কলকাতা, 25 ফেব্রুয়ারি: নিম্নচাপ ও ঘূর্ণাবর্তের জোড়া ফলায় ফাগুনের দ্বিতীয় সপ্তাহেই ভিজেছে বাংলার একাধিক জেলা ৷ মঙ্গলবার রাত এবং সকালে হালকা থেকে মাঝারি বৃষ্টি হলেও তা শীতের প্রত্যাবর্তনের বার্তা নয় । আজ বুধবার থেকে ধীরে ধীরে ফের বাড়বে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ।
আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, এই বৃষ্টিতে শীতের পুনরায় ফেরার সম্ভাবনা নেই । পয়লা মার্চ থেকে প্রাক গ্রীষ্ম মরশুমের আবাহনী শুরু হবে । আজ থেকে দক্ষিণবঙ্গের জেলায় তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই । সর্বনিম্ন তাপমাত্রা 19 থেকে 21 ডিগ্রির ঘরে ঘোরাফেরা করবে । সর্বোচ্চ তাপমাত্রা 30 পেরিয়ে 31 থেকে 32 ডিগ্রির আশেপাশে থাকবে ।
মঙ্গলবার রাত এবং ভোরের দিকে হালকা বৃষ্টি হওয়ায় পারদ নেমেছিল । মেঘলা আকাশ থাকায় দিনের তাপমাত্রা বাড়েনি । তবে আজ থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা নেই । আপাতত শুষ্ক আবহাওয়া থাকবে । তাই পারদ চড়বে । কলকাতাতেও একই পরিস্থিতি থাকবে । সেখানেও পারদ চড়বে । ইতিমধ্যেই চড়তে শুরুও করেছে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াসের মতো বাড়বে ।
আজ বুধবার দিনের শুরুতে মেঘলা আকাশ থাকবে । তবে বেলা এবং বিকেলের দিকে মেঘ কেটে গিয়ে আকাশ পরিষ্কার হবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 এবং 19 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।
নভেম্বরের পরে বৃষ্টির ফলে শীতল আবহাওয়া । কিন্তু আলিপুর আবহাওয়া অফিস বলছে, এই হালকা শীতল পরিবেশ আর নয় । এমনকি ভোরের কুয়াশাও কমবে । দক্ষিণবঙ্গের সব জেলাতেই পারদ চড়বে । তবে উত্তরবঙ্গের ছবি দক্ষিণের তুলনায় সামান্য আলাদা । সেখানে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়িতে বৃষ্টি হয়েছে । সিকিমের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা । সান্দাকফুতে তুষারপাতের পূর্বাভাস রয়েছে । তবে এই শীতের পরিস্থিতি সেখানেও বদল হবে আজকের পর থেকে ।
উত্তরবঙ্গের সমতলেও ইতিমধ্যেই পারদ চড়তে শুরু করেছে । সব মিলিয়ে দক্ষিণবঙ্গের তুলনায় সামান্য দেরি হলেও উত্তরবঙ্গেও পারদ চড়বে । অর্থাৎ, ক্যালেন্ডার মেনে ঘোষণা করে না হলেও শীতের বিদায় সম্পূর্ণ বলা যায় ।
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 19.02 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 00.03 ডিগ্রি নিচে । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.08 ডিগ্রি সেলসিয়াস । যা স্বাভাবিকের চেয়ে 03.07 ডিগ্রি নিচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন 57 এবং সর্বোচ্চ 100 শতাংশ ।

