ETV Bharat / state

আজ ফের 14-র ঘরে পারদের কাঁটা, ঘনাচ্ছে ঘূর্ণাবর্ত; তবে কি থমকে যাবে শীত !

উত্তুরে হাওয়ার দাপটে শীতের শিরশিরানি উপভোগ করছে রাজ্যবাসী। আজ ফের 14 ডিগ্রির ঘরে পৌঁছেছে সর্বনিম্ন তাপমাত্রা। শেষ পনেরো দিনে ফের মরশুমের শীতলতম দিন ৷

WEST BENGAL WEATHER UPDATE
বঙ্গে জোরালো ঠান্ডা (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 12, 2025 at 8:12 AM IST

|

Updated : December 12, 2025 at 9:38 AM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 12 ডিসেম্বর: শীতের চাদর রাজ্যের আবহে। তবে জমিয়ে ঠান্ডা পড়ার অপেক্ষায় বঙ্গবাসী। ডিসেম্বর দ্বিতীয় সপ্তাহ শেষের দিকে তবু হাড়কাঁপানো ঠান্ডার দেখা মেলেনি ৷ চলতি বছরে, শীত একটু দীর্ঘ ইনিংস খেলার মেজাজে। তাই অগ্রহায়ণে উপস্থিত হয়ে বঙ্গের আবহে ঘাঁটি গেড়ে বসেছে। সাধারণত বঙ্গের শীত খুব ক্ষণস্থায়ী। তবে এবার ছবিটা ভিন্ন ৷

আবহাওয়াবিদরা বলছেন, আগামী সাত দিন আবহাওয়ার কোনও বড় পরিবর্তন নেই। উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশে শীতের আমেজ ভালো মতোই অনুভূত হবে। তবে এখনই জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা নেই। সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নীচে থাকছে। আর এখন এমনটাই চলবে। গত কয়েক দিন ধরে কলকাতায় পারদ নেমেছে 15 ডিগ্রিতে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা 10-11 ডিগ্রি সেলসিয়াসে নেমেছে। সামনে পৌষ মাস। হয়তো শীত তখন গিয়ার বদলাবে ! এরই মধ্যে একটি ঘূর্ণাবর্ত ঘনায়মান হওয়ার পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতর দিয়েছে।

ঘনায়মান ঘূর্ণাবর্ত- দক্ষিণ বাংলাদেশ ও তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত রয়েছে। পাশাপাশি, উত্তর-পশ্চিম ভারতে একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে। সঙ্গে একটি ঘূর্ণাবর্তও রয়েছে জম্মু কাশ্মীর এলাকায়। আগামিকাল, শনিবার নতুন করে একটি পশ্চিমী ঝঞ্ঝা ঢোকার কথা। তবে উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশে তা কাঁটা ছড়াবে না। ফলে আপাতত শীতের আমেজে ভাটা পড়ার সম্ভাবনা নেই।

পারদ পতনের সম্ভাবনা নেই- আগামী কয়েকদিনে রাজ্যে নতুন করে পারদ পতনেরও পূর্বাভাস নেই। ভোরের দিকে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের জেলায় কুয়াশার দাপট চলবে। আজ দিনের আকাশ পরিষ্কার থাকবে ৷ ভোরে কুয়াশার দাপট লক্ষ্য করা গিয়েছে। আগামী কয়েকদিন আবহাওয়া শুষ্ক থাকবে।

ভোরে কুয়াশার দাপট- উত্তরবঙ্গের উপরের চারটি জেলা তথা দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও আলিপুরদুয়ারে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা লক্ষ্য করা যাবে। কোথাও কোথাও দৃশ্যমানতা 200 মিটারে নেমে যেতে পারে। ভোরের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে ৷ সব মিলিয়ে কুয়াশা, উত্তরের ঠান্ডা হাওয়ায় রাজ্যজুড়ে জমজমাট শীতের আমেজ।

মরশুমের শীতলতম দিন- এদিন বেলা বাড়তেই হাওয়া অফিস সূত্রে জানা যায়, আজ ফের 14 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছেছে সর্বনিম্ন তাপমাত্রা। মরশুমের শীতলতম দিন ছিল গত শনিবারও। সেদিন কলকাতা এবং তৎপার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছিল 14 ডিগ্রির ঘরে। আজ আলিপুর আবহাওয়া দফতর বলছে, সর্বনিম্ন তাপমাত্রা 14.8 ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে 1.3 ডিগ্রির নীচে। সর্বোচ্চ তাপমাত্রা 25.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রির নীচে। এই নিয়ে শেষ পনেরো দিনে দু'বার সর্বনিম্ন তাপমাত্রা 14 ডিগ্রির ঘরে পৌঁছল ৷ তাই বলাই যায় অগ্রহায়ণ মাসের শেষ সপ্তাহে শীত মারকুটে ব্যাটিং শুরু করেছে ৷

বিগত দিনের তাপমাত্রা কেমন ছিল ? বৃহস্পতিবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 2.6 ডিগ্রি সেলসিয়াসের নীচে। সর্বনিম্ন তাপমাত্রা ছিল, 15.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি সেলসিয়াসের নীচে। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 95 ও সর্বনিম্ন 43 শতাংশ।

Last Updated : December 12, 2025 at 9:38 AM IST