ETV Bharat / state

চড়বে পারদ, বাড়বে কুয়াশা; ঠান্ডা কি শীতঘুমে ?

শীতের আমেজ থাকলেও কনকনে ঠান্ডা এখনও অধরা বঙ্গের আবহাওয়ায় ৷ কবে নামবে পারদ ? আবহাওয়া দফতর বলছে শীতের আমেজ পেতে আপাতত অপেক্ষা করতে হবে ৷

WEST BENGAL WEATHER UPDATE
কুয়াশাচ্ছন্ন সকাল (ছবি: পিটিআই)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 16, 2025 at 7:39 AM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 16 ডিসেম্বর: শীত কি পৌষ মাসে পা-দেওয়ার আগেই 'শীত ঘুমে' যাওয়ার প্রস্তুতি নিচ্ছে ? ঠান্ডার মতিগতি দেখে সেটাই মনে হচ্ছে বঙ্গবাসীর ৷ অগ্রহায়ণে আশা জাগিয়ে শুরু করে পৌষের দোরগোড়ায় শীত যেন অভিমানী । তবে, পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশ কাঁটা ছড়িয়ে থাকতে পারে শীতের আগমনে ৷ কিন্তু, তাই বলে ঝপ করে পারদ পতনের বদলে পারদের ঊর্ধ্বগতির ইঙ্গিত কেন ?

রাজ্যে গত দু'দিনে পারদ চড়ার ছবি লক্ষ্য করা গিয়েছে । আবহাওয়ার এই তারতম্যের পিছনে রয়েছে উত্তর-পশ্চিম ভারতে একটি সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা । আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী কয়েক দিন রাত ও দিনের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য উপরের দিকেই থাকবে ।

আজ মঙ্গলবার দিনের আকাশ পরিষ্কার থাকবে ৷ ভোরে কুয়াশার দাপট যেমন চলছে তেমনই চলবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি এবং 16 ডিগ্রির আশেপাশে থাকবে ৷

গতকাল তো কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা 16 ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছয় । এদিন দক্ষিণবঙ্গের শীতলতম স্থান ছিল শ্রীনিকেতন, 11.4 ডিগ্রি সেলসিয়াস । চলতি শীতের মরশুমে পশ্চিমের জেলাগুলোর মধ্যে কয়েকদিন ধরে বীরভূমের শ্রীনিকেতন টেক্কা দিচ্ছে পুরুলিয়া ও ঝাড়গ্রামকে । এখনও পর্যন্ত পুরুলিয়া, ঝাড়গ্রাম, পানাগড় এই মরশুমে শ্রীনিকেতনকে টেক্কা দিতে পারেনি । ফলে ডিসেম্বরের 15 তারিখ পার হলেও জমিয়ে ঠান্ডার আমেজটা বঙ্গে বিশেষ করে দক্ষিণবঙ্গে মেলেনি ।

অন্যদিকে, উত্তরবঙ্গে শীতের কামড় যথেষ্টই রয়েছে । বিশেষ করে উপরের পাঁচটি জেলায় । সোমবার উত্তরবঙ্গের সমতলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 9 ডিগ্রি সেলসিয়াসে, যা শীতলতম । দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 5 ডিগ্রিতে । যা এই রাজ্যের মধ্যে শীতলতম তো বটেই ।

আলিপুর আবহাওয়া দফতর বলছে, আপাতত শুষ্ক আবহাওয়া চলবে । কোনও ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপের ইঙ্গিত সমুদ্রে নেই । তাপমাত্রায় বড় কোনও পরিবর্তনের সম্ভাবনা নেই অর্থাৎ জমিয়ে শীতের আমেজ পেতে আপাতত অপেক্ষা করতে হবে । আগামী পাঁচ থেকে সাত দিন কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 14 থেকে 16 ডিগ্রির মধ্যেই থাকবে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ৷

সোমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.2 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 0.1 ডিগ্রি সেলসিয়াস বেশি । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা দু'টোই স্বাভাবিকের চেয়ে সামান্য হলেও বেশি । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বোচ্চ 90 এবং সর্বনিম্ন 42 শতাংশ ।