গ্রাম থেকে শহর, মরশুমের শীতলতম দিনে কাঁপছে বাংলা
বছর শেষে হাড় কাঁপানো ঠান্ডায় কাবু বঙ্গবাসী ৷ নিত্যদিন পারদ পতনে আজও মরশুমের শীতলতম দিন ৷ 13 বছর পর সর্বোচ্চ তাপমাত্রার এত পতন ৷

Published : December 30, 2025 at 10:20 AM IST
কলকাতা, 30 ডিসেম্বর: বর্ষশেষের দোরগোড়ায় ফের পারদ পতন । মঙ্গলবার চলতি মরশুমের শীতলতম দিন । উত্তর এবং দক্ষিণবঙ্গজুড়েই তাপমাত্রার পতন । জেলা তো বটেই, শহর কলকাতাও জোরালো শীতের কবলে । কেন এই ঠান্ডার দাপট ? কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে 13 বছর পর স্বাভাবিকের থেকে 7 ডিগ্রি নীচে নামল সর্বোচ্চ তাপমাত্রা ৷ আর স্বাভাবিকের থেকে 1.2 ডিগ্রি নীচে নামল সর্বনিম্ন তাপমাত্রা ৷ সেই সঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপট ৷ সব মিলিয়ে বর্ষশেষে শীতের কামড় উত্তর থেকে দক্ষিণ সর্বত্র ৷
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, 2012 সালে সর্বোচ্চ তাপমাত্রায় একই পতন ঘটেছিল ৷ সোমবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি সেলসিয়াস ৷ সর্বনিম্ন তাপমাত্রা 12.6 ডিগ্রি সেলসিয়াস ৷ চলতি বছর এই নিয়ে দুইবার সর্বনিম্ন তাপমাত্রা 12 ডিগ্রির ঘরে পৌঁছল ৷ এদিকে, কুয়াশার কারণে রোদের দাপট কম ৷ ফলে, কনকনে ঠান্ডায় কাঁপছে বঙ্গবাসী ৷ মঙ্গলবার দিনের আকাশ থাকবে পরিষ্কার । ভোর বা সকালে কুয়াশার দাপট থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা 21 ডিগ্রি এবং 12 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।
আবহাওয়া অফিসের মতে, পশ্চিমী ঝঞ্ঝা বা পূবালী হাওয়ার বাধা না থাকাতেই চলতি মরশুমে শীতের বাড়ন্ত ৷ ডিসেম্বরে কোথাও বৃষ্টি হয়নি । আপাতত সেই সম্ভাবনাও নেই । শুষ্ক আবহাওয়া এবং উত্তুরে হাওয়ার অবাধ প্রবেশে শীত জাঁকিয়ে অনুভূত হচ্ছে বলে জানিয়েছেন আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস ।
তিনি জানিয়েছেন, দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আগামী দু'দিন স্বাভাবিকের কাছাকাছি বা সামান্য উপরে থাকবে । বছরের শেষদিন পর্যন্ত এই পরিস্থিতি চলবে । তারপর আরও একটু বাড়বে । দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে সর্বনিম্ন তাপমাত্রা । কুয়াশার দাপট চলবে । আগামী দু'দিন একইরকম পরিস্থিতি চলবে দক্ষিণবঙ্গে । প্রায় সব জেলায় কুয়াশার দাপটের পূর্বাভাস দেওয়া হয়েছে । ফলে, দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে ।
উত্তরবঙ্গের আবহাওয়া
উত্তরবঙ্গে ছবিটা দক্ষিণবঙ্গের থেকে আলাদা । বছরের শেষদিন এবং নতুন বছরের প্রথম দু'দিন বৃষ্টি এবং তুষারপাতের সম্ভাবনা রয়েছে । শৈলশহরে তুষারপাতের পূর্বাভাসে এখন দার্জিলিংয়ে পর্যটকের সংখ্যা বিরাট সংখ্যায় বেড়ে গিয়েছে ।
রাজ্যের শীতলতম স্থান
সোমবার দক্ষিণবঙ্গের শীতলতম স্থান দখল করেছে বাঁকুড়া ৷ পশ্চিমের এই জেলায় তাপমাত্রা নেমেছে 9 ডিগ্রি সেলসিয়াস । উত্তরবঙ্গে সমতলের শীতলতম স্থান হল আলিপুরদুয়ার ৷ জেলার তাপমাত্রা 10 ডিগ্রি সেলসিয়াস । দার্জিলিং হল রাজ্যের শীতলতম জেলা । সেখানে সর্বনিম্ন তাপমাত্রা 3.8 ডিগ্রি সেলসিয়াস ৷
সোমবার কলকাতা এবং পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়া
হাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী, সোমবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.5 সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 0.3 ডিগ্রি কম । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18.2 ডিগ্রি, স্বাভাবিকের থেকে যা 7.2 ডিগ্রি কম । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বনিম্ন 71 শতাংশ । সর্বোচ্চ 91 শতাংশ ।

