রাজ্যজুড়ে ভরপুর শীত, জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা
শীতবিলাসীদের সুখের সময় ৷ তাদের কাঙ্খিত শীতকালের দখলদারিতে রাজ্য ৷ ঠান্ডায় জমে যাচ্ছে বঙ্গবাসীর নিত্যজীবন ৷ ক'দিন চলবে এমন ঠান্ডা, জানাল আলিপুর ৷

Published : January 7, 2026 at 7:34 AM IST
কলকাতা, 7 জানুয়ারি: একটা সোয়েটারে শীত ভাঙা দায় ৷ একাধিক গরম পোশাকেও শীত যেন ভাঙছে না ৷ এমনই কনকনে ঠান্ডায় কাঁপছে রাজ্য ৷ আপাতত শীতের এই দাপুটে ইনিংস চলবে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷
এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, দক্ষিণবঙ্গের বীরভূম ও পশ্চিম বর্ধমানে আজ ও আগামিকাল শৈত্যপ্রবাহের সতর্কতা রয়েছে ৷ শীতল দিনের সতর্কতা দেওয়া হয়েছে হুগলি, দুই 24 পরগনা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়াতে । আগামিকাল বৃহস্পতিবার এই জেলাগুলিতে শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে ।
এছাড়াও উত্তর 24 পরগনা, বীরভূম, নদিয়া এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে । আজ বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় কুয়াশার সতর্কতা জারি থাকবে । দৃশ্যমানতা 50 মিটারে নেমে আসতে পারে । উত্তরবঙ্গে শীতল দিনের পরিস্থিতি তিন জেলাতে । জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে তিনদিন ৷ অর্থাৎ আজ, আগামিকাল ও পরশু ৷
আগামী 48 ঘণ্টায় দার্জিলিং থেকে মালদা উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কবার্তা থাকছে । মঙ্গলবার সকালে ঠান্ডায় কেঁপেছে কলকাতা । তবে মহানগরে 10 ডিগ্রির ঘরে তাপমাত্রা এই প্রথম নয় ৷ বিগত বছরের জানুয়ারিগুলিতে নিম্নতম তাপমাত্রার প্রথম দশের মধ্যে স্থান নেই এদিনের তাপমাত্রার । যদিও 2013 সালে 9 ডিগ্রির ঘরে নেমেছিল তাপমাত্রা ।

দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
দক্ষিণবঙ্গে আগামী কয়েক দিনে কুয়াশা ও শীতের দাপট বাড়বে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । আজ বুধবার দিনের আকাশ প্রধানত পরিষ্কার থাকার পাশাপাশি ভোরে ও বেলায় কুয়াশার দাপট অব্যাহত থাকবে । সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 19 এবং 10 ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করবে ।
7 জানুয়ারি সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে । অনেক জায়গায় দৃশ্যমানতা কমে 200 থেকে 199 মিটারের মধ্যে থাকবে । মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম ও উত্তর 24 পরগনায় এক–দু'টি জায়গায় ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে ৷ যেখানে দৃশ্যমানতা 50 থেকে 199 মিটার পর্যন্ত নেমে যেতে পারে । বীরভূম ও পূর্ব বর্ধমান জেলার এক–দু'টি জায়গায় শৈত্যপ্রবাহ ও শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে । হুগলি, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং দুই 24 পরগনায় শীতল দিনের সম্ভাবনা রয়েছে ।
8 জানুয়ারি সকাল পর্যন্ত একই রকম আবহাওয়া বজায় থাকবে । সব জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা যেতে পারে । মুর্শিদাবাদ, নদিয়া ও বীরভূম জেলার কোথাও কোথাও ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে । বীরভূম, পূর্ব বর্ধমানে শৈত্যপ্রবাহ ও শীতল দিনের পরিস্থিতি তৈরি হতে পারে । অন্যান্য জেলাগুলিতেও শীতল দিন চলতে পারে ।
9 জানুয়ারি সকাল পর্যন্ত বিভিন্ন জেলায় সকালে কুয়াশার দাপট থাকবে । বীরভূমে শৈত্যপ্রবাহ ও শীতল দিনের সম্ভাবনা রয়েছে । মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং নদিয়ায় শীতল দিনের পরিস্থিতি দেখা যেতে পারে ।
9 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সব জেলায় এক–দু'টি জায়গায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে । শীতের দাপট বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস ।

উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় কুয়াশা ও শীতের দাপট অব্যাহত থাকবে ।
8 জানুয়ারি সকাল সাড়ে আটটা পর্যন্ত পূর্বাভাস, উত্তরবঙ্গের সব জেলাতেই সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে । এর জেরে দৃশ্যমানতা কমে 200 মিটারের মধ্যে নেমে যেতে পারে । পাশাপাশি, এক বা দুই জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনাও রয়েছে ৷ যেখানে দৃশ্যমানতা 199 থেকে 50 মিটারে নেমে আসতে পারে । এই সময় কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় এক-দু'টি স্থানে শীতল দিনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে ।
8 জানুয়ারি সকাল সাড়ে আটটা থেকে 9 জানুয়ারি সকাল সাড়ে আটটা পর্যন্ত পূর্বাভাস, এই সময়েও উত্তরবঙ্গের সব জেলায় সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে । কোচবিহার, জলপাইগুড়ি ও দার্জিলিং জেলায় এক বা দুই জায়গায় ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে । একই সঙ্গে কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলায় শীতল দিনের পরিস্থিতি বজায় থাকতে পারে ।
9 জানুয়ারি সকাল সাড়ে আটটা থেকে 11 জানুয়ারি সকাল সাড়ে আটটা পর্যন্ত পূর্বাভাস, উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সকালবেলা হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে । সেই কারণে সকালবেলা যান চলাচলে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস ।

বিগত দিনের তাপমাত্রার রেকর্ড
কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলে মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.02 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 03.07 ডিগ্রি নিচে । সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে 06.07 ডিগ্রি নিচে । বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল সর্বনিম্ন 66 এবং সর্বোচ্চ 98 শতাংশ ।
কলকাতায় জানুয়ারি মাসের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড :
1899 সালের 20 জানুয়ারি 6.7 ডিগ্রি সেলসিয়াস সর্বকালীন রেকর্ড ।
2013 সালের 9 জানুয়ারি 9.0 ডিগ্রি সেলসিয়াস ।
2018 সালে 8 জানুয়ারি 10.5 ডিগ্রি সেলসিয়াস ।
2023 সালে 6 জানুয়ারি 10.9 ডিগ্রি সেলসিয়াস ।
নিম্নচাপের ভ্রুকূটি
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়ে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগোবে । এই সিস্টেমের কারণে হাওয়ার গতিপ্রকৃতি বদল হতে পারে । তবে এই নিম্নচাপের প্রভাব বঙ্গের আবহে নেই । উত্তর ও উত্তর পশ্চিমের অবাধ হাওয়ায় আপাতত শীতল হচ্ছে বাংলা ।

