ETV Bharat / state

ডুয়ার্স উৎসবের মধ্যেই চা শ্রমিকদের আন্দোলন, প্রশাসনিক আশ্বাসে কাটল জট

বকেয়া মজুরি পরিশোধের দাবিতে বিগত দু'দিন ধরে কনকনে ঠান্ডার মধ্যে ডুয়ার্স কন্যার সামনে অবস্থান বিক্ষোভ করছিলেন চা শ্রমিকরা ৷ প্রশাসনিক আশ্বাসে বন্ধ হল আন্দোলন ৷

TEA WORKERS PROTEST
প্রশাসনিক আশ্বাসে কাটল চা শ্রমিকদের জট (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 7, 2026 at 7:40 PM IST

3 Min Read
Choose ETV Bharat

আলিপুরদুয়ার, 7 জানুয়ারি: কনকনে ঠান্ডার মধ্যে দুই দিনের আন্দোলন শেষে বাড়ি ফিরলেন চা শ্রমিকরা ৷ প্রশাসনের তরফে তাঁদের সমস্ত দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়ার পরই বিক্ষোভ প্রত্যাহার করেন শ্রমিকরা ৷

একদিকে উদযাপিত হচ্ছে ডুয়ার্স উৎসব ৷ সেই আবহে বকেয়া মজুরি পরিশোধের দাবিতে আলিপুরদুয়ার প্রশাসনিক ভবন ডুয়ার্স কন্যার সামনে গত 2 দিন ধরে মাদল বাজিয়ে অবস্থান আন্দোলনে যোগ দেন 6টি চা বাগানের শ্রমিকরা ৷ দু'দিন পর প্রশাসনের আশ্বাসে বুধবার দুপুরে আন্দোলন প্রত্যাহার করে নেন শ্রমিকরা ৷ কনকনে ঠান্ডার মধ্যে দু'দিন অবস্থান বিক্ষোভ করার পর এদিন ডুয়ার্স কন্যার সামনে মঞ্চ ছেড়ে বেরিয়ে যান তাঁরা ৷

প্রশাসনিক আশ্বাসে অবস্থান বিক্ষোভ প্রত্যাহার করলেন চা শ্রমিকরা (ইটিভি ভারত)

বকেয়া মজুরি পরিশোধের দাবি আলিপুরদুয়ার চা শ্রমিকদের দীর্ঘদিনের ৷ কিন্তু, কোনও সুরাহা না-হওয়ায় অবশেষে ডুয়ার্স উৎসব চলাকালীনই অবস্থান বিক্ষোভ শুরু করেন শ্রমিকরা ৷ মঙ্গলবার রাত 11টা নাগাদ বিক্ষোভকারীদের সঙ্গে দেখা করেন রাজ্যসভার সাংসদ তথা আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রকাশ চিক বড়াইক । মালিকপক্ষের তরফে একটি লিখিত আশ্বাসপত্র শ্রমিকদের হাতে তুলে দেন ।

চিঠিতে জানানো হয়, এক সপ্তাহের মধ্যেই শ্রমিকদের আংশিক মজুরি পরিশোধ করা হবে ৷ পাশাপাশি, আগামী 31 জানুয়ারির মধ্যে সমস্ত বকেয়া মজুরি শ্রমিকদের হাতে তুলে দেওয়া হবে । মালিকপক্ষ ও প্রশাসনের তরফে যৌথ আশ্বাস পাওয়ার পর বুধবার সকালে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা করেন শ্রমিকরা ।

গত 2 দিন ধরে বিশ্ব ডুয়ার্স উৎসব প্রাঙ্গণ থেকে ঢিল ছোড়া দূরত্বে প্রশাসনিক ভবনের সামনে 4 মাসের বকেয়া মজুরির দাবিতে অবস্থান বিক্ষোভে বসেছিলেন চা শ্রমিকরা । উৎসবের মূলমঞ্চে চলছে গান-বাজনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৷ ঠিক সেই সময় রাস্তার ধারে মাদল বাজিয়ে নিজেদের দাবি জানান আন্দোলনকারী শ্রমিকরা ।

বিশিষ্ট সমাজসেবী অনুরাধা তলোয়ার বলেন, “মানুষকে আগে ঠিক করতে হবে কোনটা আসল ৷ ডুয়ার্সে জাঁকজমক করে উৎসব, নাকি ঠান্ডায় বসে থাকা মজুরি না-পাওয়া শ্রমিকদের কষ্ট ৷ কোনটা আসল ডুয়ার্স, সেটাই আজ বড় প্রশ্ন ।" তিনি আরও বলেন, "ফেব্রুয়ারি মাসের মধ্যে সমস্যার সমাধান হবে ৷ প্রশাসনের লিখিত আশ্বাস পাওয়া গিয়েছে । ম্যানেজমেন্ট চারবার চিঠি দিয়েছে । আগামী 31 জানুয়ারির মধ্যে শ্রমিকরা সমস্ত মজুরি পেয়ে যাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছে । আমরা প্রথম থেকেই বলেছি, মৌখিক কথাতে চলবে না । আমরা লিখিত চিঠি চেয়েছিলাম । আজ প্রশাসনের তরফে লিখিত চিঠি পেয়েছি ।"

বিশিষ্ট সমাজসেবী বিপ্লব বসাক বলেন, "এটা অত্যন্ত লজ্জাজনক । যাঁদের ঘিরে ডুয়ার্সের পরিচিতি, তারাই আজ রাস্তায় বসে আন্দোলন করছেন ৷ আর পাশেই চলছে উৎসবের গান-বাজনা । আমি তাঁদের এই আন্দোলনকে সমর্থন করি ।"

শ্রমিকদের আন্দোলন প্রসঙ্গে রাজ্যসভার সাংসদ প্রকাশ চিক বড়াইক বলেন, “আমার জন্ম চা বাগানে । শ্রমিকদের কষ্ট আমি বুঝি । 3 তারিখ অভিষেক বন্দ্যোপাধ্যায় চা বাগানের সমস্যা সমাধানে এসেছিলেন । সরকারের পক্ষ থেকে যা যা করার সব প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে । জানুয়ারির 9 তারিখের মধ্যে এক দফা মজুরি এবং 31 জানুয়ারির মধ্যে বাকি সমস্ত বকেয়া মজুরি পরিশোধ করা হবে । গ্র্যাচুইটি ও পিএফ সংক্রান্ত বিষয়েও জানুয়ারিতেই আলোচনা হবে ।"

পড়ুন: পরিবেশবান্ধব গঙ্গাসাগর মেলা: প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হবে গ্রামীণ রাস্তা