ETV Bharat / state

‘মিষ্টি’ সরস্বতীতে ভরেছে পটুয়াপাড়া, কুমোরটুলিতে নয়া ঘরানার সৃষ্টিকর্তাকে চেনেন ?

মিষ্টি দুর্গা সকলের মন জড় করে নিয়েছিল ৷ কিন্তু মিষ্টি সরস্বতী থেকেই এই ট্রেন্ডের শুরু ৷ জানুন বিস্তারিত ইটিভি ভারতের প্রতিবেদনে ৷

Sweet Saraswati idol
মিষ্টি সরস্বতী এখন কুমোরটুলির ট্রেন্ড (ছবি-সংগৃহীত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 8, 2026 at 9:38 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 8 জানুয়ারি: আর কয়েকদিন পরেই বঙ্গবাসী মেতে উঠবেন বিদ্যাদেবীর আরাধনায় ৷ সরস্বতী মূর্তি বলতে, বাসন্তী শাড়িতে দেবী ৷ তাঁর বাম পাশে হাঁস, হাতে তানপুরা ৷ এটাই দেখে অভ্যস্ত সকলে ৷ এবার চিরাচরিত সেই সরস্বতী মূর্তির রূপে বদল ঘটিয়েছেন কুমোরটুলির 37 বছরের এক মৃৎশিল্পী ।

মূলত তাঁর কাজের মাধ্যমে নতুন ঘরানার সৃষ্টি করেছেন কুমোরটুলির এই মৃৎশিল্পী । যেমনটা এর আগে করতে দেখা গিয়েছে খ্যাতনামা শিল্পী সনাতন দিন্দাকে । দুর্গাপুজোয় সনাতন দিন্দার তৈরি গৌতম বুদ্ধের মুখের আদলে দুর্গা মূর্তি মন কেড়েছিল দর্শকদের । পরবর্তী সময় সেই আদলে কালী থেকে লক্ষ্মী, এমনকি সরস্বতী মূর্তি হয়েছে একাধিক জায়গায় । তেমনই ওই শিল্পীর তৈরি মিষ্টি সরস্বতী এখন যেন কুমোরটুলির ট্রেন্ড ।

‘মিষ্টি’ সরস্বতীতে ভরেছে পটুয়াপাড়া, কুমোরটুলিতে নয়া ঘরানার সৃষ্টিকর্তাকে চেনেন ? (ইটিভি ভারত)

কে এই শিল্পী ?

এই শিল্পীর নাম দীপঙ্কর পাল ৷ 2012 সাল থেকে কুমোরটুলিকে বিভিন্ন মূর্তি গড়ছেন তিনি ৷ দীপঙ্করের দাদু শীতলচন্দ্র পাল ৷ বাবা তরুণ পাল ৷ তিন প্রজন্ম ধরে তাঁরা এই মূর্তি গড়ার কাজে নিযুক্ত ৷ বাবা-দাদুর কাছ থেকেই মূর্তি গড়ায় হতেখড়ি দীপঙ্করের ৷ কলকাতার 74 পল্লি, যুবক বৃন্দের মতো একাধিক দুর্গাপুজোর থিমের ঠাকুর বানিয়েছেন তিনি ৷ এবার তাঁর নয়া চমক এই মিষ্টি সরস্বতী ৷ যদিও এবছরই প্রথম এই মূর্তি গড়ছেন না তিনি ৷

Sweet Saraswati idol
চলছে মিষ্টি সরস্বতী তৈরির কাজ (নিজস্ব ছবি)
Sweet Saraswati idol
ছোট কন্যার মুখের আদলে লক্ষ্মী মূর্তি (ছবি-সংগৃহীত)

মিষ্টি সরস্বতী ট্রেন্ডের শুরুটা কীভাবে ?

2025 সালে মধ্য কলকাতার চোরবাগানের একটি পুজো কমিটিকে শিল্পী দীপঙ্কর পাল গড়ে দিয়েছিলেন সরস্বতী মূর্তি, যা একটি ছোট্ট কন্যা সন্তানের মতো দেখতে । মিষ্টি মুখ । মুখে হাসি ৷ খেলার হাঁসের আদলেই তাঁর বাহন হাঁস । অর্থাৎ চিরাচরিত সরস্বতী মূর্তির থেকে একদম আলাদা ছিল সেটি ৷ ওই মিষ্টি সরস্বতী মন কাড়ে দর্শকদের ।

Sweet Saraswati idol
চলছে মিষ্টি সরস্বতী তৈরির কাজ (নিজস্ব ছবি)

তারপর ওই একই আদলে দীপঙ্কর পালের কাছে বরাত আসে দুর্গা মূর্তির । আসানসোলে সেই মূর্তি করে পাঠিয়েছেন শিল্পী দীপঙ্কর পাল । সেই মূর্তির ছবি-ভিডিয়ো সোশাল মিডিয়ায় ছেয়ে গিয়েছিল ৷ পরে যদিও মিষ্টি কন্যার মূর্তির আদলে শিব, পার্বতী-সহ আরও অনেক ঠাকুরই তৈরি করেছেন তিনি । এবার সেই পুতুলের মতো মিষ্টি সরস্বতী মূর্তি চাহিদা যে বিরাট, তা কুমোরটুলির বিভিন্ন শিল্পীর ঘর ঘুরলেই স্পষ্ট । প্রায় অধিকাংশ শিল্পী এই ঘরানার মূর্তি তৈরি করছেন । আর এতে বেশ খুশি দীপঙ্কর পাল ।

Sweet Saraswati idol
37 বছরের মৃৎশিল্পী দীপঙ্কর পাল (ছবি-সংগৃহীত)
Sweet Saraswati idol
কালী মূর্তি (ছবি-সংগৃহীত)

শিল্পীর বক্তব্য

দীপঙ্কর পাল বলেন, "একটা সৃষ্টি মানুষের মনে দাগ কেটেছে । আমার এই ঘরানার মূর্তি এখন বহু মানুষের প্রিয় । কুমোরটুলি জুড়ে অনেক শিল্পীর কাছেই বিভিন্ন ক্লাব থেকে এইরকমভাবে ঠাকুর তৈরির বরাত এসেছে । আমি এতে খুশি । কাজের চিন্তাভাবনার সৃষ্টির সফলতা এসেছে । তবে এটাই ধরে থেকে বছরের পর বছর কাটাব এমন নয় । আবারও নতুন কিছু ভাবছি । চেষ্টা করব শিল্পী হিসেবে নতুন কিছু আবারও সকলকে উপহার দিতে ।"

Sweet Saraswati idol
মিষ্টি সরস্বতী মূর্তি (ছবি-সংগৃহীত)

মৃৎশিল্পী সংগঠন সূত্রে খবর, এই বছর মিষ্টি সরস্বতী কুমোরটুলি বরাত মিলেছে 200-র বেশি । একাধিক শিল্পী এই এক ধরনের মূর্তির বরাত পেয়েছেন । তবে নতুনকে যেমন বরণ করে নিয়েছেন শিল্পীরা, তেমনই পুরনো ঐতিহ্য ধরে রেখেছেন তাঁরা । গতানুগতিক যে মূর্তি তৈরি হয় এবার সেগুলিও ভালো সংখ্যায় তৈরি হচ্ছে । আছে আর নানা ধরনের থিমের মূর্তি । আর্টের ঠাকুরও ।

Sweet Saraswati idol
দুর্গা মূর্তি (ছবি-সংগৃহীত)
Sweet Saraswati idol
ছোট কন্যার মুখের আদলে পার্বতী (ছবি-সংগৃহীত)