অভিযোগ লুকানোর দরকার নেই, কাজে কোনও হস্তক্ষেপ হবে না ! পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রীর
এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের থানাগুলিতে সাইবার হেল্প ডেস্ক এবং মহিলা হেল্প ডেস্কের সূচনা করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি পথে-ঘাটে নারীদের সুরক্ষায় 'দুর্গা স্কোয়াড'-এরও যাত্রা শুরু হয় ।

Published : July 2, 2026 at 7:14 PM IST
কলকাতা, 2 জুলাই: আগের সরকারের আমলে সবকিছুতেই ছিল লুকোচুরি । সাধারণ মানুষ অনেক তথ্যই জানতে পারতেন না । কিন্তু নতুন সরকারের আমলে আর তেমনটা হবে না । বৃহস্পতিবার নবান্ন সভাঘরে পুলিশকে নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এমনটাই জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । এদিন মূলত সাইবার নিরাপত্তা এবং নারী সুরক্ষা সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপের সূচনা হয় । সেখানেই বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী পুলিশকে নির্দেশ দেন, অপরাধের কোনও তথ্য আর গোপন করার প্রয়োজন নেই ।
এদিনের অনুষ্ঠান থেকে রাজ্যের থানাগুলিতে সাইবার হেল্প ডেস্ক এবং মহিলা হেল্প ডেস্কের সূচনা করেন মুখ্যমন্ত্রী । পাশাপাশি পথে-ঘাটে নারীদের সুরক্ষায় 'দুর্গা স্কোয়াড'-এরও যাত্রা শুরু হয় । সাইবার প্রতারণার শিকার হয়ে কীভাবে সাধারণ ও বয়স্ক মানুষ সর্বস্বান্ত হচ্ছেন, সে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, "আমার কাছে বয়স্ক মানুষরা, অশীতিপর মানুষরা আসেন, হাতে লাঠি নিয়ে কাঁপতে কাঁপতে আসেন, বলেন, আমার সঞ্চিত সমস্ত কিছু আমি রিটায়ারমেন্ট করার পরে প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি সব রেখেছিলাম... সব চুরমার হয়ে যাচ্ছে।" এই পরিস্থিতি রুখতেই রাজ্য ও কেন্দ্রের মধ্যে নিবিড় সমন্বয়ের পাশাপাশি সাইবার পুলিশ স্টেশনগুলিকে আরও উন্নত করার আশ্বাস দেন তিনি ।

নারী সুরক্ষা যে বর্তমান সরকারের এক নম্বর অগ্রাধিকার, তা এদিন মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী । নারী নির্যাতন এবং পকসো আইনের ক্ষেত্রে নির্ভয়া থেকে শুরু করে রাজ্যের আরজি করের নির্যাতিতার প্রসঙ্গ টেনে তিনি বলেন, "এখান থেকে আমরা যে তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেই তিক্ত অভিজ্ঞতা সঞ্চয় করে আমাদের এই নারীদেরকে এবং কন্যাদেরকে আমরা সুরক্ষা প্রদান করব, জাস্টিস দেব এবং তার জন্য সরকার জিরো টলারেন্স নীতিতে চলবে ।"
দীর্ঘদিন ধরেই রাজ্যের বিরুদ্ধে ক্রাইম ডেটা বা অপরাধের তথ্য কেন্দ্রের কাছে গোপন করার অভিযোগ ছিল । এদিন সেই প্রসঙ্গে পুলিশ আধিকারিকদের নির্ভয়ে কাজ করার বার্তা দেন মুখ্যমন্ত্রী । তিনি বলেন, "কোনও কিছু অভিযোগ এলে লুকানোর দরকার নেই, নথিভুক্ত করুন, এফআইআর করুন, তাকে সঠিকভাবে মোকাবিলা করুন ।" কেন্দ্র নারী বা শিশু নির্যাতন সংক্রান্ত যে তথ্য চায়, তা যেন কোনওভাবেই কম না-পাঠানো হয়, সে বিষয়ে কড়া নির্দেশ দেন তিনি । মুখ্যমন্ত্রীর কথায়, "সেই ব্যাধিকে আড়াল করলে ব্যাধি বাড়বে এবং একদিন সেই ব্যাধি যখন সামনে আসবে তখন সামলানোর মতো সুযোগ এবং সময় কোনওটাই আপনাদের হাতে থাকবে না ।"
পুলিশকে স্বাধীনভাবে কাজ করার পূর্ণ আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী । তিনি জানান, "কিছু কিছু ক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকুন, অনেকগুলো ক্ষেত্রেই বলব কোনও রকম হস্তক্ষেপ হবে না ।" পুলিশের হৃতগৌরব ফিরিয়ে আনতে তিনি আধিকারিকদের অন স্পট সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতাও ফিরিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন । সাম্প্রতিক পার্ক সার্কাস ও আসানসোল কাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি জানান, সরকারি কাজে বাধাদানকারী ও দাঙ্গাবাজদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে । পুলিশের মনোবল বাড়াতে মুখ্যমন্ত্রী হিসেবে নয়, একজন বন্ধু হিসেবে তিনি আহত পুলিশকর্মীদের পাশে দাঁড়িয়েছিলেন বলেও জানান শুভেন্দু ।
পাশাপাশি, পুলিশের পরিকাঠামো আধুনিকীকরণেও জোর দিয়েছে সরকার । মুখ্যমন্ত্রী জানান, অন্যান্য রাজ্যে যেখানে পুলিশ ছয় মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়, সেখানে বাংলায় তিন ঘণ্টা সময় লাগে । এই ছবি বদলাতে আগামী দুর্গাপুজোর আগেই রাজ্যে আপৎকালীন পরিষেবা চালুর নির্দেশ দিয়েছেন তিনি । মুখ্যমন্ত্রীর কথায়, "আগামী দুর্গাপুজোর আগেই আমি ডিজিপি সাহেবকে বলেছি 112 পরিষেবা পশ্চিমবঙ্গে চালু করুন ।" এই পরিষেবা পুরোপুরি চালু হলে এবং প্রশিক্ষণপ্রাপ্ত নতুন পুলিশকর্মীরা কাজে যোগ দিলে, রেসপন্স টাইম পাঁচ মিনিটে নামিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশাপ্রকাশ করেন । একইসঙ্গে, সদ্য তারাতলা দুর্ঘটনায় দ্রুত পদক্ষেপ করে 20 জনের প্রাণ বাঁচানোর জন্য কলকাতা পুলিশ ও দমকলের প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী ।

