দুর্গাপুরে ধর্ষণের ঘটনায় অপরাধীদের আড়ালের চেষ্টা করছে পুলিশ, অভিযোগ শুভেন্দুর
দুর্গাপুরে ওড়িশা থেকে ডাক্তারি পড়তে আসা পড়ুয়ার গণধর্ষণ হয়েছে বলে দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন তিনি ৷

Published : October 18, 2025 at 9:01 PM IST
পাণ্ডবেশ্বর, 18 অক্টোবর: দুর্গাপুরে পড়শি রাজ্যের ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপরাধীদের আড়াল করার অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ শনিবার একটি পুজো উদ্বোধনের অনুষ্ঠানে তিনি হুঁশিয়ারি দেন, বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের আমলে ঘটে যাওয়া মহিলা নির্যাতনের সব কেস রিওপেন করা হবে ৷
ভোটার তালিকায় বিশেষ সংশোধন এসআইআর প্রক্রিয়া নিয়েও হুঁশিয়ারির সুরে বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা বলেন, "মমতা না চাইলেও রাজ্যে এসআইআর হবে ৷" শনিবার পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে কালীপুজোর উদ্বোধন করতে আসেন শুভেন্দু ৷ সেখানে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন ।
এদিন 'আমরা সবাই সোশাল ওয়েলফেয়ার কমিটি' আয়োজিত কালীপুজোর উদ্বোধন করতে পাণ্ডবেশ্বরের ডালুরবাঁধে হাজির হন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷ সঙ্গে ছিলেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য-সহ অন্যরা ৷
পুজো মণ্ডপের উদঘাটন করার পর দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হন নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু ৷ দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার ধর্ষণের ঘটনা নিয়ে তাঁর অভিযোগ, "নির্যাতিতা ডাক্তারি পড়ুয়া মেয়েটি গণধর্ষণের শিকার হয়েছেন ৷ কিন্তু মমতার পুলিশ ধর্ষকদের আড়াল করছে ৷" তাই একজনই ধর্ষক- এই তথ্য খাড়া করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি । ধর্ষণকাণ্ডে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবিতে দুর্গাপুরে ধর্না মঞ্চ করেছিল বিজেপি ৷
এদিন সেই ধর্না মঞ্চ সাময়িকভাবে প্রত্যাহার করা হল বলে জানান শুভেন্দু ৷ তিনি বলেন এখন কালীপুজো, ছট পুজো-সহ একাধিক ধর্মীয় অনুষ্ঠান রয়েছে ৷ সেই কারণে ধর্না কর্মসূচি প্রত্যাহার করা হল সাময়িকভাবে ৷ তবে নভেম্বর মাসের 1 তারিখ থেকে রাজ্যজুড়ে নারী সম্মান ও কন্যা সুরক্ষা নিয়ে কর্মসূচিতে নামবে দল ৷ তৃণমূলকে হঠাতে দুর্গাপুরে ঝাঁটা মিছিল করা হবে বলেও জানিয়েছেন বিজেপি নেতা ৷ পশ্চিমবাংলায় বিজেপি ক্ষমতায় এলে তৃণমূলের সময়কালে ঘটে যাওয়া মহিলা নির্যাতনের প্রতিটি কেস রিওপেন করা হবে, হুঁশিয়ারি দিয়েছেন বঙ্গ বিজেপির অন্যতম শীর্ষ নেতা ৷
অন্যদিকে, ভোটার তালিকা নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে এদিন শুভেন্দু বলেন, "মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর আটকাতে যতই চিৎকার করুন, এই রাজ্যে এসআইআর হবেই । প্রয়োজনের রাষ্ট্রপতি শাসন জারি করে এসআইআর হবে ৷" এসআইআর ছাড়া পশ্চিমবঙ্গে ভোট করতে দেওয়া হবে না । 'নো এসআইআর নো ভোট', এটাই বিজেপির অবস্থান বলে জানিয়েছেন বিরোধী দলনেতা ৷

