উত্তরবঙ্গকে কলকাতা-নির্ভরতা থেকে মুক্ত করাই লক্ষ্য, পলাতক জনপ্রতিনিধিদের শোকজ: শুভেন্দু
শুভেন্দু বলেন, যাঁরা কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে বা জনরোষের মুখে পড়ার আশঙ্কায় নিরুদ্দেশ হয়ে আছেন, তাঁরা হয় থানায় আত্মসমর্পণ করুন, নয়তো পদত্যাগ করুন ।

Published : July 3, 2026 at 7:55 PM IST
শিলিগুড়ি, 3 জুলাই: উত্তরবঙ্গের জেলাগুলির সামগ্রিক উন্নয়ন তদারকি, দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং প্রশাসনিক সহযোগিতাকে আরও মজবুত করতে শিলিগুড়ির উত্তরকন্যায় এক ম্যারাথন প্রশাসনিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । শুক্রবার উত্তরবঙ্গের শাখা সচিবালয় 'উত্তরকন্যা'য় প্রায় তিন ঘণ্টাব্যাপী এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয় । বৈঠকে মুখ্যমন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক, পর্যটনমন্ত্রী শংকর ঘোষ, দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা এবং উত্তরবঙ্গের শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা । বেশ কয়েকজন আধিকারিক এই বৈঠকে ভার্চুয়ালিও যুক্ত ছিলেন ।
বৈঠক শেষে এক সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী জানান, উত্তরবঙ্গের মানুষকে যাতে আর কলকাতার ওপর নির্ভর করতে না-হয়, সেই উদ্দেশ্যেই তৃণমূল জমানায় উত্তরকন্যা তৈরি হয়েছিল । কিন্তু আজ সমীক্ষা করে দেখা গেছে, উত্তরবঙ্গ উন্নয়ন দফতর ছাড়া অন্য কোনও দফতরের পর্যাপ্ত আধিকারিক বা পরিষেবা সেখানে নেই । এই অচলাবস্থা কাটাতে চিফ সেক্রেটারি, হোম সেক্রেটারি এবং ডিভিশনাল কমিশনারদের সুনির্দিষ্ট দায়িত্ব দিয়ে বেশ কিছু কঠোর প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন তিনি ।
প্রশাসনিক খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন, উত্তরবঙ্গের প্রায় আশি শতাংশ গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ ও পুরসভার জনপ্রতিনিধিরা অফিস না-করে পালিয়ে বেড়াচ্ছেন এবং একই হাল জিটিএতেও । এই প্রসঙ্গে কড়া হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, "সরকারের কোনও শনি-রবিবার নেই । সরকার মানে 24X7। সরকারের কোনও কাজ কোনও ব্যক্তির জন্য কোনও রাজনৈতিক লোক বা জনপ্রতিনিধির জন্য আটকে থাকা উচিত নয় ।"
যাঁরা কাটমানির টাকা ফেরত দেওয়ার ভয়ে বা জনরোষের মুখে পড়ার আশঙ্কায় নিরুদ্দেশ হয়ে আছেন, তাঁরা হয় থানায় গিয়ে আত্মসমর্পণ করুন, নয়তো পদত্যাগ করুন । একইসঙ্গে, কর্তব্যে গাফিলতি ও আধিকারিকদের সঙ্গে সহযোগিতা না-করার অপরাধে 'পলাতক' পঞ্চায়েত প্রধান ও জেলা পরিষদের সদস্যদের অবিলম্বে শোকজ করার নির্দেশ দিয়েছেন তিনি ।

কেন্দ্র ও রাজ্যের যৌথ প্রয়াসে উত্তরবঙ্গের জন্য একগুচ্ছ উন্নয়নমূলক প্রকল্পের খতিয়ান পেশ করে মুখ্যমন্ত্রী জানান, ভারতীয় জনতা পার্টির সরকার উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের বাজেট 1000 কোটি থেকে বাড়িয়ে এক ধাক্কায় দু'হাজার কোটি টাকা করেছে । পাশাপাশি জিটিএ-র বরাদ্দ 180 কোটি থেকে বাড়িয়ে 360 কোটি টাকা করা হয়েছে ।
উত্তরবঙ্গের জন্য একাধিক বড় প্রকল্পের ঘোষণা করে তিনি বলেন, এই অঞ্চলে এইমস, ক্যানসার হাসপাতাল এবং কালিম্পং, আলিপুরদুয়ার ও বালুরঘাটে নতুন মেডিক্যাল কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে । যোগাযোগ ব্যবস্থার আধুনিকীকরণে হাসিমারা আর্মি এয়ারপোর্টকে কমার্শিয়াল করার জন্য অতিরিক্ত জমি দেওয়া হবে এবং বালুরঘাট ও মালদা এয়ারপোর্ট চালু করার পাশাপাশি কোচবিহার এয়ারপোর্টের আপগ্রেডেশন করা হবে । এছাড়া মালদা, দক্ষিণ দিনাজপুর ও কোচবিহারে নতুন ইরিগেশন বা সেচ স্কিম নেওয়া হবে এবং পর্যটন, বনভূমি রক্ষা এবং হর্টিকালচার ও ফুড প্রসেসিং শিল্পে বিশেষ জোর দেওয়া হবে ।
বর্ষার মরশুমে উত্তরবঙ্গের বন্যা ও ধস পরিস্থিতির ওপর বিশেষ নজর দেওয়া হয়েছে এই বৈঠকে । মুখ্যমন্ত্রী জানান, 2025 সালের অক্টোবর মাসের মেঘভাঙা বৃষ্টি ও হড়পা বানের তিক্ত অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে । মোট 670টি সেচ স্কিমের মধ্যে স্বল্পমেয়াদি 300টি স্কিমের কাজ ইতিমধ্যে শেষ হয়েছে এবং বাকি দীর্ঘমেয়াদি কাজগুলি শীতকালে করা হবে । পাহাড় ও তরাই-ডুয়ার্সের জন্য অতিরিক্ত চারশো জন পুলিশের একটি বিশেষ রেসকিউ টিম তৈরি রাখা হচ্ছে ।
এছাড়া দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে প্রশিক্ষণপ্রাপ্ত সিভিল ডিফেন্সের যুবকদের 15 জুন থেকে 15 অক্টোবর পর্যন্ত দফায় দফায় কাজ দেওয়া হবে । পাশাপাশি প্রাক্তন সৈনিকদের নিয়ে 50 জনের একটি বিশেষ প্রশিক্ষিত বাহিনী পাহাড়ে মোতায়েন থাকবে, যারা এনডিআরএফ, এসডিআরএফ ও পুলিশকে বিপর্যয় মোকাবিলায় সাহায্য করবে ।
উত্তরবঙ্গে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বেশি হওয়ায় 1 জুলাই থেকে রাজ্যে '125 দিনের কাজ' বা জিরামজি চালু করা হয়েছে, যার মাধ্যমে 2 কোটি 56 লক্ষ জবকার্ড হোল্ডার কাজ পাবেন । এক্ষেত্রে দৈনিক মজুরি নির্ধারণ করা হয়েছে অদক্ষ শ্রমিকের ক্ষেত্রে 300 টাকা, সেমি-স্কিলডদের জন্য 450 টাকা এবং স্কিলড শ্রমিকদের জন্য 600 টাকা । এই কাজ অবিলম্বে শুরু করতে পঞ্চায়েত স্তরে ইঞ্জিনিয়ারিং সেল, গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং গ্রাম সংসদের সভা ডেকে দ্রুত স্কিম তৈরি করতে বলা হয়েছে ।
রাজ্যের 1 কোটি 10 লক্ষেরও বেশি মহিলার অ্যাকাউন্টে ভাতা পাঠানো নিয়ে পূর্বতন সরকারের আমলের কিছু ত্রুটি সংশোধন করা হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী । জুন মাসে কিছু টেকনিক্যাল ভুলের কারণে যাঁরা বঞ্চিত হয়েছিলেন, তা শুধরে এবার 1 কোটি 9 লক্ষ 92 হাজার মহিলার অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়েছে । পোর্টাল আপলোডের ভুলের কারণে আটকে থাকা বাকি 26 হাজার উপভোক্তার সমস্যাও দ্রুত মিটে যাবে এবং আরও দু’মাস এই ফর্ম ফিলাপ চলবে । তবে এই ভাতার ক্ষেত্রে কিছু কঠোর নিয়ম বেঁধে দিয়ে মুখ্যমন্ত্রী জানান, কোনও অভারতীয় এই সুবিধা পাবেন না । যিনি তিনটি বিবাহ করেছেন, তিনি পাবেন না । যিনি সরকারের কোভিড বা অন্য কোনও জরুরি ভ্যাকসিন নেননি, তিনি বঞ্চিত হবেন । এমনকি সরকারি বিদ্যালয় ছেড়ে যাঁরা নির্দিষ্ট কিছু ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত, তাঁরাও এই ভাতা পাবেন না; কেবল প্রকৃত যোগ্য ও অভাবী মানুষেরাই এই সুবিধা পাবেন ।
পূর্বতন মুখ্যমন্ত্রীর 'একনায়কতন্ত্রের' সমালোচনা করে শুভেন্দু অধিকারী বলেন, "আগের মুখ্যমন্ত্রী সব নিজে সিদ্ধান্ত নিতেন । বাকিদের কাজ করতে দিতেন না ।" তাঁর কথায়, বর্তমান সরকারে মণ্ডল স্তর থেকে রাজ্যস্তর, বিধায়ক-সাংসদ থেকে মন্ত্রী - সবার কাজ নির্দিষ্ট করা আছে । বাম বা তৃণমূল কংগ্রেসের জমানায় উত্তরবঙ্গ থেকে এত মন্ত্রী কখনও করা হয়নি বলে দাবি করে তিনি বলেন, বর্তমান সরকার উত্তরবঙ্গকে 10 জন মন্ত্রী ও একাধিক ক্যাবিনেট মন্ত্রী দিয়েছে, যা এই অঞ্চলের রাজনৈতিক ও প্রশাসনিক গুরুত্বকে প্রমাণ করে । সম্প্রতি ময়নাগুড়িতে বাস দুর্ঘটনায় হতাহতদের পরিবারকে এদিন আর্থিক সাহায্য তুলে দেন মুখ্যমন্ত্রী ৷
সবশেষে, বিধাননগরের আনারস মার্কেট ও প্রসেসিং সেন্টার পুনরায় খোলার বিষয়ে আড়তদারদের দাবির প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী জানান, স্থানীয় সাংসদ, বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী সম্মিলিতভাবে এই বিষয়ে দ্রুত ও সঠিক সিদ্ধান্ত নেবেন এবং প্রশাসনিক কোনও জটিলতা হলেই কেবল তা মুখ্যমন্ত্রীর দফতরে পাঠানো হবে ।

