ETV Bharat / state

পুত্র সন্তানের জন্ম দিলেন সোনালি খাতুন, মঙ্গলে দেখা করবেন অভিষেক

প্রসবযন্ত্রণা নিয়ে রবিবার হাসপাতালে ভর্তি হন সোনালি খাতুন ৷ এরপর সোমবার সকালে পুত্র সন্তানের জন্ম দেন বাংলাদেশ থেকে দেশে ফেরা সোনালি ৷

SUNALI KHATUN
প্রসবযন্ত্রণা নিয়ে রবিবার হাসপাতালে ভর্তি হন সোনালি (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 5, 2026 at 4:13 PM IST

3 Min Read
Choose ETV Bharat

রামপুরহাট, 5 জানুয়ারি: পুত্র সন্তানের জন্ম দিলেন সোনালি খাতুন। সোমবার সকালে বীরভূমের রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে সন্তানের জন্ম দেন তিনি। খবর পেয়ে নবজাতক এবং প্রসূতিকে দেখতে হাসপাতালে যান তৃণমূলের রাজ্যসভার সাংসদ সামিরুল ইসলাম। দীর্ঘ টালবাহানার পর 5 ডিসেম্বর বাংলাদেশ থেকে ভারতে ফেরেন সোনালি ৷ এরপর তিনি পুত্র সন্তানের জন্ম দিলেন ৷

প্রসবযন্ত্রণা নিয়ে রবিরার রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হন ৷ এদিন সকালে পুত্র সন্তানের জন্ম দেন তিনি। তৃণমূল সাংসদ বলেন, "সন্তান ও মা দু'জনেই ভালো আছে । আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় টুইট করে বিষয়টি জানিয়েছেন। মঙ্গলবার তিনি মা ও নবজাতককে দেখা করবেন। খুব ভালো লাগছে, কারণ পরিবার চেয়েছিল পশ্চিমবঙ্গের মাটিতে সন্তানের জন্ম হোক । দীর্ঘ লড়াইয়ের পর তাদের ইচ্ছেপূরণ করা গিয়েছে ৷" সোনালি বিবির মা বলেন, "এখনও সন্তানকে দেখিনি। রবিবার হাসপাতালে ভর্তি করেছিলাম। সন্তানের জন্ম হয়েছে আজ ৷ আমরা খুবই খুশি ।"

বীরভূমের পাইকরের বাসিন্দা সোনালি কর্মসূত্রে থাকতেন দিল্লিতে। গত বছরের জুলাই মাসে সোনালির সঙ্গে তাঁর স্বামী এবং নাবালক ছেলে সহ আরও তিনজকে অসম সীমানা দিয়ে বাংলাদেশে পুশব্যাক করে দিল্লি পুলিশ। বিষয়টি জানাজানি হতেই আইনি লড়াই শুরু করে বাংলার শাসক শিবির। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছোটাছুটির পর বাংলাদেশ আদালত শর্তসাপেক্ষে জামিনে মুক্তি দেয় সকলকে ৷ কিন্তু দেশে ফেরার অনুমতি ছিল না। তবে সন্তানসম্ভবা সোনালি এবং তার নাবালক পুত্রকে গত ডিসেম্বরে ভারতে ফেরার অনুমতি দেয় বাংলাদেশ ৷ এরপর নাবালক সন্তানকে নিয়ে মালদা সীমান্ত হয়ে ভারতে ফেরেন বীরভূমের তরুণী । তাঁদের পরিবারের কয়েকজন এখনও বাংলাদেশে আছেন ৷

গত বেশ কয়েকমাস ধরে বাংলায় কথা বলা পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণের ঘটনা ঘটছে দেশের বিভিন্ন প্রান্তে ৷ এর মধ্যে দিল্লিতে সোনালিদের সঙ্গে যা হয়েছে তা নিয়ে চর্চার অন্ত নেই ৷ প্রথমে সোনালিদের পুশব্যাক করা হয় ৷ পরে শুরু হয় আইনি লড়াই ৷ কেন্দ্রীয় সরকার বরাবর সোনালিদের দেশে ফেরার বিরোধিতা করেছে ৷ কিন্তু তাদের যুক্তি মানতে রাজি হয়নি শীর্ষ আদালত ৷ পরে কেন্দ্রীয় সরকারকে তারা নির্দেশ দেয় সোনালিকে ভারতের ফেরতে যা যা দরকার তা করতে হবে ৷ এরপরই দুদেশের সরকারের মধ্য়ে আলোচনা শুরু হয় ৷ এরপরই দেশে ফেরেন সোনালি ৷

প্রায় 5 মাস পর 6 ডিসেম্বর নিজের গ্রামে ফেরেন বাংলাদেশে পুশব্যাক হওয়া বীরভূমের সোনালি। দুপুরে মালদা থেকে অ্যাম্বুলেন্সে করে তাঁকে সোজা নিয়ে আসা হয় বীরভূমের পাইকর গ্রামে। আত্মীয়দের সঙ্গে দেখা করিয়ে নিয়ে যাওয়া হয় রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে। রক্তশূন্যতার সমস্যায় ভুগছিলেন সোনালি ৷ ওই হাসপাতালেই তাঁর চিকিৎসা হয় ৷ পরে হাসপাতাল খেকে ছাড়া পান ৷ এরপর সোমবার পুত্র সন্তানের জন্ম দিলেন ৷