ETV Bharat / state

এবার বাংলাতেও পিএমশ্রী স্কুল, মালদায় হবে নবোদয় বিদ্যালয়: কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাতে পিএমশ্রী প্রকল্পে তৈরি হবে নবোদয় বিদ্যালয় ৷ পূর্বতন তৃণমূল সরকার জমি দিতে টালবাহানা করায় এতদিন তা করা যায়নি, জানালেন সুকান্ত ৷

PM SHRI SCHOOLS
কেন্দ্রীয় বিদ্যালয় তৈরি হবে রাজ্যে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : August 27, 2026 at 7:11 PM IST

3 Min Read
Choose ETV Bharat

মালদা, 27 অগস্ট: দেশে তৈরি হতে চলেছে আরও 70টি নতুন কেন্দ্রীয় বিদ্যালয় ৷ সারা দেশে প্রায় 12 হাজার কেন্দ্রীয় বিদ্যালয়ে পঠনপাঠন করছে কয়েক লক্ষ পড়ুয়া ৷ এবার বাংলাতেও শিক্ষার উৎকর্ষে পিএমশ্রী প্রকল্প চালু করা হবে ৷ তৈরি হবে পিএমশ্রী স্কুল ৷ মালদায় দ্রুত নির্মিত হবে কেন্দ্রীয় নবোদয় বিদ্যালয় ৷ বৃহস্পতিবার পুরনো মালদার অরধপুরে কেন্দ্রীয় বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনে এসে এই কথা জানালেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ৷

এদিন নতুন স্কুল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর সঙ্গে ছিলেন সাংসদ খগেন মুর্মু, দুই বিধায়ক গোপালচন্দ্র সাহা ও চিন্ময়দেব বর্মন, জেলাশাসক রাজনবীর সিং কাপুর-সহ সীমান্তরক্ষী বাহিনীর একাধিক আধিকারিক ৷ পুরাতন মালদার নারায়ণপুরে থাকা অরধপুর কেন্দ্রীয় বিদ্যালয়টি মূলত বিএসএফ কর্তৃপক্ষের মাধ্যমেই পরিচালিত হয় ৷

বাংলাতে পিএমশ্রী প্রকল্পে তৈরি হবে নবোদয় বিদ্যালয়, জানালেন মন্ত্রী (ইটিভি ভারত)

এই এলাকায় বিএসএফ-এর বিশাল ক্যাম্পাসে অবস্থিত আবাসনে আধিকারিক থেকে জওয়ানদের পরিবার বাস করে ৷ কেউ কেউ বাইরে ভাড়া বাড়িতে থাকেন ৷ তাঁদের ছেলেমেয়েদের পড়াশোনার জন্য অরধপুরে একটি স্কুল নির্মিত হয় ৷ পরে কেন্দ্রীয় সরকার স্কুলটি অধিগ্রহণ করে ৷ গত কয়েক বছর ধরে সেটি পুরোপুরি কেন্দ্রীয় বিদ্যালয় ৷ এতদিন একটি পুরনো ভবনে স্কুল চলত ৷ কিন্তু নতুন স্কুল ভবন নির্মাণের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক ৷ এদিন সেই নতুন ভবনের উদ্বোধন করা হল ৷

অনুষ্ঠানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, “এর আগে একটি জর্জরিত ভবনে এই স্কুলের ক্লাস হত ৷ যতটুকু দেখার সুযোগ পেয়েছি তাতে আমি বলতে পারি, এখানে যে পরিকাঠামো তৈরি করা হয়েছে তা কেন্দ্রীয় বিদ্যালয়গুলির মধ্যে অন্যতম সেরা ৷ আগামী দু-এক সপ্তাহের মধ্যে মালদা জেলায় নবোদয় বিদ্যালয় স্থাপনের বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে ৷ অনেকদিন ধরে এই বিদ্যালয় স্থাপনের চেষ্টা করছিল কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু পূর্বতন রাজ্য সরকার এতদিন জমি দিতে টালবাহানা করায় সেই উদ্যোগ সফল হয়নি ৷ শেষে নতুন রাজ্য সরকার সেই জমি আমাদের হাতে তুলে দিয়েছে ৷”

অনুষ্ঠান শেষে উপস্থিত সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুকান্ত বলেন, “এবারের বাজেটে আমরা গোটা দেশে 70টিরও বেশি কেন্দ্রীয় বিদ্যালয় স্থাপনে অঙ্গীকারবদ্ধ হয়েছি ৷ তার কাজ শুরু হয়ে গিয়েছে ৷ দেশে 12 হাজারের বেশি কেন্দ্রীয় বিদ্যালয় চলছে ৷ আগামীতে আমরা কেন্দ্রীয় বিদ্যালয়গুলিকে পিএমশ্রী (প্রধানমন্ত্রী স্কুলস ফর রাইজিং ইন্ডিয়া) করছি ৷ রাজ্য সরকারকেও পিএমশ্রী স্কুল দেওয়া হচ্ছে ৷"

তিনি আরও বলেন, "বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পিএমশ্রীতে স্বাক্ষর করেছেন ৷ এর জন্য তাঁকে ধন্যবাদ ৷ পূর্বতন সরকারের আমলে এমন অনেক বাধার মুখোমুখি হতে হয়েছে ৷ মালদা জেলার জন্য আমরা অনেক আগেই একটি নবোদয় বিদ্যালয়ের অনুমোদন দিয়ে দিয়েছি ৷ কিন্তু তৎকালীন রাজ্য সরকার জমি না দেওয়ায় সেই বিদ্যালয় এখানে স্থাপন করা যাচ্ছিল না ৷ নতুন সরকারের আমলে জমি হস্তান্তরের কাজ সম্পন্ন হয়েছে ৷ আগামী দিনে এখানে পূর্ণাঙ্গ নবোদয় বিদ্যালয় গড়ে উঠবে ৷ দু’এক সপ্তাহের মধ্যে তার সরকারি বিজ্ঞপ্তি জারি হয়ে যাবে ৷ তারপরেই এই স্কুল নির্মাণে হাত দেওয়া হবে ৷ প্রায় বিনামূল্যে ছাত্রছাত্রীরা সম্পূর্ণ আবাসিক এই স্কুলে পড়াশোনা করতে পারবে ৷"