পুর-নিয়োগ দুর্নীতি: ইডি দফতরে হাজিরা দিলেন সুজিত বসুর জামাই
যে নথিগুলো চাওয়া হয়েছিল, সেগুলো সঙ্গে নিয়ে এদিন ইডি দফতরে যান সুজিত বসুর জামাই রাহুল সিং ৷

Published : November 17, 2025 at 3:23 PM IST
কলকাতা, 17 নভেম্বর: পুর-নিয়োগ দুর্নীতির তদন্তে আরও গতি আনল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । মামলার সূত্র ধরে এবার সরাসরি দমকলমন্ত্রী সুজিত বসুর জামাই রাহুল সিংকে তলব করা হল । সেই মতো সোমবার বেলা সাড়ে এগারোটা নাগাদ সল্টলেকের সিজিও কমপ্লেক্সে অবস্থিত ইডি-র পূর্বাঞ্চলীয় সদর দফতরে হাজিরা দেন তিনি । সকাল থেকে দফতরের বাইরে ছিল কড়া নিরাপত্তার ব্যবস্থা । হাজিরা দিতে এসে দফতরের ভেতরে প্রায় ঘণ্টাখানেক ছিলেন রাহুল ।
ইডি সূত্রে জানা গিয়েছে, পুর-নিয়োগ দুর্নীতিতে বিপুল অর্থ লেনদেনের বেশকিছু নথি সম্প্রতি তদন্তকারীদের হাতে এসেছে । রাজ্যের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে সেই নথি সংগ্রহ করেন কেন্দ্রীয় তদন্তকারীরা । তল্লাশির সময় উদ্ধার হওয়া একাধিক নথি, ব্যাংকের লেনদেন সংক্রান্ত কাগজপত্র এবং ইলেকট্রনিক তথ্য বিশ্লেষণ করেই মনে করা হচ্ছে, এই নিয়োগ দুর্নীতির টাকা মন্ত্রীর পরিবারের একাধিক ব্যবসায় খাটানো হয়েছিল । আর সেই তথ্য যাচাই করতেই এদিন রাহুল সিংকে ডেকে পাঠান কেন্দ্রীয় তদন্তকারীরা । নিরধারিত সময় মতো তিনি ইডি দফতরে হাজির হন ।

ইডি দফতর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাহুল বলেন, "যে নথিগুলো চাওয়া হয়েছিল, সেগুলো সঙ্গে নিয়ে এসেছিলাম ।" নোটিশ পাওয়ার পরই তিনি হাজিরার জন্য প্রস্তুতি নেন বলে এদিন জানান তিনি ।
তবে শুধুমাত্র রাহুলই নন, এই সপ্তাহে দমকলমন্ত্রীর স্ত্রী, ছেলে ও মেয়েকেও আলাদা করে তলব করেছে ইডি । তাঁদেরও জিজ্ঞাসাবাদ করবেন তদন্তকারীরা । ইতিমধ্যেই তাঁদের উদ্দেশে নোটিশ পাঠানো হয়েছে বলে ইডি সূত্রের খবর । সূত্রের খবর, চলতি সপ্তাহের মধ্যেই তাঁরা সিজিও কমপ্লেক্সে হাজিরা দেবেন । তদন্তকারী সংস্থা জানিয়েছে, পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ ছাড়া পুরো অর্থপ্রবাহ বোঝা সম্ভব নয় । তাই প্রত্যেককে আলাদা করে প্রশ্ন করা অত্যন্ত জরুরি ।
উল্লেখ্য, কয়েক দিন আগেই দমকলমন্ত্রী সুজিত বসুর অফিস, তাঁর মালিকানাধীন রেস্তোরাঁ এবং বেশকিছু সংশ্লিষ্ট ব্যবসায়িক স্থানে তল্লাশি চালিয়েছিল ইডি । সেই তল্লাশিতেই মিলেছে কয়েকটি গুরুত্বপূর্ণ ডায়েরি, ডিজিটাল ডেটা, লেনদেনের নথি এবং সন্দেহভাজন আর্থিক লেনদেন সংক্রান্ত তথ্য । তদন্তকারীদের মতে, এই নথিগুলি বিশদে খতিয়ে দেখেই মন্ত্রীর পরিবারকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।
পুর-নিয়োগ কাণ্ডে আগেই কেন্দ্রীয় তদন্তকারীদের হাতে ধরা পড়েছিলেন অয়ন শীল । তাঁর থেকে পাওয়া একাধিক নথি এবং তথ্য-প্রমাণ থেকেই ইডির তদন্তকারীরা একাধিক ব্যক্তির যোগ পান । তার মধ্যে ছিলেন রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও । ফলে এবার তাঁর পরিবারের সদস্যদের একে একে জিজ্ঞাসাবাদ করে এই তদন্তে অগ্রগতি পেতে চাইছেন কেন্দ্রীয় তদন্তকারীরা ।
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ইতিমধ্যেই রাজ্য রাজনীতি সরগরম ৷ এই মামলায় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও জনপ্রতিনিধির নাম সামনে এসেছে । তদন্তকারীদের মতে, মন্ত্রীর পরিবারের একাধিক সদস্যকে তলব করা তদন্তের ক্ষেত্রে অত্যন্ত তাৎপর্যপূর্ণ । এতে তদন্তের গতি যেমন বাড়বে, তেমনই এই মামলায় নতুন তথ্যও উঠে আসতে পারে বলে মনে করা হচ্ছে ।

