আকাশে মিসাইল, মাটিতে অপেক্ষা ! যুদ্ধক্ষেত্রে পরিজনেরা আটকে থাকায় চিন্তা বাংলায়
রায়গঞ্জের গলিপথ থেকে দুবাইয়ের বিলাসবহুল হোটেল, মদিনার পবিত্র প্রাঙ্গণ - সব জায়গাতেই নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষা । যুদ্ধের দামামা কবে স্তব্ধ হবে -সেই উত্তরই খুঁজছেন সকলে!

Published : March 2, 2026 at 6:19 PM IST
রায়গঞ্জ/বর্ধমান/কলকাতা, 2 মার্চ: মধ্যপ্রাচ্যের আকাশে যুদ্ধবিমানের গর্জন, মিসাইলের ঝলকানি ! ইজরায়েল-ইরানের সংঘাত ক্রমশ জটিল আকার নিচ্ছে । আন্তর্জাতিক সংবাদমাধ্যমে লাগাতার হামলা-পালটা হামলার খবর । সেই যুদ্ধের অস্থিরতা ছুঁয়ে গেল উত্তর দিনাজপুরের রায়গঞ্জের এক সাধারণ পরিবারকেও । শুধু রায়গঞ্জই নয় - দুবাই ও মদিনায় আটকে পড়েছেন বাংলার পরিচিত মুখেরাও । সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় থেকে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনীও ৷ স্বভাবতই, পরিজনদের চোখে মুখে উৎকণ্ঠার ছবি ৷
রায়গঞ্জের বীরনগরের বাসিন্দা শুভজিৎ বন্দ্যোপাধ্যায় কর্মসূত্রে প্রায় 11 মাস আগে খড়্গপুর থেকে পাড়ি দেন সৌদি আরবে। বর্তমানে জেদ্দায় একটি বেসরকারি সংস্থায় কর্মরত তিনি । 2 মার্চ দেশে ফেরার বিমানের টিকিট কাটা ছিল । হোলির সময় স্ত্রী-সন্তানদের সঙ্গে সময় কাটাবেন—এই ছিল পরিকল্পনা । কিন্তু বর্তমান পরিস্থিতিতে এয়ার ইন্ডিয়ার একাধিক ফ্লাইট বাতিল হওয়ায় তাঁর ঘরে ফেরা অনিশ্চিত হয়ে পড়েছে ।
ভিডিয়ো কলে ইটিভি ভারতকে শুভজিৎ জানান, "সোমবার বাড়ি ফেরার কথা ছিল । সকালে মেইল আসে—ফ্লাইট ক্যানসেল । যুদ্ধের জন্য বিমান পরিষেবা বন্ধ । এখন কবে খুলবে বলতে পারছি না ।" তিনি আরও জানান, পাশের রাজ্য রিয়াজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে । প্রশাসনের তরফে বাড়ির বাইরে না বেরোনোর নির্দেশ দেওয়া হয়েছে । যদিও স্থানীয় প্রশাসন সহযোগিতা করছে বলেও জানান তিনি । আপাতত ছুটি বাতিল করে কাজে যোগ দিতেই হচ্ছে ।
রায়গঞ্জে বাবার বাড়িতে দুই ছোট সন্তানকে নিয়ে রয়েছেন তাঁর স্ত্রী মৌমিতা বন্দ্যোপাধ্যায় । তিনিও চাকরিরত । এর আগে শনিবার শেষবার ফোনে কথা হয় স্বামীর সঙ্গে । মৌমিতার কথায়, "ও বলছিল পাশের স্টেটে হামলা হয়েছে, রেড অ্যালার্ট জারি । আমরা শুধু চাইছি ও নিরাপদে ফিরুক ।" শুভজিতের শাশুড়ি কল্পিতা মজুমদার বলেন, "দু’দিন ধরেই যুদ্ধের খবর পাচ্ছিলাম । কিন্তু ফ্লাইট বাতিলের পর থেকে উৎকণ্ঠা বেড়েছে ।" প্রতিবেশীরাও চিন্তিত । তাঁদের দাবি, আটকে থাকা প্রবাসী ভারতীয়দের দ্রুত দেশে ফেরাতে সব ধরনের উদ্যোগ নিক ভারত সরকার ।
মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা শুধু প্রবাসী শ্রমিকদের নয়, ছুঁয়ে গিয়েছে বিনোদন জগতের পরিচিত মুখকেও । শিশুপুত্রকে নিয়ে দুবাইয়ে বেড়াতে গিয়েছেন অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় । তাঁর হোটেলের আশেপাশেই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে পরিবার সূত্রে খবর । ফলে স্বাভাবিকভাবেই উদ্বেগে রয়েছেন বর্ধমানের বাজেপ্রতাপপুরে থাকা তাঁর পরিবার।

পরিচালক তথা বিধায়ক রাজ চক্রবর্তী কাজের জন্য যেতে পারেননি । পরিবার সূত্রে জানা গিয়েছে, দুবাই পৌঁছনোর পর ফোনে যোগাযোগ হয়েছিল । রবিবারও কথা হয়েছে । শুভশ্রী পরিবারকে আশ্বস্ত করেছেন—হোটেলের বাইরে বেরোনো যাচ্ছে না ঠিকই, তবে তাঁরা নিরাপদেই আছেন। 5 মার্চ ফেরার টিকিট থাকলেও বিমান পরিষেবা কবে স্বাভাবিক হবে, তা স্পষ্ট নয়।
এ ব্যাপারে রবিবার ইটিভি ভারতকে রাজ চক্রবর্তী বলেন, "ওরা নিরাপদেই আছে । কোনও অসুবিধা নেই । ওখানকার সরকারের নির্দেশমতো ওরা হোটেলের মধ্যেই আছে । আশা করছি, সব ঠিক হয়ে যাবে খুব তাড়াতাড়ি ।" তবে শুভশ্রীর বাবা দেবপ্রসাদ গঙ্গোপাধ্যায়ের কথায়, " বোমা বিস্ফোরণের খবর শুনেই ফোন করি । মেয়ে বলেছে চিন্তার কিছু নেই, কিন্তু মন তো মানে না ।"
একই পরিস্থিতি মদিনাতেও । পবিত্র রমজান মাসে প্রথমবার মদিনা সফরে গিয়ে যুদ্ধের আবহে আটকে পড়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শিনী । তাঁর সঙ্গে রয়েছেন মেয়রের স্ত্রী ও নাতনি । সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা একটি ভিডিয়োতে প্রিয়দর্শিনী জানান, মদিনার পরিবেশ তাঁর মন ছুঁয়ে গিয়েছে, কিন্তু দুবাইয়ের আকাশে মিসাইল হানার জেরে আকাশপথ বন্ধ হয়ে পড়ায় তাঁরা কার্যত আটকে। ভি়ডিয়োয় তাঁর আর্জি, "রমজান মাসে যারা যুদ্ধ করছেন, তাঁদের শুবুদ্ধি দিন আল্লা ।"
সংবাদমাধ্যমকে ফিরহাদ বলেন, "চিন্তা তো থাকেই । স্ত্রী, কন্যা, নাতনি বিদেশে । বুধবার ফেরার কথা । আকাশপথ খুললে সমস্যা নেই, না হলে উদ্বেগ বাড়বে ।" আপাতত নিয়মিত ফোনে যোগাযোগ রাখছেন বলে জানান ।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি তাই আর কেবল আন্তর্জাতিক কূটনীতির বিষয় নয় । রায়গঞ্জের গলিপথ থেকে দুবাইয়ের বিলাসবহুল হোটেল, মদিনার পবিত্র প্রাঙ্গণ—সব জায়গাতেই একই সুর, নিরাপদ প্রত্যাবর্তনের অপেক্ষা । প্রিয়জনের কণ্ঠস্বরই এখন ভরসা । আকাশপথ কবে খুলবে, যুদ্ধের দামামা কবে স্তব্ধ হবে—সেই উত্তরই খুঁজছে বহু পরিবার। ততক্ষণ পর্যন্ত উদ্বেগই সঙ্গী !
আরও পড়ুন:
বন্ধ আকাশপথ ! যুদ্ধের জেরে মদিনায় আটকে মেয়রের স্ত্রী-কন্যা, দুশ্চিন্তায় ফিরহাদ
মধ্যপ্রাচ্যে অশান্তির আবহে ইউভানকে নিয়ে দুবাইতে আটকে শুভশ্রী ! কেমন আছেন, জানালেন রাজ

