রাস্তায় যত্রতত্র ময়লা ফেললেই এবার জরিমানা, কবে থেকে? ঘোষণা মন্ত্রী অগ্নিমিত্রার
শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে রাজ্য সরকারের সহায়তায় একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে ৷ যার নাম 'স্বচ্ছ অ্যাপ' ।

Published : June 5, 2026 at 12:42 PM IST
আসানসোল, 5 জুন: শহরকে আবর্জনামুক্ত ও পরিচ্ছন্ন রাখতে এবার কড়া পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার । আগামী 1 সেপ্টেম্বর থেকে রাস্তায় যেখানে-সেখানে ময়লা বা বর্জ্য পদার্থ ফেললে নাগরিকদের গুনতে হবে জরিমানা । আসানসোলে আয়োজিত একটি ডাস্টবিন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এই ঘোষণা করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল ।
অগ্নিমিত্রা পাল জানান, শহরবাসীকে সচেতন করতে এবং নিজেদের অভ্যাস বদলে ফেলার জন্য আগামী তিনমাস সময় দেওয়া হচ্ছে । তিনমাস পর আর যত্রতত্র আবর্জনা ও ময়লা ফেলা যাবে না । বাজার এলাকা, বাসস্ট্যান্ড-সহ বিভিন্ন এলাকায় মানুষ যেখানে বেশি থাকে, সেখানে হাতের সামনেই মিলবে বিন বা আবর্জনা ফেলার পাত্র । বৃহস্পতিবার একটি বেসরকারি সংস্থার উদ্যোগে এই 'অ্যাড মাই বিন' প্রকল্পের উদ্বোধন করলেন রাজ্যের মন্ত্রী অগ্নিমিত্রা পাল ।
আইন মেনেই জরিমানা, নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান
মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, রাস্তায় ময়লা ফেলার বিরুদ্ধে আগে থেকেই আইন রয়েছে, সরকার নতুন করে কোনও আইন তৈরি করছে না । তবে 1 সেপ্টেম্বর থেকে সেই আইনের কঠোর প্রয়োগ শুরু হবে । জরিমানার টাকার অঙ্ক এখনও চূড়ান্ত না হলেও, আগামী তিনমাসের মধ্যে তা নির্ধারণ করা হবে ।

জনসাধারণের উদ্দেশে মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, "আমাদের সাফাই কর্মীরা অক্লান্ত পরিশ্রম করে শহর পরিষ্কার রাখছেন । ময়লা পরিষ্কার করা কারওরই ভালো লাগে না, কিন্তু পেটের দায়ে তাঁদের এই কাজ করতে হয় । তাই আমাদের উচিত দলগতভাবে কাজ করা । আমরা যদি রাস্তায় ময়লা না ফেলি, তবে শহরও পরিষ্কার থাকবে এবং তাঁদের কাজের বোঝাও হালকা হবে ।" তিনি আরও উল্লেখ করেন যে, বড়দের তুলনায় বর্তমান প্রজন্মের স্কুল-কলেজের সন্তানরা এই বিষয়ে অনেক বেশি সচেতন ও সংবেদনশীল ।
2 ঘণ্টার মধ্যে দূর হবে আবর্জনা: চালু হয়েছে 'স্বচ্ছ' অ্যাপ
শহরের পরিচ্ছন্নতা বজায় রাখতে রাজ্য সরকারের সহায়তায় একটি নতুন মোবাইল অ্যাপ্লিকেশন লঞ্চ করা হয়েছে, যার নাম 'স্বচ্ছ অ্যাপ' । সম্প্রতি কলকাতায় একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও কেন্দ্রীয় মন্ত্রী মনোহরলাল খাট্টার এবং রাজ্যের পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের উপস্থিতিতে একটি বেসরকারি হোটেল থেকে এই অ্যাপটির আনুষ্ঠানিক সূচনা হয় । আসানসোলে এই অ্যাপ সম্পর্কে বলতে গিয়ে অগ্নিমিত্রা পাল বলেন, "রাজ্যের 128টি পুরসভা ও পুরনিগমের মধ্যে পাইলট প্রজেক্ট হিসেবে আসানসোল-সহ 10টি এলাকাকে বেছে নিয়ে এই কাজ শুরু হয়েছে ।

কীভাবে কাজ করবে এই অ্যাপ?
মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথায়, "আপাতত শুধু অ্যান্ড্রয়েড ফোনেই এই অ্যাপটি ব্যবহার করা যাবে । রাস্তায় কোথাও আবর্জনা জমে থাকতে দেখলে নাগরিকরা অ্যাপের মাধ্যমে ছবি তুলে সাবমিট করতে পারবেন । অভিযোগ জমা পড়ার ঠিক 2 ঘণ্টার মধ্যে পুরনিগমের গাড়ি ও কর্মী গিয়ে সেই ময়লা পরিষ্কার করতে বাধ্য থাকবে । কাজ শেষ করার পর সাফাই কর্মী নিজে পরিষ্কার জায়গার ছবি তুলে অ্যাপে আপলোড করলেই কেবল সেই অভিযোগের 'উইন্ডো' বন্ধ হবে । ফলে কাজে কোনও ফাঁকি দেওয়ার সুযোগ থাকবে না ।"
বেসরকারি উদ্যোগে বসছে আধুনিক ডাস্টবিন 'অ্যাড মাই বিন'
শহরের ব্যস্ততম এলাকাগুলোকে সচল ও পরিষ্কার রাখতে সম্পূর্ণ বেসরকারি উদ্যোগে আসানসোলে চালু হল 'অ্যাড মাই বিন' প্রকল্প । অগ্নিমিত্রা পাল বলেন, "এই প্রকল্পে সরকারের কোনও আর্থিক দায়বদ্ধতা বা খরচ নেই । প্রাথমিক পর্যায়ে রাজ্যের সাতটি বিধানসভা এলাকায় এই বিনগুলো বসানো হবে, যার মধ্যে আসানসোল অন্যতম । পরবর্তী সময়ে পুরো পশ্চিমবঙ্গে এই মডেলটি নিয়ে যাওয়া হবে ।"
তিনি আরও বলেন, "বাস স্ট্যান্ড ও রেল স্টেশন, স্থানীয় বাজার এলাকা বিভিন্ন স্কুলের সামনে এবং জনবহুল মোড় এই বিন লাগানো হবে । বিনগুলো রক্ষণাবেক্ষণ এবং নিয়মিত পরিষ্কার করার সম্পূর্ণ দায়িত্ব সংশ্লিষ্ট বেসরকারি সংস্থার । ফলে পুরনিগমের ওপর অতিরিক্ত কোনও কাজের চাপ পড়বে না ।"

