চা-বলয়ে 313 কোটির 'মেগা প্যাকেজ' শুভেন্দুর ! শ্রমিকদের শিক্ষা-স্বাস্থ্য-আবাসে জোর
মুখ্যমন্ত্রীর দাবি, এই প্রকল্পের মাধ্যমে উত্তরবঙ্গে চা-শ্রমিকদের জীবনমানের আমূল পরিবর্তন ঘটবে ৷

Published : July 5, 2026 at 1:54 PM IST
কলকাতা, 5 জুলাই: উত্তরবঙ্গের চা-বলয়কে সামনে রেখে বড় ঘোষণা করল রাজ্য সরকার । দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে কেন্দ্রের 'প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা' (PMCSPY) । প্রকল্প বাস্তবায়নের জন্য প্রথম পর্যায়ে 313.30 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । শিক্ষা, স্বাস্থ্য ও পরিকাঠামো- এই তিন ক্ষেত্রকে অগ্রাধিকার দিয়েই তৈরি হয়েছে প্রকল্পের রূপরেখা । সরকারের দাবি, উত্তরবঙ্গের তিন লক্ষেরও বেশি চা শ্রমিক ও তাঁদের পরিবারের জীবনযাত্রার মান উন্নয়নে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে ।
রবিবার সকালে সমাজমাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন, "উত্তরবঙ্গের চা শ্রমিকদের স্বাস্থ্য, শিক্ষা ও সার্বিক কল্যাণে আমাদের সরকার প্রতিশ্রুতিবদ্ধ । সেই লক্ষ্যেই রাজ্য স্তরের কমিটি 'প্রধানমন্ত্রী চা শ্রমিক প্রোৎসাহন যোজনা'-র বাস্তবায়ন পরিকল্পনায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে । এই প্রকল্পের মাধ্যমে চা শ্রমিকদের জীবনমানের আমূল পরিবর্তন ঘটবে ।"
শনিবার মুখ্যসচিব মনোজ আগরওয়ালের সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠকে প্রকল্পটি অনুমোদিত হয় । বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন, স্বাস্থ্য, অর্থ, মহিলা ও শিশু উন্নয়ন, পিছিয়ে পড়া সম্প্রদায় উন্নয়ন দফতরের শীর্ষ আধিকারিক এবং পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের প্রতিনিধিরা । প্রশাসনিক সূত্রের খবর, প্রকল্প বাস্তবায়নের নোডাল এজেন্সি হিসেবে কাজ করবে উত্তরবঙ্গ উন্নয়ন দফতর । স্বাস্থ্য দফতর, সমগ্র শিক্ষা মিশন এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে প্রকল্পের কাজ এগোবে ।
মোট 313.30 কোটি টাকার মধ্যে সবচেয়ে বেশি 177 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে চা শ্রমিক শিক্ষা যোজনা (CSSY)-র জন্য । এই অর্থে চা বাগানের শ্রমিক পরিবারের সন্তানদের জন্য শিক্ষার পরিকাঠামো উন্নয়ন, বিদ্যালয়ের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং শিক্ষার গুণগত মানোন্নয়নের কাজ হবে । এছাড়াও চা শ্রমিক স্বাস্থ্য সুরক্ষা যোজনা (CSSSY)-র জন্য বরাদ্দ হয়েছে 72 কোটি টাকা । এই অর্থ ব্যয় করা হবে চা বাগান এলাকাগুলিতে স্বাস্থ্য পরিকাঠামো গড়ে তোলা, চিকিৎসা পরিষেবা সম্প্রসারণ এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসুবিধা পৌঁছে দেওয়ার কাজে ।
We are committed to the comprehensive welfare, development of health and educational parameters of our hardworking Tea Garden Workers of North Bengal.
— Suvendu Adhikari (@SuvenduWB) July 5, 2026
To ensure expeditious and smooth progress, our State Level Committee recently finalized the implementation plan for the 'Pradhan… pic.twitter.com/LqpF7c21TC
পাশাপাশি চা শ্রমিক আশ্রয় যোজনা (CSAY)-র জন্য রাখা হয়েছে 63 কোটি টাকা । এই প্রকল্পের আওতায় পাহাড়ে 88টি এবং সমতলে 233টি, সবমিলিয়ে 321টি আধুনিক বিশ্রামাগার নির্মাণ করা হবে । প্রতিটি বিশ্রামাগারে থাকবে অফ-গ্রিড সৌরবিদ্যুৎ ব্যবস্থা, বিশুদ্ধ পানীয় জল, আরামদায়ক বসার জায়গা এবং পরিচ্ছন্ন শৌচাগারের মতো আধুনিক নাগরিক সুবিধা ।
উল্লেখযোগ্যভাবে, কেন্দ্র এই প্রকল্প চালু করলেও পশ্চিমবঙ্গে এত দিন তা কার্যকর হয়নি । নতুন সরকার ক্ষমতায় আসার পর রাজ্য স্তরের কমিটি গঠন হওয়ায় প্রকল্পের অর্থ ছাড়ের পথ খুলে যায় । প্রশাসনের দাবি, এখন দ্রুত প্রকল্পের কাজ শুরু করে উত্তরবঙ্গের চা-শ্রমিকদের কাছে তার সুফল পৌঁছে দেওয়াই সরকারের প্রধান লক্ষ্য ।

