ETV Bharat / state

সেন্ট জেভিয়ার্স কলেজে AI নিয়ে উচ্চশিক্ষার সুযোগ, আগামী বছরে শুরু কৃত্রিম মেধার কোর্স

কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজে এবার কৃত্রিম মেধা নিয়ে পড়াশোনার সুযোগ মিলবে ৷ আগামী বছরে নতুন কোর্সের সূচনা হবে ৷

Artificial Intelligence
এআই নিয়ে নয়া কোর্স (প্রতীকী ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 9, 2026 at 6:44 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 9 জানুয়ারি: শিক্ষাক্ষেত্রে সময়ের সঙ্গে তাল মিলিয়ে বড় সিদ্ধান্ত নিল কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ ৷ স্নাতকোত্তর পাঠ্যক্রমে কৃত্রিম মেধা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অন্তর্ভুক্ত করার কথা ঘোষণা করল কলেজ কর্তৃপক্ষ ৷ কলেজ কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, 2027-28 শিক্ষাবর্ষ থেকে শুরু হতে চলেছে 'এমএসসি ইন এআই কোর্স' ৷ তার আগেই বিজ্ঞান বিভাগের স্নাতক স্তরের চতুর্থ বর্ষে কৃত্রিম মেধা বিষয়টি পাঠ্যক্রমে যুক্ত করা হচ্ছে ৷

আগামী 16 জানুয়ারি সেন্ট জেভিয়ার্স কলেজে অনুষ্ঠিত হতে চলেছে 19তম সমাবর্তন অনুষ্ঠান ৷ এই অনুষ্ঠানকে সামনে রেখেই কলেজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত কথা বলেন অধ্যক্ষ ডমনিক স্যাভিও ৷ তিনি জানান, বর্তমান সময়ে প্রযুক্তিনির্ভর শিক্ষার গুরুত্ব ক্রমশ বাড়ছে ৷ সেই কথা মাথায় রেখে পড়ুয়াদের প্রথমে স্নাতক স্তরে ডেটা সায়েন্স ও কম্পিউটার সায়েন্সে দক্ষ করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে কৃত্রিম মেধা নিয়ে স্নাতকোত্তর পড়াশোনার জন্য তাঁরা প্রস্তুত থাকতে পারেন ৷

কলেজ সূত্রে খবর, 'এমএসসি ইন এআই' চালুর পাশাপাশি জাতীয় শিক্ষানীতির নির্দেশিকা মেনে 2026 শিক্ষাবর্ষ থেকে ‘মাল্টিপল এন্ট্রি ও মাল্টিপল এক্সিট’ ব্যবস্থার সূচনা করা হচ্ছে ৷ তবে এই সুবিধা তৃতীয় ও চতুর্থ বর্ষের পড়ুয়াদের জন্য প্রযোজ্য হবে। ইতিমধ্যে বাণিজ্য বিভাগের প্রায় অর্ধেকের বেশি পড়ুয়া এই ব্যবস্থার সুযোগ গ্রহণে আগ্রহ প্রকাশ করেছেন ৷ বর্তমানে সেন্ট জেভিয়ার্স কলেজে স্নাতকোত্তর স্তরে এমএসসি ইন ডেটা সায়েন্স ও এমএসসি ইন কম্পিউটার সায়েন্স পড়ানো হয় ৷ আগামী শিক্ষাবর্ষ থেকে এই পাঠ্যক্রমের সঙ্গে কৃত্রিম মেধা বিষয়টি যুক্ত করা হবে ৷ সর্বশেষ সেমিস্টারে পড়ুয়ারা এআই-এর ব্যবহারিক দিক, বাস্তব প্রয়োগ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রশিক্ষণ পাবেন ৷ 2027 সাল থেকেই কৃত্রিম মেধায় স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ মিলবে ৷

সম্প্রতি কলেজের উদ্যোগে ডেটা ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্স ও ইনোভেশন বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করা হয় ৷ তিন দিনের এই সম্মেলনে বিভিন্ন শিল্প সংস্থার প্রতিনিধিরা ও তথ্য বিশ্লেষণ বিশেষজ্ঞরা অংশ নেন ৷ কলেজ কর্তৃপক্ষের মতে, এই ধরনের উদ্যোগ পড়ুয়াদের এআই ও আধুনিক প্রযুক্তি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনে সহায়ক হবে ৷

এদিকে, 16 জানুয়ারির সমাবর্তন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইন্ডিয়ান স্ট্যাটিসটিক্যাল ইনস্টিটিউট, কলকাতার প্রাক্তন অধিকর্তা সংঘমিত্রা বন্দ্যোপাধ্যায় ৷ ওই দিন স্নাতক, স্নাতকোত্তর, বিএড ও পিএইচডি মিলিয়ে মোট 565 জন পড়ুয়াকে সম্মানিত করা হবে ৷ সমাবর্তনের অঙ্গ হিসেবে প্রথমবার ‘জ্যাবাথন 2026’ নামে একটি ম্যারাথনের আয়োজন করছে কলেজ ৷ আগামী 11 জানুয়ারি সকালে কলকাতা পুলিশের কমিশনার মনোজকুমার বর্মা এই ম্যারাথনের সূচনা করবেন ৷ পাশাপাশি পরিবেশ সচেতনতার বার্তা দিতে এক বছরে 50 হাজার বৃক্ষরোপণের কর্মসূচিও হাতে নিয়েছে সেন্ট জেভিয়ার্স কলেজ ৷