শিক্ষক নিয়োগে অতিরিক্ত সময় চেয়ে সুপ্রিম কোর্টে এসএসসি, জানালেন শিক্ষামন্ত্রী
শুক্রবার নিউটাউনে নিজের বই প্রকাশ করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ সেখানেই তিনি এই কথা বলেছেন৷

Published : December 12, 2025 at 7:48 PM IST
কলকাতা, 12 ডিসেম্বর: নবম-দশম ও একাদশ-দ্বাদশ শ্রেণির জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া 31 ডিসেম্বরের মধ্য়ে শেষ করার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট৷ সেই সময়সীমা শেষ হতে বাকি আর কয়েকটা দিন৷ এখন যা পরিস্থিতি, তাতে নির্ধারিত সময়ের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ হবে না-বলেই মনে করছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি৷ সেই কারণেই তারা সময়সীমা বৃদ্ধি করার জন্য আবার শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে৷
শুক্রবার এই তথ্যই জানিয়েছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু৷ তিনি বলেন, ‘‘এসএসসির কাছে স্বচ্ছতা এবং মেধা একমাত্র গুরুত্ব। আমার ধারণা ওরা আদালত থেকে দিন 15 অতিরিক্ত সময় চাইবে। আমার সঙ্গে সেই মোতাবেক কথা হয়েছে।’’ এসএসসি আগেই জানিয়েছিল, 19 ডিসেম্বর সুপ্রিম কোর্টে শীতকালীন অবকাশ শুরু হওয়ার আগেই আবেদন জমা দিতে চাইছে রাজ্য।
ইতিমধ্যে এসএসসির তরফে এই নিয়ে শীর্ষ আদালতে আবেদন জানানো হয়েছে। এসএসসির এক কর্তা বলেন, "আমরা ইন্টারভিউ সময়সীমা বাড়ানোর জন্য সুপ্রিম কোর্টে গিয়েছি। পুরো প্রক্রিয়া সম্পূর্ণ করতে আরও সময় লাগবে আমাদের।" শিক্ষা দফতর সূত্রে খবর, এসএসসি নবম-দশম শ্রেণীর নিয়োগের জন্য অতিরিক্ত সময় চাইছে তিন মাস৷ একাদশ-দ্বাদশ শ্রেণীর জন্য 15 দিন অতিরিক্ত সময় চাওয়া হচ্ছে।
এদিকে, 15 ডিসেম্বরের মধ্যে বাংলা ইংরেজি-সহ ছ’টি বিষয়ে ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। গত নভেম্বরেই শেষ হয়েছে বাংলা ও ইংরেজির ইন্টারভিউ। 4 ডিসেম্বর থেকে শুরু হয়েছে কম্পিউটার সায়েন্স, বাণিজ্য, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাসের ইন্টারভিউ। তা এখনও চলছে।

অন্যদিকে শুক্রবার এসএসসি-র তরফে প্রকাশ করা হবে নবম-দশমের ইন্টারভিউ তালিকা। একাদশ-দ্বাদশ এবং নবম-দশম মিলিয়ে যদি কোনও যোগ্য শিক্ষক বাদ চলে যায়, তাহলে সেক্ষেত্রেও গুরুত্ব সহকারে দেখবে শিক্ষা দফতর। শুক্রবার নিউটাউনে নিজের বই উদ্বোধন করতে এসে এমনটাই জানালেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘‘এসএসসি-কে আমি অভিনন্দন জানাবো নবম-দশমের ফল প্রকাশ করে ভেরিফিকেশনের দিকে যাচ্ছে। পুরো প্রক্রিয়া শেষ হওয়ার পর সামান্য মুষ্টিমেয় যা বাকি থাকবে, সেই নিয়ে আমার মুখ্যমন্ত্রীর সঙ্গে এক প্রস্থ আলোচনা হয়েছে। মুখ্যমন্ত্রী তাঁদের বিষয়ে যথেষ্ট কনসার্ন। তবে আইনি বেশ কিছু বিষয় রয়েছে। সেই বিষয়ে আমি এখন কিছু বলব না। কিন্তু যোগ্য যাঁরা বাকি থাকবে, তাঁদের ক্ষেত্রে আমাদের সরকার বিষয়টিকে সদর্থক এবং সহৃদয় ভাবে বিচার করবে।"

