নিয়োগ দূর্নীতির মামলায় এবার কি কল্যাণময়ের জামিন ? মঙ্গলবার ফের শুনানি
আগামিকাল দুপুরে ফের শুনানি এই মামলার৷ আদালতের মনোভাব থেকে স্পষ্ট, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন পাওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷

Published : November 17, 2025 at 6:20 PM IST
কলকাতা, 17 নভেম্বর: নিয়োগ দূর্নীতি মামলায় এবার কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেতে চলেছেন মধ্যশিক্ষা পরিষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়৷ সোমবারই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শর্ত সাপেক্ষে কল্যাণময়ের জামিন মঞ্জুর করে দিচ্ছিলেন৷ বিচারপতি বলেন, "যে সাক্ষীদের বয়ান গ্রহণ বাকি আছে, তাদের সাক্ষ নেওয়া হয়ে গেলেই জেল থেকে ছেড়ে দিতে নির্দেশ দিচ্ছি ৷"
কিন্তু, প্রথমে কল্যাণময়ের পক্ষের আইনজীবীরাই আপত্তি করে বলেন, "নিম্ন আদালতে এই মামলার পরবর্তী শুনানি জানুয়ারি মাসে৷ এতদিন জেলে থাকবেন তিনি? সমস্ত অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছেন এই মামলায়৷" সিবিআইয়ের পক্ষ থেকেও আপত্তি করে জানান হয়, "এখনও একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষীর বয়ান গ্রহণ করা হয়নি৷ আগে সাক্ষীদের বয়ান নেওয়ার কাজ শেষ হোক ৷ নাহলে সাক্ষীরা প্রভাবিত হতে পারেন৷"
কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের পক্ষে আইনজীবী সন্দীপন গাঙ্গুলি জানতে চান, "গুরুত্বপূর্ণ কোন সাক্ষীর বয়ান নেওয়া এখনও বাকি রয়েছে? সমস্ত সাক্ষীরই তো সাক্ষ গ্রহণ হয়ে গিয়েছে? "
সিবিআইয়ের আইনজীবী ধীরজ ত্রিবেদী বলেন, "তাহলে সময় দেওয়া হোক আগামিকালই সাক্ষীদের তালিকা আদালতকে দেওয়া হবে ৷" তারপরই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ মামলার শুনানি আজকের মতো মুলতুবি করেছেন৷ আগামিকাল দুপুরে ফের শুনানি এই মামলার৷ তবে আদালতের মনোভাব থেকে স্পষ্ট, কল্যাণময় গঙ্গোপাধ্যায়ের জামিন পাওয়া এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা ৷
কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে সিবিআই 2022 সালের সেপ্টেম্বর মাসে গ্রেফতার করে৷ নিয়োগ সংক্রান্ত একাধিক কমিটিতে যুক্ত ছিলেন কল্যাণময়৷ তিনি বেয়াইনি চাকরি প্রাপকদের হাতে নিয়োগপত্র তুলে দিতেন বলে অভিযোগ ওঠে৷ সিবিআই তাঁকে জিজ্ঞাসাবাদ করতে গিয়ে সন্তোষজনক উত্তর না পাওয়ায় গ্রেফতার করে তাঁকে ৷ এরপর 2023 সালের নভেম্বর মাসে কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেলেও সিবিআই অন্য মামলায় ফের তাঁকে গ্রেফতার করে নেয়৷ তাঁর পক্ষে আদালতে সওয়াল করা হয়, 'বছরের পর বছর ধরে গ্রেফতার করে রাখার যুক্তি কী? মুল অভিযুক্তরা একেএকে জামিন পেয়ে গেলেন৷ সিবিআই এখনও কী তদন্ত করছে যে তাঁকে জেলে রাখা হচ্ছে?

