ETV Bharat / state

এসএসসি দুর্নীতি মামলায় পার্থ–অর্পিতাকে ইডির তলব

2022-এ প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় পার্থ চট্টোপাধ্যায়-অর্পিতা মুখোপাধ্যায়কে গ্রেফতার করেছিল ইডি৷ এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই আগেই হেফাজতে নিয়েছিল পার্থ-অর্পিতাকে৷ এখন দু’জনে জামিনে রয়েছেন৷

SSC RECRUITMENT SCAM CASE
পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ইডির তলব (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 2, 2026 at 4:00 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মার্চ: চলতি বছরের গোড়ায় জামিন পেয়ে জেলের বাইরে এসেছেন রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্য়ায়৷ আবার তাঁকে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)৷ এবার তাঁকে তলব করা হল স্কুল সার্ভিস কমিশনে (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায়৷

ইডি সূত্রে জানা গিয়েছে যে আগামিকাল (মঙ্গলবার) দোল৷ তার পরই বেহালা পশ্চিমের বিধায়ককে জিজ্ঞাসাবাদের জন্য সল্টলেকের দফতরে হাজির হতে বলা হয়েছে৷ তবে পার্থ চট্টোপাধ্যায় একা নন, ডাকা হয়েছে তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়কেও৷ তাঁকেও দোলের পর সল্টলেকের দফতরে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে বলা হয়েছে৷

SSC Recruitment Scam Case
সল্টলেকে ইডির দফতর (ফাইল ছবি)

2022 সালের জুলাই মাসে রাজ্যের তৎকালীন শিল্পমন্ত্রী এবং সেই সময় তৃণমূল কংগ্রেসের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে হানা দেয় ইডি৷ প্রায় দু’দিন ধরে তাঁর বাড়িতে তল্লাশি চলে এবং তাঁকে জিজ্ঞাসাবাদও করেন তদন্তকারী আধিকারিকরা৷ পরে তাঁকে গ্রেফতার করা হয়৷

পার্থর বাড়িতে ইডির আধিকারিকরা থাকাকালীনই তাঁর ঘনিষ্ঠ বলে পরিচিত অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাটে তল্লাশি চালান তদন্তকারীরা৷ সেই ফ্ল্যাট থেকে কয়েক কোটি টাকা নগদ, সোনার গয়না ও অন্য অনেক নথি উদ্ধার হয়৷ পরে অর্পিতার অন্য একটি ফ্ল্যাট থেকেও উদ্ধার হয় কয়েক কোটি টাকা৷ সেখানেও সোনার গয়না ও আরও অনেক নথি উদ্ধার করে ইডি৷ দু’টি ফ্ল্যাট থেকে প্রায় 50 কোটি টাকা উদ্ধার হয়৷ অর্পিতাকেও গ্রেফতার করা হয়৷

ওই ঘটনা রাজ্য রাজনীতি শোরগোল ফেলে দিয়েছিল৷ ইডি সেই সময় পার্থ ও অর্পিতাকে প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করেছিল৷ পরে সিবিআই একই মামলায় তাঁদের ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে হেফাজতে নেয়৷ ওই মামলাতে জেলবন্দি থাকাকালীন এসএসসি নিয়োগ দুর্নীতি মামলাতেও পার্থ চট্টোপাধ্য়ায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে ‘শোন অ্যারেস্ট’ দেখিয়ে হেফাজতে নেয় সিবিআই৷

তবে এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় এখনও পর্যন্ত ইডির জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়নি পার্থ ও অর্পিতাকে৷ এবার সেই পরিস্থিতিও তৈরি হল৷ সম্ভবত চলতি সপ্তাহে তাঁদের ইডির দফতরে গিয়ে তদন্তকারীদের প্রশ্নের মুখোমুখি হতে হবে৷ প্রশ্ন উঠছে, এতদিন পর কেন তাঁদের তলব করা হল? তাঁরা জেলবন্দি থাকাকালীন কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? তাছাড়া অর্পিতা মুখোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়ের চেয়ে অনেক আগেই জামিন পেয়েছেন৷ তাহলে তাঁকে আগে কেন তলব করা হয়নি? পার্থর সঙ্গেই কেন অর্পিতাকে ডাকা হল? তাহলে তাঁদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের পরিকল্পনা করছে ইডি?

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সূত্রে জানা গিয়েছে, এসএসসি মামলার তদন্তে বেশ কিছু নথি ও সাক্ষ্যপ্রমাণে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের নাম উঠে এসেছে। সেই সূত্র ধরেই দু’জনকে জিজ্ঞাসাবাদের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তাঁদের একসঙ্গে জিজ্ঞাসাবাদ করা হবে কি না, সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়৷

তাছাড়া তদন্তের স্বার্থে আরও কয়েকজনকে ডাকার পরিকল্পনাও রয়েছে বলে ইডি সূত্রে জানা গিয়েছে। পাশাপাশি একাধিক চাকরিপ্রার্থীর বয়ান নথিবদ্ধ করার প্রক্রিয়াও শুরু হতে পারে। সামনেই বিধানসভা ভোট৷ প্রশ্ন উঠছে, তার আগে কি এ রাজ্যে দুর্নীতির মামলায় ফের বড় কোনও পদক্ষেপ করতে চলেছে ইডি?

আরও পড়ুন -

  1. জেলমুক্ত পার্থ পেলেন বিধানসভার 2 গুরুত্বপূর্ণ কমিটির দায়িত্ব
  2. জেলমুক্তির এক মাস পর বিধানসভায় পৌঁছল পার্থর চিঠি, স্ট্যান্ডিং কমিটিতে ঠাঁই নিয়ে তুঙ্গে জল্পনা
  3. হাসপাতালে ভর্তি পার্থ, বাথরুমে পড়ে গিয়ে গুরুতর আহত প্রাক্তন শিক্ষামন্ত্রী