ETV Bharat / state

লালের পর সবুজ, শ্রীলঙ্কার বিরল প্রজাতির মাকড়সার দেখা মিলল কেশপুরে

লাল রঙের পর সবুজ মাকড়সা ৷ শ্রীলঙ্কার অলিওস মিলেটির প্রজাতির মাকড়সার দেখা পাওয়া গেল পশ্চিম মেদিনীপুরের কেশপুরের গ্রামে ৷

RARE SPECIES SPIDER IN BENGAL
শ্রীলঙ্কার বিরল মাকড়সার দেখা মিলল কেশপুরে (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 7, 2026 at 8:04 PM IST

3 Min Read
Choose ETV Bharat

কেশপুর, 7 জানুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার জীববৈচিত্র্য অনন্য ! লাল রঙের পর এবার সবুজ রঙের মাকড়সার দেখা মিলল কেশপুরে । তথ্য অনুযায়ী, শ্রীলঙ্কার অলিওস মিলেটির (Olios Milleti) প্রজাতির এই মাকড়সা গাছের পাতায় মিশে থাকে ৷ রঙ সবুজ হওয়ায় সাধারণভাবে চোখে পড়ে না। সেই সুযোগে মধু খেতে আসা মৌমাছি, প্রজাপতিদের অতর্কিতে শিকার করে । সেই সঙ্গে, মশাও শিকার করে এরা । এমনকী, কখনও কখনও নিজের আকৃতির থেকে বড় শিকারকেও কাবু করে কামড়ে বিষ ঢেলে দেয় ।

পশ্চিম মেদিনীপুর জেলার জীববৈচিত্র্য অতি সমৃদ্ধ বলেই অনুমান গবেষকদের। রকমারি ওষধি গাছের পাশাপাশি রয়েছে রকমারি পতঙ্গ ও প্রাণি। আর সেই কারণে, বিভিন্ন এলাকা থেকে নতুন উদ্ভিদ যেমন আবিষ্কার হয় তেমনই নতুন প্রাণীরও সন্ধান পাওয়া যায় ।

2020 সালে পশ্চিম মেদিনীপুরে লাল মাকড়সার সন্ধান পাওয়া গিয়েছিল ৷ এবার দেখা মিলল সবুজ মাকড়সার । কেশপুরের কলাগ্রামে শ্রীলঙ্কার বিশেষ এই প্রজাতির মাকড়সার দেখা পাওয়া গিয়েছে ৷ কেশপুরের কলাগ্রামে খুঁজে পেলেন অলিওস মিলেটি। জানা গিয়েছে, পোকা না-পেলে ফুলের রেনু, মধু দিয়েও পেট ভরায় বিরল প্রজাতির এই মাকড়সা ।

RARE SPECIES SPIDER IN BENGAL
এর আগে পশ্চিম মেদিনীপুরেই দেখা মেলে লাল মাকড়সার (ইটিভি ভারত)

এই বিষয়ে কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সুমন প্রতিহার বলেন, "অলিওস মিলেটি হল অলিওস গণের একটি প্রজাতি । ভারত ও শ্রীলঙ্কায় এই ধরনের মাকড়সার দেখা পাওয়া যায় । কিন্তু, পশ্চিম মেদিনীপুরে এর আগে কখনও এই ধরনের মাকড়সার দেখা পাওয়া যায়নি ।" অলিওস গণের সবুজ মাকড়সার সন্ধান পশ্চিম মেদিনীপুরের জীববৈচিত্রকে আরও সমৃদ্ধ করবে বলেই আশাবাদী প্রাণিবিদ্যার এই অধ্যাপক ।

উল্লেখ্য, ভাদুতলার জঙ্গল লাগোয়া হরিনামারি থেকে সম্প্রতি লিভারওয়ার্ট প্রজাতির এক নতুন উদ্ভিদের আবিষ্কার করেন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গবেষকরা । নয়া প্রজাতির এই উদ্ভিদের নামকরণ করা হয়েছে পশ্চিমবঙ্গের নামে ‘ফসমব্রোনিয়া বেঙ্গলিনেসিস’ বলে । আবার 2020 সালে মেদিনীপুর সদর ব্লকেরই নয়াগ্রামে কেশপুর সুকুমার সেনগুপ্ত মহাবিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক সুমন প্রতিহার ও স্নাতক দ্বিতীয় বছরের ছাত্র চন্দন দণ্ডপাট‌ খুঁজে পেয়েছিলেন ‘মেগালোমর্ফ’ মাকড়সা । ‘ইডিয়পস’ গণের এই মাকড়সাও প্রথম আবিষ্কার হয় এখা‌ন থেকে । তাই তার মেদিনীপুরের নামে নাম রাখা হয় ‘ইডিয়পস মেদিনী’ । সেটি ছিল লাল রঙের ।

অধ্যাপক সুমন প্রতিহার জানান, মাটির ভেতর গর্ত খুঁড়ে বাসা তৈরি করে ‘ইডিয়পস’ গণের মাকড়সা । কেউ যাতে এদের উপস্থিতি টের না-পায় সেই জন্য গর্তের মুখ বন্ধ রাখে ছোট্ট একটি ঢাকনার মতো অংশ দিয়ে । তাই এদের ‘ট্র্যাপডোর স্পাইডার’ও বলা হয় । সুমনদের এই আবিষ্কার ‘ওয়ার্ল্ড স্পাইডার ক্যাটালগ’-এ নথিভুক্তও করা হয় । আবার সুমনেরই ছাত্র অভিজিৎ সেনাপতি পশ্চিম মেদিনীপুর জেলাতে যে এই মাকড়সার সন্ধান পেয়েছেন, সেটি জেলা জীব বৈচিত্রের ক্যাটালগে নথিভুক্ত করার জন্য উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি ।

পড়ুন: হেরিটেজ টয়ট্রেনের টানে গত 54 বছর ধরে শৈলরানিতে জাপানি পর্যটকের দল