SIR শুনানি'র কাজ খতিয়ে দেখলেন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান
সম্প্রতি মগরাহাটে এসআইআর শুনানির কাজ দেখতে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক সি মুরুগান ৷ এরপর কমিশনের নির্দেশে তাঁর নিরাপত্তা বেড়ে গিয়েছে ৷

Published : January 6, 2026 at 7:26 PM IST
সোনারপুর, 6 জানুয়ারি: রাজ্যজুড়ে শুরু হয়েছে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের বা এসআইআর (SIR)-এর শুনানির কাজ ৷ এবার এসআইআর শুনানির প্রক্রিয়া সরেজমিনে খতিয়ে দেখলেন নির্বাচন কমিশন বিশেষ পর্যবেক্ষক (স্পেশাল ইলেকট্ররাল রোল অবজার্ভর) সি মুরুগান ৷
মঙ্গলবার দক্ষিণ 24 পরগনার সোনারপুর বিডিও অফিসে এসআইআরের শুনানি প্রক্রিয়া খতিয়ে দেখেন তিনি ৷ এরপর সেখান থেকে সোনারপুর বিধানসভার অন্তর্গত বারুইপুর রাসমণি বালিকা বিদ্য়ালয়ের শুনানি কেন্দ্রে যান বিশেষ পর্যবেক্ষক ৷ এসআইআর শুনানিতে আসা সকল ভোটারদের পাশাপাশি আধিকারিকদের সঙ্গেও কথা বলেন তিনি ৷ বারুইপুরের পর জয়নগরের উদ্দেশ্যে রওনা দেন নির্বাচন কমিশনের বিশেষ পর্যবেক্ষক ৷
এদিন, জয়নগরের বিডিও অফিসে এসআইআরের শুনানি সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠকও করেন সি মুরুগান ৷ বৈঠকের পর জয়নগর বহুড়ু উচ্চবালিকা বিদ্যালয় এবং বহুড়ু হাইস্কুলে শুনানির কাজ খতিয়ে দেখেন তিনি ৷ এসআইআর শুনানির কাজ ঠিকঠাক চলছে কি না, তা দেখার জন্য সেখানে বেশ কিছুক্ষণ সময়ও কাটান ৷ সেখান থেকে বেরিয়ে মুরুগান বলেন, "এসআইআর শুনানির কাজ ঠিকঠাকভাবে হচ্ছে কি না, আজ সেটাই দেখলাম ৷ নির্বাচন কমিশনের নির্দেশেই আমি আজ বিডিও অফিসগুলি ঘুরে দেখলাম ৷ সাধারণ ভোটারদের সঙ্গে কথাও বলেছি ৷ এবার কমিশনের কাছে সমস্ত রিপোর্ট জমা দেব ৷"

রাজ্যজুড়ে চলছে এসআইআরের শুনানিপর্ব । প্রতিদিন 'নো ম্যাপিং' ভোটারদের ডেকে তথ্য ও নথি সংগ্রহ করছে কমিশন । তবে অনেকেরই অভিযোগ, শুনানিপর্বে ভোটারদের নানা ঝক্কি সামলাতে হচ্ছে । ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে বয়স্কদের । এই আবহে গত 29 ডিসেম্বর দক্ষিণ 24 পরগনার মগরাহাট এক নম্বর ব্লক এবং দু'নম্বর ব্লকে ভোটারদের একাংশের প্রবল বিক্ষোভের মুখে পড়েন নির্বাচন কমিশনের বিশেষ রোল পর্যবেক্ষক সি মুরুগান ৷
এসআইআর প্রক্রিয়ার শুনানিতে ভোটারদের হেনস্তা করা হচ্ছে বলে অভিযোগ তুলে তাঁর গাড়িতে হামলা চালান বিক্ষোভকারীরা ৷ ভেঙে দেওয়া হয় গাড়ির দরজার হাতল ৷ এসআইআর না-করে 100 দিনের কাজের বকেয়া টাকারও দাবি করেন বিক্ষোভকারীরা ৷ তবে, বিক্ষোভের মধ্যেই মাইক্রো অবজার্ভারদের সঙ্গে কথা বলে মুরুগান জানিয়ে দেন, তিনি সব কাজ সেরেই ফিরবেন ৷ ঘটনায় রাজ্যের ডিজিপির কাছে পূর্ণাঙ্গ রিপোর্ট তলব করা হয় নির্বাচন কমিশনের তরফে ৷ ঘটনাটিকে পুলিশের 'গুরুতর নিরাপত্তা ত্রুটি' বলে উল্লেখ করে কমিশন । এরপর সি মুরুগানের নিরাপত্তা বাড়িয়ে দেওয়া হয় ৷

