গড়িয়াহাট উড়ালপুলের নীচ থেকে 6 মাসের শিশু অপহরণ, 24 ঘণ্টার মধ্যে উদ্ধার
তদন্তের শুরুতেই গড়িয়াহাট ফ্লাইওভার সংলগ্ন এলাকা-সহ আশেপাশের সম্ভাব্য সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ট্যাক্সিটিকে চিহ্নিত করেন তদন্তকারীরা। গ্রেফতার করা হয় গাড়ির চালককে।

Published : September 1, 2026 at 7:32 AM IST
কলকাতা, 1 সেপ্টেম্বর: গড়িয়াহাট উড়ালপুলের নীচে ফুটপাতে বসবাসকারী এক মহিলার কাছ থেকে ছয় মাসের শিশুকে অপহরণের অভিযোগ। ঘটনার তদন্তে নেমে মাত্র 24 ঘণ্টার মধ্যে শিশুটিকে উদ্ধার করল বেনিয়াপুকুর থানার পুলিশ। ঘটনায় মূল অভিযুক্ত-সহ দু’জন মহিলা ও এক ট্যাক্সিচালককে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গড়িয়াহাট উড়ালপুলের নীচে স্বামী ও ছয় মাসের শিশুকে নিয়ে থাকেন আজমিরা মোল্লা। কয়েকদিন আগে মোটামুটি বছর পঁয়ত্রিশের এক অজ্ঞাতপরিচয় মহিলার সঙ্গে তাঁর পরিচয় হয়। ওই মহিলা নিয়মিত শিশুটির সঙ্গে সময় কাটাতেন বলে জানিয়েছেন ওই গৃহহীন দম্পতি।
অভিযোগ, 30 অগস্ট সকাল পৌনে 10টা নাগাদ ওই মহিলা আজমিরাকে তাঁর শিশুকন্যাকে সঙ্গে নিয়ে ট্যাক্সিতে উঠতে বলেন। গড়িয়াহাট থেকে ট্যাক্সিটি পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিংয়ে পৌঁছলে আজমিরাকে গাড়ি থেকে নেমে যেতে বলা হয়। তিনি গাড়ি থেকে নামার পরই শিশুটিকে নিয়ে ট্যাক্সিতে চম্পট দেন ওই মহিলা। এরপরেই বেনিয়াপুকুর থানার দ্বারস্থ হন শিশুটির বাবা-মা।
অভিযোগের ভিত্তিতে বেনিয়াপুকুর থানায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়। তদন্তের শুরুতেই গড়িয়াহাট ফ্লাইওভার সংলগ্ন এলাকা-সহ আশেপাশের সম্ভাব্য সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ট্যাক্সিটিকে চিহ্নিত করেন তদন্তকারীরা। গ্রেফতার করা হয় গাড়ির চালককে। পাশাপাশি, গড়িয়াহাট উড়ালপুলের নীচে থাকা বন্দনা রায় নামে আরও এক মহিলাকেও গ্রেফতার করা হয়।
তদন্তে মূল অভিযুক্ত হিসেবে মধু শেখের নাম উঠে আসে। 31 অগস্ট ভোরে দক্ষিণ 24 পরগনার বকুলতলা থানার অন্তর্গত মনিরতটে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেফতার করে পুলিশ। তাঁর কাছ থেকেই অপহৃত ছয় মাসের শিশুটিকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় কলকাতা পুলিশের অতিরিক্ত নগরপাল (গোয়েন্দা) কুনাল আগারওয়াল বলেন, "ঘটনায় আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা ।"

