ETV Bharat / state

SIR: ভিন রাজ্যের বিচারকদের থাকা-খাওয়ার কী ব্যবস্থা করা হচ্ছে ? কমিশনকে প্রশ্ন হাইকোর্টের

আলোচনার কেন্দ্রে ছিল একটাই প্রশ্ন, প্রায় 60 লক্ষাধিক নাম এখনও অ্যাডজুডিকেশনের পর্যায়ে থাকলে, এই বিপুল কাজ কত দ্রুত শেষ করা সম্ভব ?

West bengal assembly election 2026
নবান্ন-হাইকোর্ট-নির্বাচন কমিশন (ফাইল ছবি৷)
author img

By ETV Bharat Bangla Team

Published : March 2, 2026 at 9:51 PM IST

2 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 2 মার্চ: ঝুলে থাকা লক্ষ লক্ষ নাম, বাড়তে থাকা অভিযোগের পাহাড়—এসআইআর ঘিরে প্রশাসনিক চাপ যখন তুঙ্গে, তখন ফের উদ্যোগী হল বিচার বিভাগ । সোমবার ভার্চুয়াল বৈঠকে বসে পরিস্থিতি খতিয়ে দেখলেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পাল । স্পষ্ট বার্তা—ভিন রাজ্য থেকে যে বিচারকেরা আসবেন, তাঁদের থাকা-খাওয়ার বিষয়ে কী ব্যবস্থা করা হচ্ছে, তা দ্রুত জানাতে হবে নির্বাচন কমিশনকে ।

আদালত সূত্রে জানা গিয়েছে, এ দিনের বৈঠকে প্রধান বিচারপতির পাশাপাশি উপস্থিত ছিলেন বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি তপব্রত চক্রবর্তী । ভার্চুয়াল আলোচনায় যোগ দেন বিভিন্ন জেলার জেলা বিচারক, জেলা শাসক, পুলিশ সুপার এবং নির্বাচন কমিশনের প্রতিনিধিরা । আলোচনার কেন্দ্রে ছিল একটাই প্রশ্ন, প্রায় 60 লক্ষাধিক নাম এখনও অ্যাডজুডিকেশনের পর্যায়ে থাকলে, এই বিপুল কাজ কত দ্রুত শেষ করা সম্ভব ?

হাইকোর্টের অভিমত, বর্তমান পরিকাঠামোয় এত বিপুল সংখ্যক অভিযোগের নিষ্পত্তি সময়সাপেক্ষ । তাই বিচারকের সংখ্যা বাড়ানোই একমাত্র উপায়। সেই সূত্রেই ওড়িশা হাইকোর্ট ও ঝাড়খণ্ড হাইকোর্ট থেকে 100 জন করে বিচারক পাঠানোর ব্যাপারে নীতিগত সম্মতি মিলেছে । অর্থাৎ প্রথম পর্যায়ে 200 বিচারক রাজ্যে এসে এসআইআর সংক্রান্ত শুনানি ও নথি যাচাইয়ের কাজে যুক্ত হতে পারেন ।

কিন্তু প্রশ্ন উঠেছে বাস্তব ব্যবস্থা নিয়ে । এত সংখ্যক ভিন রাজ্যের বিচারকদের কোথায় রাখা হবে ? তাঁদের নিরাপত্তা, পরিবহণ, সহায়ক কর্মী—সব কিছুর রূপরেখা কী? আদালত সূত্রের দাবি, এই বিষয়ে এখনও নির্দিষ্ট পরিকল্পনা জানায়নি ভারতীয় নির্বাচন কমিশন । বৈঠকে প্রধান বিচারপতি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, কমিশনকে অবিলম্বে বিস্তারিত পরিকল্পনা জানাতে হবে । ব্যবস্থা চূড়ান্ত হলেই বিচারকদের আগমন প্রক্রিয়া শুরু হবে ।

এদিকে উৎসবের আবহেও কাজের গতি কমাতে নারাজ হাইকোর্ট । আগামী 3 ও 4 মার্চ দোল ও হোলির ছুটি থাকলেও দায়িত্বপ্রাপ্ত বিচারকদের কর্মস্থল ছেড়ে বাইরে না যাওয়ার নির্দেশ জারি করেছেন রেজিস্ট্রার জেনারেল । অর্থাৎ উৎসবের রঙের মধ্যেও অগ্রাধিকার পাচ্ছে এসআইআর-এর নিষ্পত্তি ।

প্রসঙ্গত, চূড়ান্ত তালিকা প্রকাশের পরও বিপুল সংখ্যক নাম ঝুলে থাকায় রাজনৈতিক মহল থেকে সাধারণ ভোটার—সবার নজর এখন এই প্রক্রিয়ার দিকে । শীর্ষ আদালতের নির্দেশ মেনে প্রতিটি অভিযোগ খতিয়ে দেখা বাধ্যতামূলক । সেই প্রেক্ষিতেই সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে দ্রুত যাচাই প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে সংশ্লিষ্ট মহল।

আপাতত 200 বিচারক আনার প্রস্তুতি হলেও, পরিকাঠামো ও কাজের অগ্রগতি পর্যালোচনা করে ভবিষ্যতে আরও বিচারক আনার সিদ্ধান্ত নেওয়া হতে পারে । এখন দেখার, কমিশন কত দ্রুত ভিন রাজ্যের বিচারকদের থাকার ও কাজের সুনির্দিষ্ট বন্দোবস্ত করতে পারে !