SIR : শনিবার বিকেলেই 'ভোটার ভাগ্য'! চূড়ান্ত তালিকায় আপনার নাম কীভাবে দেখবেন
সেহেতু আগামিকাল একসঙ্গে বহু ভোটার এই ওয়েবসাইটগুলিতে নিজেদের নাম খুঁজে পাওয়ার চেষ্টা করবে তাই ওয়েবসাইট ক্র্যাশ করার সম্ভাবনা কি থাকবে?

Published : February 27, 2026 at 9:53 PM IST
কলকাতা, 27 ফেব্রুয়ারি : অপেক্ষার অবসান আর মাত্র কয়েক ঘণ্টা দূরে । তারপরই স্পষ্ট হয়ে যাবে , আসন্ন বিধানসভা নির্বাচনে ঠিক কত জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন । রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে খবর, শনিবার বেলা ২টো নাগাদ অনলাইনে প্রকাশ করা হবে এসআইআর-পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা ।
নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে, নির্বাচন ঘোষণার পর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন পর্যন্ত যাঁদের নাম বিধি মেনে যুক্ত হবে, তাঁদেরও এই চূড়ান্ত তালিকায় অন্তর্ভুক্ত করা হবে ।
শুধু মোট ভোটারের সংখ্যা নয়, থাকবে খুঁটিনাটি পরিসংখ্যানও
কমিশন সূত্রের দাবি, প্রকাশিত তালিকায় মোট প্রায় 7 কোটি 8 লক্ষ ভোটারের নাম থাকবে । এই তালিকা থেকেই জানা যাবে, কত জনের নাম নিশ্চিত ভাবে রয়ে গেল । স্বভাবতই, নাম থাকা না থাকা নিয়ে রাজনৈতিক মহলের তো বটেই জনমানসেও তীব্র কৌতূহল তৈরি হয়েছে ৷ সকলের নজর এখন চূড়ান্ত ভোটার লিস্টের দিকে ।
শুধু মোট ভোটারের সংখ্যা নয়, তালিকায় থাকবে খুঁটিনাটি পরিসংখ্যানও । এ ব্যাপারে বৃহস্পতিবারই কমিশনের তরফে জানানো হয়েছিল, একসঙ্গে নয়, তিনটি আলাদা বিভাগে ভোটার তালিকা প্রকাশিত হবে ৷ সেখানে থাকবে 'অ্যাপ্রুভড', 'ডিলিটেড' এবং 'আন্ডার অ্যাডজুডিকেশন' অর্থাৎ নাম থাকলেও তার মর্যাদা আলাদা ।
কমিশন জানিয়েছে, প্রতি ক্ষেত্রে উল্লেখ থাকবে— কত জনের নাম সংযুক্ত করা হয়েছে, কত জনের নাম বাদ দেওয়া হয়েছে এবং কতগুলি আবেদন এখনও ‘অ্যাডজুডিকেশন’-এ রয়েছে, তা পুঙ্খানপুঙ্খভাবে তালিকায় থাকবে । পাশাপাশি জানানো হবে, এসআইআর শুনানিতে কত জন অনুপস্থিত ছিলেন, কত জন ভোটারকে খুঁজে পাওয়া যায়নি এবং কত জন সঠিক তথ্য না দেওয়ায় তাঁদের নাম বাদের তালিকায় রাখা হয়েছে ।
তবে আদালতের মাধ্যমে কত সংখ্যক নাম এখনও নিষ্পত্তি হয়েছে কিংবা বাদ গেছে সেই সংখ্যাটি আগামিকালের তালিকায় থাকবে না বলে কমিশন সূত্রের খবর ৷ কারণ সেই তথ্য আপলোড করার জন্য ড্যাশবোর্ড তৈরি করতে কিছুটা সময় লাগবে । সেক্ষেত্রে পরবর্তীকালে সংযোজিত তালিকায় এই তথ্য থাকবে ৷
ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা, কীভাবে দেখবেন?
চূড়ান্ত ভোটার তালিকা দেখা যাবে নির্বাচন কমিশনের নির্ধারিত ওয়েবসাইটে । এগুলি হল- https://www.eci.gov.in/https:// ceowestbengal.wb.gov.in/https://ecinet.eci.gov.in/homepage
এর পাশাপাশি রাজ্যের স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছেও পাঠানো হবে কপি । সব মহকুমা শাসকের দফতর ও ব্লক স্তরের অফিসেও রাখা থাকবে ভোটার তালিকা ।
ওয়েবসাইট ক্র্যাশ করলে?
সেহেতু আগামিকাল একসঙ্গে বহু ভোটার এই ওয়েবসাইটগুলিতে নিজেদের নাম খুঁজে পাওয়ার চেষ্টা করবে তাই ওয়েবসাইট ক্র্যাশ করার সম্ভাবনা কি থাকবে? এই বিষয় কমিশনের পক্ষ থেকে অস্বস্ত করা হয়েছে যে মাল্টিপল সার্ভার কাজ করছে তাই এমনটা হওয়ার সম্ভাবনা খুবই কম । তবুও যদি তেমনটা হয় সেই ক্ষেত্রে খুব দ্রুত সমাধানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হচ্ছে বলেও জানানো হয়েছে ৷
ভোটের আগে ভোটার তালিকা ঘিরে জল্পনা, অভিযোগ ও পাল্টা অভিযোগের আবহে সকলের নজর এখন চূড়ান্ত ভোটার তালিকার দিকে । কারণ, এই তালিকাই নির্ধারণ করবে কারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরাসরি অংশ নিতে পারবেন । সেই অর্থে শনিবার দুপুর ২টো— রাজ্যের নির্বাচনী রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মুহূর্ত ।

