ETV Bharat / state

রায়গঞ্জে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, নেপথ্যে SIR আতঙ্কের অভিযোগ

রায়গঞ্জের সুভাষগঞ্জের ঘটনা৷ মৃত বাবলু পাল এসআইআর-এর শুনানিতেও হাজিরা দিয়েছিলেন৷

SIR Panic Death
বাবলু পালের শোকাহত পরিবার (নিজস্ব ছবি)
author img

By ETV Bharat Bangla Team

Published : January 8, 2026 at 3:34 PM IST

3 Min Read
Choose ETV Bharat

রায়গঞ্জ (উত্তর দিনাজপুর), 8 জানুয়ারি: ভোটার তালিকার স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর (SIR)-এর আতঙ্কে এক বৃদ্ধ নিজেই নিজের জীবন শেষ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে৷ ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের রায়গঞ্জের সুভাষগঞ্জ এলাকায়৷ মৃতের নাম বাবলু পাল (65)৷

মৃতের স্ত্রী ননীবালা পাল জানান, বেশ কয়েকদিন থেকে ভোটার তালিকায় নাম ওঠা নিয়ে আতঙ্কে ছিলেন বাবলু পাল। বৃহস্পতিবার ভোরে গলায় মাফলার জড়িয়ে শৌচকর্ম করতে বেরিয়েছিলেন তিনি। তার পর আর ফেরেননি৷ পরে বাড়ি থেকে একশো মিটার দূরে একটি আম গাছ থেকে বাবলু পালের ঝুলন্ত দেহ উদ্ধার হয়৷

রায়গঞ্জে বৃদ্ধের ঝুলন্ত দেহ উদ্ধার, নেপথ্যে SIR আতঙ্কের অভিযোগ (ইটিভি ভারত)

উল্লেখ্য, গত নভেম্বরে রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে৷ মাসখানেকের কিছু বেশি সময় এই প্রক্রিয়ার এন্যুমারেশন পর্ব চলে৷ তার পর খসড়া তালিকা বের হয় এবং শুরু হয় শুনানি পর্ব৷ সেখানে অনেক ভোটারকেই শুনানিতে ডেকে নতুন করে নথি জমা নেওয়া হচ্ছে৷ বাবলু পালকেও শুনানিতে ডাকা হয়েছিল৷ গত মঙ্গলবার (6 জানুয়ারি) তাঁর শুনানি হয়৷ শুনানিতে ডাক পাওয়ার পর থেকেই তিনি অবসাদে ভুগছিলেন বলে অভিযোগ৷

এই বিষয়ে মৃতের ভাই রতন পাল জানান, সম্প্রতি তাঁর দাদা শুনানিতে গিয়েছিলেন। কাগজপত্র সবকিছু জমা দেওয়া হয়েছে। কিন্তু তারপরেও অবসাদে ভুগছিলেন তিনি। তাই দাদার এই মর্মান্তিক পরিণতির জন্য রতন পাল নির্বাচন কমিশনকেই দায়ী করেছেন৷ অন্যদিকে বাবলু পালের আরেক আত্মীয় রত্না পালের দাবি, মৃতের পকেট থেকে একটি নোট পাওয়া গিয়েছে৷ সেখানে লেখা ছিল যে এসআইআর আতঙ্কের জেরেই চরম পদক্ষেপ করলেন বাবলু পাল৷

SIR Panic Death
বাবলু পালের শোকাহত পরিবার (নিজস্ব ছবি)

প্রসঙ্গত, এসআইআর-এর এন্যুমারেশন পর্ব শুরু হওয়ার পর থেকেই একাধিক অস্বাভাবিক মৃত্যুর ঘটনার নেপথ্যে এই নিয়ে আতঙ্কের বিষয়টি উঠে এসেছে৷ প্রতিবারই এই নিয়ে সরব হয়েছে পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ এবারও তারা এই নিয়ে কেন্দ্রের শাসক দল বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে৷

SIR Panic Death
বাবলু পালের শোকাহত পরিবারের কাছে রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী৷ (নিজস্ব ছবি)

রায়গঞ্জের বিধায়ক তৃণমূল কংগ্রেসের কৃষ্ণ কল্যাণী বলেন, ‘‘এই পরিবার এখানে 1987 সাল থেকে আছে৷ 2002 সালে এই পরিবারের সদস্যদের নাম ছিল না ভোটার তালিকায়৷ কিন্তু তার আগে বা পরে নাম ছিল৷ পরিবারের দাবি, এসআইআর আতঙ্কেই এই ঘটনা ঘটেছে৷ অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা৷ এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত৷’’

SIR Panic Death
মৃত বাবলু কোলের ভোটার কার্ড (নিজস্ব ছবি)

এই নিয়ে পুলিশের কোনও বক্তব্য মেলেনি৷ তবে জানা গিয়েছে যে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে পুলিশের তরফে৷ ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই মৃত্যুর আসল কারণ জানা যাবে৷ যেহেতু দেহ উদ্ধার হয়েছে বাড়ির অদূরে আম গাছ থেকে, তাই সব সম্ভাবনাই খতিয়ে দেখছে পুলিশ৷

আত্মহত্যা কোনও সমাধান নয়: যদি আপনার মধ্যে কখনও আত্মহত্যার চিন্তা মাথাচাড়া দেয় বা আপনার কোনও বন্ধু বা পরিচিত এই সমস্যায় জর্জরিত হন, তাহলে ভেঙে পড়বেন না। জানবেন, এমন কেউ আছে যে আপনার যন্ত্রণা, আপনার হতাশা ভাগ করে নিতে সদা-প্রস্তুত। আপনার পাশে দাঁড়াতে তৎপর। সাহায্য পেতে দিনের যে কোনও সময়ে 044-24640050 এই নম্বরে কল করুন স্নেহা ফাউন্ডেশনে। টাটা ইন্সটিটিউট অফ সোশাল সায়েন্সের হেল্পলাইন নম্বরেও (9152987821) কল করতে পারেন। এখানে ফোন করতে হবে সোমবার থেকে শনিবার সকাল 8টা থেকে রাত 10টার মধ্যে।

আরও পড়ুন -

  1. এসআইআর শুনানিতে আতঙ্ক, নৈহাটিতে হৃদরোগে মৃত্যু 63-র প্রৌঢ়ার
  2. রাজ্যে ফের SIR আতঙ্কে মৃত্যু ! ফুলবাড়িতে উদ্ধার ঝুলন্ত দেহ
  3. নাকে অক্সিজেনের নল লাগিয়ে SIR শুনানিতে, পরের দিনই আতঙ্কে মৃত্যু জয়নগরের বৃদ্ধের !