ETV Bharat / state

SIR: চূড়ান্ত তালিকা প্রকাশের পরও ঝুলে রইল 60 লাখের বেশি নাম !

বিধানসভা নির্বাচনের মনোনয়নের শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে এই তালিকার নিষ্পত্তি চলবে বলে কমিশনের ইঙ্গিত । অর্থাৎ ভবিষ্যতে আরও নাম বাদ পড়ার সম্ভাবনা থাকছে ।

SIR
রাজ্যের সিইও মনোজ আগরওয়াল (নিজস্ব চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : February 28, 2026 at 9:36 PM IST

4 Min Read
Choose ETV Bharat

কলকাতা, 28 ফেব্রুয়ারি: ছোটগল্পের সংজ্ঞা লিখতে গিয়ে কবিগুরু লিখেছিলেন, 'শেষ হয়েও হইল না শেষ '! শনিবার কমিশনের চূড়ান্ত তালিকা প্রকাশের পর রবি ঠাকুরের সেই ছোটগল্পের সংজ্ঞার সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই !

এসআইআর-পরবর্তী চূড়ান্ত ভোটার তালিকা এদিন প্রকাশ হয়েছে বটে, কিন্তু ‘চূড়ান্ত’ শব্দটির আড়ালেই যেন রয়ে গেল এক বড় প্রশ্নচিহ্ন ! 60 লক্ষ 6 হাজার 675 জন ভোটারের নাম এখনও 'বিবেচনাধীন'। অর্থাৎ তালিকায় নাম থাকলেও তাঁদের নথি নিষ্পত্তি শেষ হয়নি । ফলে এই বিপুল সংখ্যক ভোটারের ভবিষ্যৎ নিয়ে রাজনৈতিক মহল থেকে সাধারণ মানুষের কৌতূহল তুঙ্গে ।

শনিবার প্রকাশিত তালিকা অনুযায়ী, রাজ্যের মোট ভোটার সংখ্যা 7 কোটি 4 লক্ষ 59 হাজার 284। এর মধ্যে পুরুষ 3,60,22,642 জন, মহিলা 3,44,35,260 জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার 1,382 জন। লিঙ্গ অনুপাত 956—অপরিবর্তিত। সংশোধন পর্বে নতুন করে যুক্ত হয়েছেন 1,82,036 জন, বাদ পড়েছে 5,46,053টি নাম ।

তবে নজর কেড়েছে 'বিচারাধীন' ট্যাগ । কমিশন সূত্রে খবর, সংশ্লিষ্ট ভোটারদের ক্ষেত্রে ইআরও এবং এইআরও-দের সিদ্ধান্তে সন্তুষ্ট হয়নি কমিশন । উলটে এ ব্যাপারে কমিশন নিযুক্ত মাইক্রো অবজারভারেরা ভিন্ন মত দেন । পরে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায় । শেষ পর্যন্ত এই 60 লক্ষেরও বেশি ভোটারের নথি নিষ্পত্তির দায়িত্ব বিচারকদের হাতে তুলে দেয় সুপ্রিম কোর্ট । ফলে চূড়ান্ত তালিকায় নাম প্রকাশিত হলেও আপাতত তাঁদের 'বিচারাধীন' হিসেবেই রাখা হয়েছে । বিধানসভা নির্বাচনের মনোনয়নের শেষ দিন পর্যন্ত ধাপে ধাপে এই তালিকার নিষ্পত্তি চলবে বলে কমিশনের ইঙ্গিত । অর্থাৎ ভবিষ্যতে আরও নাম বাদ পড়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না ।

পটভূমি আরও জটিল । গত 27 অক্টোবর বিশেষ নিবিড় সংশোধনের কথা ঘোষণা করেছিল কমিশন । তখন মোট ভোটার ছিলেন 7 কোটি 66 লক্ষ 37 হাজার 529। এনুমারেশন শেষে 16 ডিসেম্বর প্রকাশিত খসড়া তালিকা থেকে বাদ পড়েন 58 লক্ষ 20 হাজার 899 জন। তালিকায় নাম ওঠে 7 কোটি 8 লক্ষ 16 হাজার 630 জনের । সেই 7 কোটি 8 লক্ষের মধ্যে প্রায় 1 কোটি 52 লক্ষ ভোটারকে শুনানির জন্য চিহ্নিত করা হয় । ‘নো-ম্যাপিং’ ভোটার—যাঁরা 2002 সালের শেষ এসআইআরের সঙ্গে লিঙ্ক দেখাতে পারেননি—তাঁদের সংখ্যা 31 লক্ষ 68 হাজার 426। বাকি 1 কোটি 20 লক্ষ ভোটারকে তথ্যগত অসঙ্গতির অভিযোগে শুনানিতে ডাকা হয় । সব মিলিয়ে প্রায় 1 কোটি 42 লক্ষ ভোটারের শুনানি হয় ।

এই বিপুল শুনানি প্রক্রিয়াকে কেন্দ্র করেই রাজ্য ও কমিশনের মধ্যে সংঘাত চরমে ওঠে । 82 লক্ষ ভোটারের নথি নিয়ে ইআরও ও এইআরও-দের সঙ্গে সহমত হয় কমিশন । শুনানির ভিত্তিতে 5 লক্ষের বেশি নাম বাদ দেওয়া হয়েছে বলে জানানো হয় । কিন্তু বাকি অংশের নিষ্পত্তি নিয়ে মতভেদ থেকেই যায়—যার ফল চূড়ান্ত তালিকা প্রকাশের পরও 'বিচারাধীন' 60 লক্ষ নাম !

শনিবার প্রকাশিত তালিকায় ভোটারদের 'ক্যাটেগরি' আকারে চিহ্নিত করা হয়েছে । যাঁরা বাদ পড়েছেন, তাঁদের পাশে 'ডিলিটেড । যাঁদের নথি যাচাই শেষ হয়নি, তাঁদের ক্ষেত্রে 'বিচারাধীন' । আর যোগ্য হিসেবে স্বীকৃতদের 'অ্যাপ্রুভড' ।

এসআইআর প্রক্রিয়ার পদ্ধতিগত ত্রুটি নিয়ে একাধিক রাজনৈতিক দল প্রশ্ন তুলেছিল। তালিকা প্রকাশের সময় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল স্বীকার করেন, "কিছু ভুলভ্রান্তি হয়েছে ।" তবে তাঁর দাবি, এত বৃহৎ প্রক্রিয়ায় এই ত্রুটি নিতান্তই সামান্য এবং যেখানে ভুল ধরা পড়েছে, সেখানে কমিশন ব্যবস্থা নিয়েছে।

কমিশন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জানা যাচ্ছে, দার্জিলিং জেলায় মোট ভোটার 10 লক্ষ 68 হাজার 420 জনের মধ্যে বিচারাধীন রয়েছে 6 হাজার 625 জনের নাম । একইভাবে হুগলি জেলায় মোট 44 লক্ষ 40 হাজার 293 জন ভোটারের মধ্যে বিচারাধীন 1 লক্ষ 73 হাজার 68 জন ৷ দক্ষিণ দিনাজপুরে মোট ভোটার 12 লক্ষ 32 হাজার 65 জনের মধ্যে 1 লক্ষ 32 হাজার 258 জনের নাম বিচারাধীন৷

তবু প্রশ্ন রয়ে যায়—ভোটের আগে 60 লক্ষের এই অনিশ্চয়তা শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে ? চূড়ান্ত তালিকা প্রকাশের দিনেও তাই ‘চূড়ান্ত’ নয়, বরং অনিশ্চয়তারই ছায়া দীর্ঘতর ।