ETV Bharat / state

অন‍্য মহিলাকে মা সাজিয়ে এসআইআরের ফর্ম ফিলাপ ! শুনানির নোটিশ পেতেই বিএলও-কে 'হুমকি' শাহজাহান ঘনিষ্ঠের

মা জীবিত রয়েছেন ৷ তারপরও অন‍্য মহিলাকে মা সাজিয়ে SIR এনুমারেশ ফর্ম ফিলাপ যুবকের ৷ শুনানির নোটিশ আসায় বিএলওকে হুমকির অভিযোগ শাহজাহান ঘনিষ্ঠের বিরুদ্ধে ৷

SIR IN BENGAL
শেখ শাহজাহানের সঙ্গে অভিযুক্ত বাংলাদেশি যুবক (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Bangla Team

Published : December 28, 2025 at 9:04 PM IST

4 Min Read
Choose ETV Bharat

হিঙ্গলগঞ্জ, 28 ডিসেম্বর: মা জীবিত ! অথচ, তাঁকে 'মৃত' দেখিয়ে প্রতিবেশী এক মহিলাকে 'মা' সাজিয়ে এসআইআর-এর ফর্ম ফিলাপ করেন বাংলাদেশি যুবক ! এরপর নির্বাচন কমিশনের শুনানির নোটিশ পাওয়ায় বিএলও-কে হুমকির অভিযোগ উঠল শাহজাহান ঘনিষ্ঠ খাইরুল কারিগরের বিরুদ্ধে । বাংলাদেশি যুবকের কীর্তিতে শোরগোল পড়ে গিয়েছে উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জের সাহেবখালি পঞ্চায়েত এলাকায় ।

অভিযুক্ত যুবকের হুমকি পেয়ে রীতিমতো তটস্থ হয়ে রয়েছেন পুকুরিয়া গ্রামের 190 নম্বর বুথের বিএলও প্রলয় মণ্ডল । কখন কী হয়, এই ভেবে আতঙ্কে ঘুম উড়েছে তাঁর । বিএলও-এর পাশে দাঁড়িয়ে বাংলাদেশি যুবকের কীর্তিতে সরব হয়েছেন এলাকার বাসিন্দারাও । তবে, শাহজাহান সঙ্গে ঘনিষ্ঠতা কিংবা বিএলও-কে 'হুমকি' কোনও অভিযোগই মানতে চাননি অভিযুক্ত খাইরুল কারিগর । প্রশাসন অবশ্য বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে ।

শুনানি নোটিশ পেতেই বিএলও-কে হুমকি শাহজাহান ঘনিষ্ঠের (ইটিভি ভারত)

এসআইআর-এর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর এবার রাজ‍্যে শুরু হয়েছে ভোটার-শুনানি । মূলত, যেসমস্ত ভোটাররা নো-ম্যাপিংয়ের তালিকাভুক্ত, যাঁদের এন‍ুমারেশন ফর্মের সঙ্গে 2002 সালের সংশোধিত ভোটার তালিকার কোনও সংযোগ পাওয়া যায়নি, তাঁদের শুনানিতে ডাকা হয়েছে বলে খবর কমিশন সূত্রে । সেই 'আনম‍্যাপড'-এর তালিকাতে রয়েছে খাইরুল কারিগরের নাম ।

জানা গিয়েছে, কয়েক বছর আগে বাংলাদেশ থেকে ভারতে আসেন খাইরুল । এরপর পাকাপাকিভাবে বসবাস শুরু করেন হিঙ্গলগঞ্জের সাহেবখালির পুকুরিয়া গ্রামে । তাঁর মা রহিমা বিবিও থাকতে শুরু করেন খাইরুলের সঙ্গে । অভিযোগ, বসবাস করার বছর খানেকের মধ্যেই এখন জেলবন্দি শেখ শাহজাহানের ঘনিষ্ঠ হয়ে ওঠেন তিনি । তৃণমূল নেতাদের সঙ্গে ওঠাবসার দৌলতে সহজেই ভোটার এবং আধার কার্ডও তৈরি করেন ৷ পুকুরিয়া গ্রামের 190 নম্বর বুথে ছেলে-মা দু'জনেই নিয়মিত ভোটও দিয়ে আসছেন ।

SIR IN BENGAL
অভিযুক্ত বাংলাদেশি যুবক খাইরুল কারিগর (ইটিভি ভারত)

অভিযোগ, সম্প্রতি রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ায় 'জীবিত' মা-কে 'মৃত' দেখিয়ে প্রতিবেশী এক মহিলাকে মা সাজিয়ে অনলাইনে এন‍ুমারেশন ফর্ম ফিলাপ করেন খাইরুল। পরবর্তীকালে বিষয়টি বিএলও-র নজরে আসতেই তাঁর এই 'কীর্তি' প্রকাশ্যে চলে আসে । শোরগোল পড়ে যায় এলাকায় । কারচুপি করে এন‍ুমারেশন ফর্ম ফিলাপ করায় কমিশনের নিয়ম অনুযায়ী শুনানি-নোটিশ আসে খাইরুলের কাছে । এর পিছনে বিএলও-র হাত রয়েছে বলে অভিযোগ করে তাঁকে খাইরুল হুমকি দেন বলে অভিযোগ ।

বাংলাদেশি এই যুবকের সঙ্গে শাহজাহান-সহ স্থানীয় কিছু নেতার ছবিও সামনে এসেছে । বাসিন্দাদের দাবি, তৃণমূল নেতাদের সংস্পর্শে থাকায় খাইরুল এলাকায় সাধারণ মানুষের উপর অত‍্যাচারও করেন । কিছু বলতে গেলেই তাঁদের নাম করে ভয় দেখান তিনি । তাই এলাকাবাসীর দাবি, অভিযুক্ত যুবককে আইন মেনে ফেরত পাঠানো হোক ওপারে ।

এই বিষয়ে বিএলও প্রলয় মণ্ডল বলেন, "রাজনৈতিক নেতাদের নাম করে ভয় দেখান খাইরুল । কথায় কথায় বলেন, দেখে নেব । কিন্তু তাঁর কথায় ভয় পাওয়ার ছেলে আমি নই । আমি তো এখানকার স্থানীয় মানুষ, সবকিছুই জানি । আমি যতদূর জানি উনি বাংলাদেশি । ওঁকে আগে কখনও এলাকায় বসবাস করতে দেখিনি । খুবই আতঙ্কে রয়েছি । কারণ, ওঁদের তো বিশ্বাস করা যায় না । কখন কী করে দেয় ।"

স্থানীয় তৃণমূল নেতা জগবন্ধু মিস্ত্রির দাবি, "খাইরুল কারিগর বাংলাদেশ থেকে এসেছেন । এখানে আসার পর রমাপুরের কাদের কারিগরের মা-বাবার ভোটার কার্ডের তথ্য নিয়ে সে এই বুথের ভোটার হয়েছে । ওঁর মা এখনও বেঁচে আছেন । এরপরও মা'কে মৃত দেখিয়ে খাইরুল এখানে অনলাইনে ফর্ম ফিলাপ করে পাকাপাকিভাবে থাকতে চাইছেন । আমি মনে করি প্রশাসনের এই বিষয়ে পদক্ষেপ করা উচিত ।"

এদিকে, যাঁর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে সেই খাইরুল কারিগর যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন । তাঁর দাবি, "শাহজাহান কিংবা অন‍্য কোনও নেতার সঙ্গে আমার ছবি আছে প্রমাণ করে দেখান । বিএলও-র সঙ্গে আমার কী কথা হয়েছে তার সমস্ত রেকর্ডিং রয়েছে আমার ফোনে । উনি আমাকে বলেছেন অনলাইনে যাঁরা এন‍ুমারেশন ফর্ম ফিলাপ, তাঁদের ফর্ম সাবমিট করা হবে না । আমি বাংলাদেশি কি না, তা শুনানির সময় কাগজপত্র দেখালেই প্রমাণ হয়ে যাবে ।"

পডুন: 'বাংলাদেশিরাও মমতা বন্দ্যোপাধ্যায়কে ভরসা করেন', দাবি সৌগতর